শফিকুল ইসলাম মাসুদ © সৌজন্যে প্রাপ্ত
কিশোর গ্যাং ও মাদকের ভয়াল ছোবল থেকে তরুণদের দূরে রাখতে নির্বাচনী ইশতেহারে মিনি স্টেডিয়াম নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ। এ নিয়ে মন্ত্রণালয়ে যোগাযোগ করলে তাঁকে জানানো হয়, তাঁর এলাকায় ইতোমধ্যেই মিনি স্টেডিয়াম রয়েছে। তবে খোঁজ নিয়ে সেই স্টেডিয়ামের নামে বরাদ্দ করা ৩৮ লাখ টাকা কীভাবে ব্যয় হয়েছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম কার্যদিবসে আজ সোমবার (৯ নভেম্বর) সংসদে বক্তব্য দিতে গিয়ে এ অভিযোগ করেন এমপি মাসুদ।
তিনি বলেন, ‘আমার নির্বাচনী ইশতেহার ছিল কিশোর গ্যাং ও মাদক থেকে তরুণদের ফিরিয়ে আনতে একটা মিনি স্টেডিয়াম করা। মন্ত্রণালয়ে যোগাযোগ করলাম। মন্ত্রণালয় বলল, আপনাদের তো মিনি স্টেডিয়াম আছে। আমি বললাম, থাকলে তো আমাদের জানার কথা। পরে খোঁজ নিয়ে জানলাম, ওই মিনি স্টেডিয়ামের জন্য ৩৮ লাখ টাকা বাজেট ছিল। যার বিনিময়ে শুধুমাত্র দুটি টয়লেট করা হয়েছে, বাকি টাকা লোপাট করে খেয়ে ফেলা হয়েছে।’
জামায়াত এমপি আরও বলেন, ‘বিগত সময়ে মাঠের কথা বলে আবার যদি ফাঁকা মাঠ দেখানো হয়, তাহলে দুঃখজনক। যেটা আগে হয়েছে, বাস্তবে ফাঁকা মাঠ আছে, কিন্তু আদতে ভাউচার ছাড়া কিছুই নেই।’
এ সময় এমপির বক্তব্যের জবাবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল ইসলাম বলেন, বিষয়টি অত্যন্ত যৌক্তিক। তিনি বলেন, প্রথম পর্যায়ে যে ১২৫টি মিনি স্টেডিয়াম করা হয়েছিল, সেখানে দুটি টয়লেট ও একটি রুম করা হয়েছিল। বাকি অংশ ছিল খালি জায়গা। ‘এটাকে কোনোভাবে মিনি স্টেডিয়াম বলা যায়’ বলেও মন্তব্য করেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে ন্যূনতম তিন একর জায়গায় গ্যালারি নির্মাণসহ স্টেডিয়াম করা হচ্ছে। পাশাপাশি বিগত সময়ে মিনি স্টেডিয়াম নির্মাণে দুর্নীতির যেসব অভিযোগ উঠেছে, সেগুলোও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।