‘প্রটোকলের ফাঁকে সেল্ফ প্রটোকল’-এর ব্যাখ্যা দিলেন এসিল্যান্ড
হবিগঞ্জের মাধবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৈত্রী রায় © সংগৃহীত
হবিগঞ্জের মাধবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৈত্রী রায় সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের চা বাগানে তোলা ছবি ও ‘প্রটোকলের ফাঁকে সেল্ফ প্রটোকল’ ক্যাপশন নিয়ে আলোচনার পর এর ব্যাখ্যা দিয়েছেন। তিনি জানিয়েছেন, গত ৪ নভেম্বর প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ মাধবপুরের দুটি শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেন। তবে তিনি কোনো চা বাগান পরিদর্শনে যাননি। প্রতিমন্ত্রীকে বিদায় জানিয়ে কার্যালয়ে ফেরার পথে চা বাগানের সৌন্দর্য দেখে সেখানে দাঁড়িয়ে ছবি তোলেন তিনি।
আজ শনিবার (৭ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এসব কথা জানান মৈত্রী রায়। সেখানে তিনি লেখেন, ‘ওকে লেট মি ক্লিয়ার...’
স্ট্যাটাসে মৈত্রী রায় বলেন, গত ৪ নভেম্বর প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের মাধবপুর উপজেলার দুটি স্কুল পরিদর্শনের কর্মসূচি ছিল। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে আমি প্রটোকলের দায়িত্বে ছিলেন। প্রতিমন্ত্রী দুটি স্কুল পরিদর্শন এবং দুপুরের খাবার গ্রহণের পর সেখান থেকেই বিদায় নেন। তিনি কোনো চা বাগান পরিদর্শনে যাননি। তাই চা বাগানে তাকে কোনো প্রটোকল দেওয়ারও প্রশ্ন আসে না।
ছবি তোলার প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, ‘আমি উনাকে বিদায় দিয়ে অফিসে ব্যাক করার সময় চা বাগানের ল্যান্ডস্কেপ দেখে আমার মনে হয়েছে এখানে দাঁড়িয়ে কিছু ছবি তোলা যায়। সেই ছবিতেই আমি ক্যাপশন দিয়েছিলাম- ‘প্রটোকলের ফাঁকে সেল্ফ প্রটোকল’। যেহেতু আমরা পার্সোনাল সময় তেমন পাই না, তাই কাজের মধ্যেই ২-৪ মিনিট নিজের জন্য বের করি। আর এটা যেহেতু আমার পার্সোনাল আইডি তাই ক্যাপশনটাও আমি হাইপোথিটিক্যাল দিয়েছিলাম।’
মৈত্রী রায় বলেন, সরকারি চাকরিতে নিজের ছবি তোলা কিংবা ব্যক্তিগত আইডি থেকে তা প্রকাশ করা যাবে না—এমন কোনো আইন তার জানা নেই।
এ ছাড়া নিজের কর্মস্থলের এলাকার সৌন্দর্য তুলে ধরাও সরকারি কর্মচারী হিসেবে তার দায়িত্ব বলে উল্লেখ করেন তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সরকারি কর্মচারী হিসেবে নিজের উপজেলার সুন্দর জায়গা প্রমোট করাটাও আমার দায়িত্ব। মাধবপুর, চুনারুঘাট, বাহুবলে ছবি তুলে মানুষ ক্যাপশন দেয় শ্রীমঙ্গল। সে জানেও না এট হবিগঞ্জ।’
গণমাধ্যমের ভূমিকা নিয়েও হতাশা প্রকাশ করেন এই কর্মকর্তা। তিনি বলেন, ‘লাস্টলি,আমি হতাশ প্রথম সারির একটা গণমাধ্যম কোনো ব্যক্তির পারমিশন ছাড়া তার পার্সোনাল ছবি এভাবে পোস্ট করেছে এবং বিতর্কিত একটি ক্যাপশন ব্যবহার করেছে।’