প্রধানমন্ত্রী
জাপান সফর শেষে ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সফরসঙ্গীরা © সংগৃহীত
চার দিনের জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিবাগত রাত ২টা ৪৮ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি শাহাদাৎ স্বাধীন তাঁর দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, বৃহস্পতিবার ২৯ অক্টোবর জাপানের স্থানীয় সময় রাত ১০টা ৫৫ মিনিটে (বাংলাদেশ সময় রাত ৭টা ৫৫ মিনিট) প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি ঢাকার উদ্দেশে টোকিও ত্যাগ করে।
গত ২৬ অক্টোবর চার দিনের রাষ্ট্রীয় সফরে জাপান যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে অংশ নেন। বৈঠকে দুই দেশের বিদ্যমান সম্পর্ক জোরদার, পারস্পরিক সহযোগিতা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।
এ ছাড়া জাপানের বিভিন্ন বেসরকারি কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর জাপান সফরে বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানো এবং দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা সম্প্রসারণ বিশেষ গুরুত্ব পায়। ব্যবসায়ী ও আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা, নতুন অর্থনৈতিক অংশীদারত্ব তৈরি এবং দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
সফরকালে জাপানে বসবাসরত প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সদস্যদের সঙ্গেও মতবিনিময় করেন প্রধানমন্ত্রী। দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠক, বিনিয়োগ ও বাণিজ্যবিষয়ক আলোচনা এবং প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময়ের মধ্য দিয়ে চার দিনের জাপান সফর শেষ করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।