মাহদী আমিন © সংগৃহীত
জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় সেরা নির্বাচিত তরুণদের নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে আন্তর্জাতিক সম্মেলনে পাঠাতে সরকার সহযোগিতা করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন।
তিনি বলেন, দেশব্যাপী স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে জাতীয় প্রতিযোগিতার আয়োজন করা হবে। এতে চূড়ান্তভাবে বিজয়ী ও সেরা তরুণদের সরকারি অর্থায়নে জাতিসংঘের সদর দপ্তরে আন্তর্জাতিক সম্মেলনে পাঠানোর ব্যবস্থা করা হবে। আগামী বছর থেকে এ পরিকল্পনা প্রাতিষ্ঠানিকভাবে বাস্তবায়নে সরকার সব ধরনের সহযোগিতা নিশ্চিত করবে।
আজ শুক্রবার (১৬ অক্টোবর) সকালে জাতীয় সংসদের এলডি হলে ‘বাংলাদেশ ইউথ মডেল ইউনাইটেড নেশনস ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ‘ফিউচার বাংলাদেশ’-এর আয়োজনে দুই দিনব্যাপী এ সম্মেলনে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের তরুণরা জাতীয় ও বৈশ্বিক নীতি নিয়ে বিতর্কে অংশ নিচ্ছেন।
মাহ্দী আমিন বলেন, শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়া—এই তিন ক্ষেত্রের সমন্বয়ে কাজ করার পরিকল্পনা নিয়েছেন প্রধানমন্ত্রী। এর আওতায় গণিত ও পদার্থবিজ্ঞান অলিম্পিয়াড, নতুন কুঁড়ি, ক্বিরাআত ও হিফজ প্রতিযোগিতা, বিতর্ক এবং কুইজসহ বিভিন্ন মেধাভিত্তিক আয়োজনে সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে।
তরুণ প্রজন্মকে বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি উল্লেখ করে তিনি বলেন, আগামী দিনের নেতৃত্ব গড়ে উঠবে তরুণদের মধ্য থেকেই। শিক্ষা, সংস্কৃতি, শিল্প, রাজনীতি, নীতি প্রণয়ন ও সাংবাদিকতাসহ সমাজের প্রতিটি ক্ষেত্রে তাঁদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। এ জন্য সঠিক মূল্যবোধ, সততা, মেধা ও যোগ্যতার চর্চা জরুরি।
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে তরুণদের অবদানের কথা স্মরণ করে মাহ্দী আমিন বলেন, তরুণরা একটি বৈষম্যহীন ও মেধাভিত্তিক সমাজের স্বপ্ন দেখিয়েছে। সরকার এমন বাংলাদেশ গড়তে চায়, যেখানে সফলতা ও আত্মবিকাশের জন্য কোনো বিশেষ রাজনৈতিক পরিচয়ের প্রয়োজন হবে না; বরং ন্যায়বিচার, সমতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে।
তিনি বলেন, দেশের উন্নয়ন ও স্বনির্ভরতা অর্জনে তরুণদের রাজনৈতিক, অর্থনৈতিক ও শিক্ষাগত ক্ষমতায়ন জরুরি। কর্মসংস্থান সৃষ্টি, যুগোপযোগী দক্ষতা উন্নয়ন এবং মানবসম্পদ গড়ে তুলতে নীতি প্রণয়নের প্রতিটি পর্যায়ে তরুণদের মতামত ও প্রত্যাশাকে গুরুত্ব দিতে হবে। এ লক্ষ্যে আয়োজকদের আরও বেশি নীতি সংলাপ আয়োজনের আহ্বান জানান তিনি।
নিজের শিক্ষার্থী জীবনের স্মৃতিচারণ করে মাহ্দী আমিন জানান, ২০০৭ সালে সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্কের বারুক কলেজে অধ্যয়নকালে তিনিও মডেল ইউনাইটেড নেশনসে অংশ নিয়েছিলেন এবং কলেজের প্রতিনিধিত্ব করে জাতিসংঘের সদর দপ্তরে গিয়েছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. এস এম আব্দুল-আওয়াল এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. ডেভিড ডাউল্যান্ড।