হাওর-বাঁওড়, নদী ও সমুদ্রে তৈরি হচ্ছে অভয়াশ্রম: মৎস্যমন্ত্রী

২৮ অক্টোবর ২০২৬, ০৮:০৭ PM
মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ

মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ © সংগৃহীত

দেশি মাছের প্রাকৃতিক উৎপাদন বৃদ্ধি, বিলুপ্তপ্রায় প্রজাতির পুনরুদ্ধার এবং মাছের প্রজননক্ষেত্র সংরক্ষণে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়েছে সরকার। এ লক্ষ্যে হাওর-বাঁওড়, নদীনালা ও সমুদ্রে মাছের অভয়াশ্রম গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

আজ বুধবার (২৮ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে (বিএআরসি) বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) ‘বার্ষিক গবেষণা অগ্রগতি পর্যালোচনা (২০২৫-২৬) ও পরিকল্পনা প্রণয়ন (২০২৬-২৭)’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, অতীতে গবেষণার সাফল্যের কারণেই বাংলাদেশ মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। চাষের মাছের উৎপাদন, গুণগত মান ও খাদ্য ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। তবে জলবায়ু পরিবর্তন ও মানুষের অসচেতনতার কারণে প্রাকৃতিক মাছের প্রজননক্ষেত্রগুলো আজ হুমকির মুখে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরাসরি নির্দেশনায় এ সংকট মোকাবিলায় চলতি বছর থেকেই বড় বাজেট ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে সরকার। দেশি মাছের প্রাকৃতিক উৎপাদন বাড়ানোর পাশাপাশি জলজ জীববৈচিত্র্য সংরক্ষণেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

গবেষক ও বিজ্ঞানীদের উদ্দেশে মন্ত্রী বলেন, দেশি মাছের প্রজনন, জাতের উন্নয়ন এবং হারিয়ে যেতে বসা বিভিন্ন প্রজাতির পুনরুদ্ধারে গবেষণা জোরদার করতে হবে। জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলা, মাছের রোগ প্রতিরোধ এবং মানসম্মত পোনা উৎপাদন নিশ্চিত করার বিষয়েও গবেষণায় গুরুত্ব দিতে হবে।

তিনি উপকূলীয় ও সামুদ্রিক মৎস্যসম্পদের সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান জানান। একই সঙ্গে ক্ষতিকর জালের ব্যবহার বন্ধে শুধু আইন প্রয়োগের ওপর নির্ভর না করে জেলে ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর তাগিদ দেন।

নিরাপদ মাছ উৎপাদনের ওপর গুরুত্বারোপ করে আমিন উর রশিদ বলেন, মানবদেহের জন্য ঝুঁকিপূর্ণ ও ক্ষতিকর উপাদানযুক্ত খাদ্য ব্যবহার থেকে বিরত থাকতে হবে। মাছের উৎপাদন বাড়ানোর পাশাপাশি ভোক্তার জন্য নিরাপদ ও মানসম্মত মাছ নিশ্চিত করাও জরুরি।

আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের মৎস্য খাতের সম্ভাবনা তুলে ধরে মন্ত্রী বলেন, আগামী দিনে পর্যাপ্ত পরিমাণে মাছ বিদেশে রপ্তানি করতে চায় সরকার। তবে রপ্তানির ক্ষেত্রে মাছের গুণগত মানের সঙ্গে কোনো অবস্থাতেই আপস করা হবে না।

তিনি বলেন, উৎপাদন বাড়ানোর পাশাপাশি মান নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে, যাতে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের মাছের গ্রহণযোগ্যতা বজায় থাকে।

কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্যে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, দেশে মাছের উৎপাদন বাড়ানোর পাশাপাশি এর গুণগত মান নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো দূর করা জরুরি।

তিনি বলেন, মাছের স্বাদ ও গুণগত মান অনেকাংশে পানির গুণগত মানের ওপর নির্ভরশীল। তাই মাছের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি জলাশয়ের দূষণ রোধ এবং মাছের স্বাভাবিক বেড়ে ওঠার উপযোগী পরিবেশ নিশ্চিত করতে হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, নদী ও খাল খননের মাধ্যমে পানিপ্রবাহ বাড়ানো এবং জলাবদ্ধতা কমানো গেলে মাছের জন্য উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে দেশের মৎস্য খাতকে আরও সমৃদ্ধ ও এগিয়ে নিতে সংশ্লিষ্ট সবাইকে কাজ করার আহ্বান জানান তিনি।

এ সময় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিএফআরআইয়ের বিজ্ঞানী, মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা এবং জেলে প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য দেন বিএফআরআইয়ের পরিচালক ড. মো. আমিরুল ইসলাম।

চার্জার-পাওয়ার ব্যাংক ছাড়াই ব্যাটারি পাওয়ার ৪০% অবশিষ্ট রেখ…
  • ২৮ অক্টোবর ২০২৬
এমন ভিশনারি লিডারের সময়ে যদি পরিবর্তন না আনতে পারি, তাহলে …
  • ২৮ অক্টোবর ২০২৬
বিশ্ববিদ্যালয়ের শিক্ষাব‍্যবস্থা গবেষণামুখী হতে হবে: উপাচার্…
  • ২৮ অক্টোবর ২০২৬
জবিতে প্রতিষ্ঠাবার্ষিকীর জমকালো আয়োজনে থাকছে জেমস
  • ২৮ অক্টোবর ২০২৬
খাতায় শূন্যকে বানিয়েছে ৮৫, ১৩-কে ৮৩, অতঃপর জিপিএ-৫!— মামলা…
  • ২৮ অক্টোবর ২০২৬
শিক্ষাব্যবস্থার চেয়ে বড় সংস্কার আর কী হতে পারে!
  • ২৮ অক্টোবর ২০২৬