নতুন জাতীয় বেতনস্কেল © টিডিসি সম্পাদিত
নতুন জাতীয় বেতনস্কেল ২০২৬-এর বেতন ও ভাতা আদেশ সংশোধন করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। সংশোধিত আদেশে অবসর-উত্তর ছুটি, নিট পেনশন ও আনুতোষিক নির্ধারণ এবং আগে নিষ্পত্তি হওয়া পেনশন ও আনুতোষিকের দাবি পুনর্নির্ধারণের বিষয়ে নতুন বিধান যুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (১১ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগের যুগ্মসচিব ড. মো. ফেরদৌস আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সংশোধিত আদেশে বলা হয়েছে, মূল আদেশের অনুচ্ছেদ ১-এর দফা (৩)-এর উপ-দফা (জ)-এর পর নতুন উপ-দফা (জজ) সংযোজন করা হয়েছে। এতে বলা হয়েছে, ১ জুলাই ২০২৬ তারিখের পর থেকে সংশোধিত আদেশ জারির তারিখ পর্যন্ত সময়ে অবসর-উত্তর ছুটি শেষে জাতীয় বেতনস্কেল, ২০১৫ অনুযায়ী আহরিত মূল বেতনের ভিত্তিতে কোনো কর্মচারীর নিট পেনশন ও আনুতোষিকের দাবি নিষ্পত্তি হয়ে থাকলে উপ-দফা (ঝ)-এর বিধান সাপেক্ষে প্রযোজ্য ক্ষেত্রে তা পুনর্নির্ধারণ করতে হবে। পুনর্নির্ধারণের ফলে অতিরিক্ত অর্থ প্রাপ্য হলে তা পরিশোধ করতে হবে।
এ ছাড়া উপ-দফা (ঝ)-এর পর নতুন দুটি উপ-দফা (ঝঝ) ও (ঝঝঝ) যুক্ত করা হয়েছে। নতুন বিধান অনুযায়ী, যেসব কর্মচারীর অবসর-উত্তর ছুটি ১ জুলাই ২০২৬ তারিখে শুরু হয়েছে, তাদের অবসর-উত্তর ছুটিকালীন বেতন ও ভাতা জাতীয় বেতনস্কেল, ২০১৫ অনুযায়ী বিশেষ সুবিধাসহ পরিশোধ করতে হবে। ছুটি শেষে তাদের নিট পেনশন ও আনুতোষিকের পরিমাণ উপ-দফা (ঙ), (চ), অনুচ্ছেদ ৫-এর উপ-দফা (জ), অনুচ্ছেদ ৭ ও ৮-এর বিধান অনুসারে নির্ধারণ ও পরিশোধ করা হবে।
অন্যদিকে, যেসব কর্মচারী ২ জুলাই ২০২৬ তারিখে বা এর পর অবসর-উত্তর ছুটিতে গেছেন কিংবা যাবেন, তাদের অবসর-উত্তর ছুটিকালীন বেতন ও ভাতা জাতীয় বেতনস্কেল, ২০২৬ অনুযায়ী উপ-দফা (ক), (খ), (গ) ও (ঞ)-এর বিধান অনুসারে পরিশোধ করতে হবে। ছুটি শেষে তাদের নিট পেনশন ও আনুতোষিকের পরিমাণ উপ-দফা (ঙ), (চ) এবং অনুচ্ছেদ ৭ ও ৮-এর প্রযোজ্য বিধান অনুসারে নির্ধারণ ও পরিশোধ করা হবে।
প্রজ্ঞাপনে মূল আদেশের অনুচ্ছেদ ৫-এও সংশোধনী আনা হয়েছে। এর উপ-দফা (জ)-এর পর নতুন ব্যাখ্যা সংযোজন করা হয়েছে। এতে বলা হয়েছে, যেসব কর্মচারীর অবসর-উত্তর ছুটি ১ জুলাই ২০২৬ তারিখের আগে শুরু হয়েছে এবং ওই তারিখে বা এর পরও চলমান রয়েছে, তাদের অবসর-উত্তর ছুটিকালীন বেতন ও ভাতা জাতীয় বেতনস্কেল, ২০১৫ অনুযায়ী বিশেষ সুবিধাসহ পরিশোধ করতে হবে।
সংশোধিত প্রজ্ঞাপন দেখুন এখানে