প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী © টিডিসি ফটো
চলতি বছর মালয়েশিয়ায় যেতে আগ্রহী কর্মীদের অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
মন্ত্রী জানান, মালয়েশিয়ায় কর্মী পাঠানোর জন্য আগামী সপ্তাহের মধ্যেই মেডিকেল সেন্টারের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে বাংলাদেশ।
এ সময় অভিবাসন ব্যয় প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের সরকারিভাবে যেটা, সেটা ১ লাখ ৫৪ হাজার টাকা। সর্বোচ্চ দুই থেকে তিন লাখ টাকা এর মধ্যে। এটা তাদের ভাষ্য। এটা আমাদের সরকার নির্ধারিত না। কিন্তু তারা যেটা বলছে, তারা যদি সেটাতে থাকত তাহলে আমাদের এত মানুষ সাফারার হতো না।’
এদিকে সরকারি পর্যায়ে সম্পূর্ণ বিনা খরচে ১০ হাজার কর্মী মালয়েশিয়ায় পাঠানোর কার্যক্রমও শুরু করেছে একমাত্র সরকারি রিক্রুটিং এজেন্সি বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)।
প্রাথমিকভাবে মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইন কোম্পানিতে ১১২ জন কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে প্রতিষ্ঠানটি। এ নিয়োগের মাধ্যমে কর্মীদের মালয়েশিয়ায় পাঠানোর কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।
পাশাপাশি মালয়েশিয়ার পর্যটন, উৎপাদন ও কেয়ারগিভিং খাতে আরও ৫৫৮ জন কর্মী নিয়োগের অফিশিয়াল চাহিদাপত্র পেয়েছে বোয়েসেল। এসব খাতে কর্মী নিয়োগের বিষয়েও কার্যক্রম চালাচ্ছে সরকারি এ রিক্রুটিং এজেন্সি।
সরকারি ব্যবস্থাপনায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠানোর উদ্যোগের পাশাপাশি নির্ধারিত অভিবাসন ব্যয়ে কর্মী পাঠানোর বিষয়টি মালয়েশিয়ায় যেতে আগ্রহীদের জন্য গুরুত্বপূর্ণ।