জাতীয় সংসদ অধিবেশন © সংগৃহীত
তৃণমূল পর্যায়ে জনগণের জরুরি চাহিদা পূরণে সংসদ সদস্যদের জন্য ১ হাজার ৫০০ কোটি টাকা বিশেষ বরাদ্দ চেয়েছে স্থানীয় সরকার বিভাগ। উপজেলা পরিষদ ও সিটি করপোরেশনের বার্ষিক উন্নয়ন তহবিল থেকে এ অর্থ সংসদ সদস্যদের অনুকূলে বরাদ্দ দেওয়ার প্রস্তাব করা হয়েছে। প্রস্তাব অনুযায়ী, ২৮৪ জন সংসদ সদস্য প্রত্যেকে পাঁচ কোটি টাকা করে পাবেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব মো. শহীদুল হাসান অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদারকে পৃথক দুটি চিঠি দিয়ে এ বরাদ্দের প্রস্তাব করেন।
চিঠি অনুযায়ী, সিটি করপোরেশন এলাকার বাইরের ২৪৮ জন সংসদ সদস্যের জন্য পাঁচ কোটি টাকা করে মোট ১ হাজার ৩২০ কোটি টাকা এবং সিটি করপোরেশন এলাকার ৩৬ জন সংসদ সদস্যের জন্য একই হারে ১৮০ কোটি টাকা বরাদ্দ চাওয়া হয়েছে।
অর্থসচিবকে পাঠানো চিঠিতে স্থানীয় সরকার বিভাগের সচিব উল্লেখ করেন, দীর্ঘদিনের বঞ্চনা ও বৈষম্যের পর জনগণের প্রত্যক্ষ ভোটে গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠিত হওয়ায় প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে। সংসদীয় ব্যবস্থা চালু হওয়ায় তৃণমূলের মানুষ তাঁদের ছোটখাটো কিন্তু জরুরি সমস্যাগুলো সংসদ সদস্যদের কাছে তুলে ধরছেন।
চিঠিতে আরও বলা হয়, সংসদ সদস্যরা নিজ নিজ নির্বাচনী এলাকায় গিয়ে মানুষের সমস্যা শুনলেও তাঁদের বিদ্যমান ঐচ্ছিক তহবিলে বরাদ্দ মাত্র পাঁচ লাখ টাকা। ফলে স্থানীয় পর্যায়ে মানুষের তাৎক্ষণিক ও জরুরি চাহিদা পূরণে এই অর্থ যথেষ্ট নয়।
প্রস্তাবিত বরাদ্দের অর্থ শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের সংস্কার, দরিদ্র মেধাবী শিক্ষার্থী এবং অসহায় মানুষের সহায়তা, ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে ব্যয়ের কথা জানিয়েছে স্থানীয় সরকার বিভাগ।
তবে সংসদ সদস্যদের সরাসরি এ ধরনের বরাদ্দ দেওয়ার প্রস্তাব নিয়ে প্রশ্ন রয়েছে। বিশ্লেষকদের মতে, উপজেলা পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশনের উন্নয়ন তহবিল থেকে সংসদ সদস্যদের অনুকূলে অর্থ বরাদ্দ দেওয়া হলে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর স্বাধীন কার্যক্রম বাধাগ্রস্ত হতে পারে।
অতীতে এ ধরনের বরাদ্দের মাধ্যমে স্থানীয় পর্যায়ে রাজনৈতিক প্রভাব বিস্তার ও স্বজনপ্রীতির সুযোগ তৈরির অভিযোগ উঠেছে। বিশেষজ্ঞদের মতে, স্থানীয় উন্নয়নকাজে আইনপ্রণেতাদের সরাসরি সম্পৃক্ততা ক্ষমতার বিকেন্দ্রীকরণ ও জবাবদিহির নীতির সঙ্গে সাংঘর্ষিক হতে পারে।
এমপিদের জন্য আরও ১৬টি প্রকল্পের উদ্যোগ
বিশেষ বরাদ্দের পাশাপাশি সংসদ সদস্যদের নির্বাচনী এলাকার অবকাঠামো উন্নয়নে আটটি বিভাগে দুটি করে মোট ১৬টি প্রকল্প নেওয়ার উদ্যোগ রয়েছে। এর মধ্যে প্রতিটি বিভাগের শহরাঞ্চলের সংসদীয় আসনগুলোর জন্য একটি এবং শহরের বাইরের আসনগুলোর জন্য আরেকটি প্রকল্প নেওয়া হবে। এসব প্রকল্পে প্রতিটি সংসদীয় আসনের বিপরীতে বছরে ১০ কোটি টাকা করে পাঁচ বছরে মোট ৫০ কোটি টাকা বরাদ্দ রাখার পরিকল্পনা রয়েছে।
