সংসদের চতুর্থ অধিবেশন বসছে আজ, উত্তাপ ছড়াতে পারে সরকার-বিরোধী দলে

০৯ নভেম্বর ২০২৬, ০৮:২২ AM , আপডেট: ০৯ নভেম্বর ২০২৬, ০৮:২৪ AM
ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশন © সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন বসছে আজ সোমবার (৯ নভেম্বর)। বিকেল সাড়ে ৩টায় স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে শুরু হবে অধিবেশন। চলবে আগামী ১৮ নভেম্বর পর্যন্ত। এবারের সংক্ষিপ্ত অধিবেশনে তিনটি অধ্যাদেশ ও সরকারি বিল উত্থাপন এবং সেগুলো নিয়ে আলোচনার পাশাপাশি সংবিধান সংস্কার ও গণভোটের রায় কার্যকরের বিষয়গুলো গুরুত্ব পেতে পারে। বিশেষ করে ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়ন ও গণভোটের রায় কার্যকরের পদ্ধতি নিয়ে সরকার ও বিরোধী দলের মতপার্থক্য অধিবেশনে রাজনৈতিক উত্তাপ ছড়াতে পারে।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, আগামী ১৮ নভেম্বর পর্যন্ত চলা এ অধিবেশনে সরকারি ছুটি বাদে মোট আট কার্যদিবস থাকতে পারে। রবিবার বিকেলে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদ ও কর্মসূচি চূড়ান্ত করা হয়।

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানসহ সংসদের অন্যান্য জ্যেষ্ঠ সদস্য ও হুইপরা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি জানান, সরকারি ছুটি ছাড়া প্রতিদিন বিকেল ৪টা ২০ মিনিটে অধিবেশন শুরু হবে। তবে প্রয়োজন অনুযায়ী স্পিকার অধিবেশনের সময় ও কার্যদিবসে পরিবর্তন আনতে পারবেন।

এবারের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য ১৭৪টি এবং অন্যান্য মন্ত্রীদের জন্য ৩ হাজার ৫৭৭টি প্রশ্ন জমা পড়েছে। সরকারি বিল উত্থাপন, প্রশ্নোত্তর পর্ব এবং জনগুরুত্বপূর্ণ নোটিশ নিয়ে সাধারণ আলোচনার মতো নিয়মিত কার্যক্রমও থাকবে অধিবেশনে।

তবে নিয়মিত কার্যক্রমের বাইরেও ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়ন এবং গণভোটের রায় কার্যকরের পদ্ধতি নিয়ে আলোচনা বিশেষ গুরুত্ব পেতে পারে। এসব বিষয়ে সরকার ও বিরোধী দলের মধ্যে মতপার্থক্য থাকায় অধিবেশনে রাজনৈতিক বিতর্কের সম্ভাবনা রয়েছে। যদিও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এবারের অধিবেশনে সংবিধান সংশোধনের কোনো বিল উত্থাপিত হচ্ছে না।

এদিকে সংসদ অধিবেশন নির্বিঘ্ন করতে জাতীয় সংসদ ভবন ও এর আশপাশের এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল ও বিক্ষোভ নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

এর আগে গত ২৭ আগস্ট থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন অনুষ্ঠিত হয়। ওই অধিবেশনে গুম প্রতিরোধ ও প্রতিকার বিল এবং জাতীয় মানবাধিকার কমিশন বিলসহ মোট ছয়টি গুরুত্বপূর্ণ বিল পাস হয়েছিল।

সম্ভাবনা জাগিয়েও মুখ থুবড়ে পড়েছে দেশজুড়ে সাড়া জাগানো শাবিপ্…
  • ০৯ নভেম্বর ২০২৬
বাকৃবি ক্যাম্পাসে ছুরি দেখিয়ে মোবাইল ফোন ছিনতাই, অটোচালক আটক
  • ০৯ নভেম্বর ২০২৬
সড়ক দুর্ঘটনায় আহত হওয়া সেই কুবি শিক্ষার্থীর মৃত্যু
  • ০৯ নভেম্বর ২০২৬
তিন ধাপের নবম শিক্ষক নিয়োগ ডিসেম্বরে, প্রিলিমিনারি পরীক্ষার…
  • ০৯ নভেম্বর ২০২৬
‘সুবিধা চাইতে এলে মনে রাখব’—প্রোগ্রামে না আসায় শিক্ষক-কর্মক…
  • ০৯ নভেম্বর ২০২৬
সংসদের চতুর্থ অধিবেশন বসছে আজ, উত্তাপ ছড়াতে পারে সরকার-বিরো…
  • ০৯ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950