ব্রিফিংয়ে কথা বলছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান © সংগৃহীত
‘গ্যাসের মূল্যবৃদ্ধি জনগণের দীর্ঘমেয়াদী কল্যাণের কথা মাথায় রেখে’ ভাইরাল সেই বক্তব্যের ফের ব্যাখ্যা দিতে গিয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘সিলিন্ডার গ্যাস শুনলেই তো ভয় পাই’। তিনি বলেন, ‘গত সপ্তাহে সিলিন্ডার গ্যাস নিয়ে একটা বক্তব্য ছিল, এটা ভাইরাল!
ভাইরাল সেই বক্তব্যের ব্যাখ্যায় জাহেদ উর রহমান বলেন, ‘যারা অর্থনীতির বেসিক বোঝেন, তারা বুঝবেন, এই দাম কমানোর জন্য সরকারের ভর্তুকির সামর্থ্য প্রায় শেষ। আমি দেখিয়েছিলাম কোথায় কোথায় আমরা কত ভর্তুকির টার্গেট ছিল, সেটা কমে এখন কোথায় গেছে। আমরা ভর্তুকি দিয়ে কমাতে পারি, কিন্তু আলটিমেটলি এটা জনগণের জন্য ক্ষতিকর হবে। সেজন্যই বলছি, বেশি দাম দীর্ঘমেয়াদে এক অর্থে কল্যাণকর। তা যদি নাও বলি, লেস হার্মফুল হবে, এভাবে বলা যেতে পারে।’
মঙ্গলবার (১০ নভেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে ব্রিফিংয়ে এসব কথা বলেন তথ্য উপদেষ্টা। তিনি বলেন, ‘একটা সমস্যা বাজারে আছে। আমরা যে দামটাকে যৌক্তিক মনে করছি, এর চাইতে কোনো কোনো জায়গায় বেশি দামে বিক্রি হচ্ছে। আমাদের সাপ্লাইয়ের ক্ষেত্রে খানিকটা সমস্যা আছে। সরকার এটা মনিটরিংয়ের চেষ্টা করছে। কিন্তু বাজার অর্থনীতিতে মনিটরিং খুব বেশি ইফেক্টিভ হয় না।
আরও খবর: প্রাথমিক শিক্ষায় ৪১৯০ কোটি টাকার উন্নয়ন কর্মসূচি অনুমোদন করেছে সরকার: ডা. জাহেদ
একই কথা চালের ক্ষেত্রেও প্রযোজ্য উল্লেখ করে তিনি বলেন, ‘যে কাজটা সরকার করতে পারে, সেটা হলো—একটা বাফার স্টক। একটা বিরাট মজুদ তৈরি করার চেষ্টা করে এবং আমাদের চাল মজুদের যে সক্ষমতা, ওটা আমরা দ্বিগুণ করে ফেলব, এটা একটু সময় লাগবে। আমরা এ কাজ শুরু করেছি অলরেডি। পুলিশ পাঠিয়ে কাজ করাটা আসলে ইফেক্টিভ হয় না। আমরা যদি বাজারে সাপ্লাই বাড়াতে পারি, সেটা হবে এবং আমরা সেই চেষ্টা করব।’
জাহেদ উর রহমান বলেন, ‘যৌক্তিকভাবে আলোচনা করে যে দাম বৃদ্ধি করা হলো, গ্যাস যদি ওই দামে বিক্রি না হয়, বেশি টাকায় কিনতে হয়, সেটার জন্য সরকারকে দায় দেওয়া যেতে পারে। সেটা অবশ্যই সরকারের ও জনগণের কল্যাণের জন্য না।’
সাংবাদিকের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘একটু সাপ্লাই সংকট আছে। গ্লোবাল এনার্জি বাজার কিন্তু খুবই আনসার্টেন হয়ে আছে। এরপরও যে দামটা ঠিক করা হয়েছে, সেই দামটাই এখন বিক্রি হওয়া উচিত এবং সেটা মনিটরিং করা হচ্ছে। এটা নিয়ে ডিসিদের সাথে মন্ত্রণালয় বৈঠকও করেছে। এরপরও যদি ঠিক না হয়, সে বিষয়ে আমাদের সতর্ক হতে হবে।’