এই অর্থ দিয়ে সংসদ সদস্যরা নিজ নিজ এলাকার অগ্রাধিকার অনুযায়ী রাস্তাঘাট, সেতু, কালভার্ট, হাটবাজার ও ঘাটের উন্নয়ন করতে পারবেন। এ জন্য তাঁরা নির্বাচনী এলাকার প্রয়োজনীয় কাজের তালিকা দেবেন। সেই তালিকা অনুযায়ী স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কাজ বাস্তবায়ন করবে।
স্থানীয় সরকার বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, প্রকল্পটি অনুমোদনের জন্য পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে। দ্রুত এটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় উপস্থাপনের পরিকল্পনা রয়েছে।
আগে থেকে দেওয়া হয় বিভিন্ন বরাদ্দ
সংসদ সদস্যদের নির্বাচনী এলাকার অবকাঠামো উন্নয়নে আগে থেকেই বিভিন্ন প্রকল্প ও কর্মসূচির আওতায় অর্থ বরাদ্দ দেওয়া হয়। অতীতে প্রতিটি সংসদীয় আসনের বিপরীতে ১৫ থেকে ২০ কোটি টাকা পর্যন্ত থোক বরাদ্দ দেওয়ার প্রকল্পও নেওয়া হয়েছিল। এসব অর্থ দিয়ে সংসদ সদস্যদের পছন্দ ও এলাকার অগ্রাধিকার অনুযায়ী উন্নয়নকাজ বাস্তবায়ন করা হয়েছে।
এ ছাড়া স্থানীয় সরকার বিভাগের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) এবং ইউনিয়ন পরিষদ ও সিটি করপোরেশনের উন্নয়ন সহায়তা খাত থেকেও সংসদ সদস্যদের মনোনীত বা সুপারিশ করা প্রকল্পে অর্থ দেওয়া হয়ে থাকে।
চলতি অর্থবছরে সামাজিক ও পল্লি অবকাঠামো উন্নয়নে সরকার ৬ হাজার ৫০০ কোটি টাকার পৃথক বিশেষ তহবিল বাজেটভুক্ত করেছে। এ অর্থের একটি বড় অংশ সংসদ সদস্যদের চাহিদা অনুযায়ী সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার উন্নয়নকাজে ব্যয় করা হচ্ছে।
স্থানীয় সরকার বিভাগের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরে দেশের ৩ হাজার ২৫৩টি ইউনিয়ন পরিষদের অনুকূলে মোট ৩২৯ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এ তহবিলের অর্থ মূলত সংসদ সদস্যদের মনোনীত ও সুপারিশ করা স্থানীয় যোগাযোগ ও পরিবহন অবকাঠামো উন্নয়ন প্রকল্পে ব্যয় করা হচ্ছে।
অন্যদিকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর), কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) এবং কাজের বিনিময়ে টাকা (কাবিটা) কর্মসূচির জন্যও প্রতিবছর বাজেটে বরাদ্দ রাখা হয়।
টিআর কর্মসূচির আওতায় সংসদীয় আসনভিত্তিক সংসদ সদস্যদের অনুকূলে চাল, গম ও সমপরিমাণ নগদ অর্থ বরাদ্দ দেওয়া হয়। এসব অর্থ দিয়ে দুস্থ মানুষের ঘরবাড়ি মেরামত এবং ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের সংস্কারকাজ করা হয়। কাবিখা ও কাবিটা কর্মসূচির আওতায় গ্রামীণ কাঁচা রাস্তা সংস্কার ও মাটি ভরাটের কাজেও খাদ্যশস্য ও অর্থ বরাদ্দ দেওয়া হয়।
এ ছাড়া প্রধানমন্ত্রীর বিশেষ ও ঐচ্ছিক তহবিল থেকেও সংসদীয় আসনগুলোর সামাজিক ও ধর্মীয় অবকাঠামো উন্নয়নে বিশেষ অনুদান দেওয়া হচ্ছে। চলতি অর্থবছরের বাজেটে সিটি করপোরেশন এলাকার বাইরে বিরোধী দলের সংসদ সদস্যদের নির্বাচনী এলাকায় মসজিদ, ঈদগাহ ও কবরস্থান উন্নয়নে ২০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।