হাসিনার পাসপোর্ট আবেদনের তথ্য নাকচ পররাষ্ট্র মন্ত্রণালয় ও দিল্লি হাইকমিশনের

০৯ নভেম্বর ২০২৬, ০১:০১ PM
শেখ হাসিনা

শেখ হাসিনা © সংগৃহীত

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন বলে দাবি করেছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স। তবে এ দাবি নাকচ করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশন। 

সোমবার (৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নতুন পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরীর কাছে শেখ হাসিনার পাসপোর্টের বিষয়ে জানতে চান সাংবাদিকেরা। জবাবে তিনি বলেন, বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১-এ যোগ দিতে দুদিনের সফরে আগামীকাল মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মূলত কপ-৩১ সম্মেলন নিয়ে কথা বলছি। এ বিষয়ে (হাসিনার পাসপোর্ট) কোনো বক্তব্য নেই।

এর আগে সোমবার (৯ নভেম্বর) শেখ হাসিনার পক্ষে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করা হয়েছে বলে প্রতিবেদন প্রকাশ করে রয়টার্স। বার্তা সংস্থাটির দেখা একটি চিঠির বরাতে এ তথ্য জানানো হয়। লন্ডনভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীদের মাধ্যমে এ আবেদন করা হয়েছে।

২০২৪ সালে বাংলাদেশ ছেড়ে ভারতে যাওয়ার পর শেখ হাসিনার পক্ষ থেকে এটি এ ধরনের প্রথম যোগাযোগ বলে জানিয়েছে রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানে দীর্ঘদিনের শাসনের অবসানের পর থেকে ভারতে স্বেচ্ছানির্বাসনে রয়েছেন শেখ হাসিনা। আগামী ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা করছেন তিনি। নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদনকে দেশে ফেরার পরিকল্পনা বাস্তবায়নে এখন পর্যন্ত তার সবচেয়ে স্পষ্ট পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এ উদ্যোগকে কেন্দ্র করে বাংলাদেশে নতুন করে রাজনৈতিক ও আইনি উত্তেজনা তৈরির আশঙ্কাও রয়েছে। বর্তমানে তার দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ।

রয়টার্সকে শেখ হাসিনা জানিয়েছেন, তিনি আদালতে আত্মসমর্পণ করতে বাংলাদেশে ফিরতে চান। সোমবার তার সহযোগীরা জানান, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে দেশে ফেরার তারিখ ঘোষণা করা হবে। শেখ হাসিনার বিদ্যমান বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র অন্তর্বর্তী সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাতিল করেছে বলে জানা গেছে। এ অবস্থায় তার বাংলাদেশি নাগরিকত্বের ভিত্তিতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যু করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছেন আইনজীবীরা।

চিঠিটি দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে পাঠানো হয়। এতে আবেদন দুটি দ্রুত নিষ্পত্তির অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক বিভিন্ন সনদের অধীনে বাংলাদেশের দায়বদ্ধতার ভিত্তিতে আবেদনগুলো বিবেচনার আহ্বান জানানো হয়েছে।

এ বিষয়ে দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমান এবং ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখপাত্রদের কাছে মন্তব্য জানতে চেয়েছিল রয়টার্স। তবে তাৎক্ষণিকভাবে তাদের কাছ থেকে কোনো জবাব পাওয়া যায়নি।

প্রতিবেদনে আরও বলা হয়, ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলন দমনে প্রাণঘাতী অভিযান পরিচালনার নির্দেশ দেওয়ার অভিযোগে গত বছরের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন। তবে ভারতে অবস্থান করে তিনি এসব অভিযোগ অস্বীকার করেছেন।

শেখ হাসিনার পতনের আগে আওয়ামী লীগ ছিল বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল। ক্ষমতাচ্যুত হওয়ার পর দলটির কার্যক্রম নিষিদ্ধ করা হয়। দলটির অনেক নেতা-কর্মী কারাগারে রয়েছেন। অন্যদের অনেকে ভারতসহ বিভিন্ন দেশে স্বেচ্ছানির্বাসনে আছেন।

বিভিন্ন মেয়াদে মোট ২০ বছর বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন শেখ হাসিনা। এখনো দেশের একাংশের মানুষের মধ্যে তার সমর্থন রয়েছে। তার দেশে ফেরা রাজনৈতিক বিভাজন আরও বাড়িয়ে দিতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে রয়টার্স। তবে তার প্রত্যাবর্তনকে কেন্দ্র করে বাংলাদেশের সঙ্গে ভারতের সাম্প্রতিক টানাপোড়েন কমার সম্ভাবনাও দেখছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমটি।

নয় ব্যাংক ও দুই আর্থিক প্রতিষ্ঠানে সিনিয়র অফিসার নিয়োগ পরী…
  • ০৯ নভেম্বর ২০২৬
শেখ হাসিনার আবেদন ঢাকায়
  • ০৯ নভেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সমন্বয়ে কেন্দ্রীয় কমিটি গঠনের প…
  • ০৯ নভেম্বর ২০২৬
মায়ের কিডনি নিয়েও বাঁচলেন না জনি, ৩২ দিন পর মৃত্যু
  • ০৯ নভেম্বর ২০২৬
এইচএসসির ফল খারাপ, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জিপিএ কমান…
  • ০৯ নভেম্বর ২০২৬
ভর্তি পরীক্ষার সময়সূচি নির্ধারণে রমজান মাস বিবেচনায় রাখতে উ…
  • ০৯ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950