স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ © সংগৃহীত
দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তাব্যবস্থার উন্নয়নে সুপারিশ প্রণয়নের জন্য আট সদস্যের একটি কমিটি গঠন করেছে সরকার। এ কমিটির আহ্বায়ক করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে। কমিটিকে আগামী দুই মাসের মধ্যে সুপারিশ দিতে বলা হয়েছে।
গত ১৩ অক্টোবর মন্ত্রিপরিষদ বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। কমিটিকে আগামী দুই মাসের মধ্যে এ বিষয়ে সুপারিশ দিতে বলা হয়েছে।
নবগঠিত এ কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন- বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী, বিমানবাহিনী প্রধান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব এবং পুলিশ মহাপরিদর্শক। এই কমিটির সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন মন্ত্রিপরিষদ সচিব।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, কমিটি প্রয়োজন অনুযায়ী সভা করবে এবং প্রয়োজনে নতুন সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে। এ ছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় কমিটিকে সাচিবিক সহায়তা দেবে।
বিমানবন্দরগুলোর নিরাপত্তাব্যবস্থার উন্নয়নে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়ন এবং নির্ধারিত সময়ের মধ্যে তা সরকারের কাছে উপস্থাপন করাই হবে কমিটির মূল দায়িত্ব।