নবম জাতীয় পে-স্কেল © টিডিসি সম্পাদিত
সরকারি চাকরিজীবীদের পাশাপাশি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও নতুন জাতীয় বেতনকাঠামো বা নবম পে-স্কেলের সুবিধা পাবেন। তবে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতনকাঠামো কার্যকরের প্রক্রিয়া এগিয়ে গেলেও এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের কবে থেকে নতুন স্কেলে বেতন দেওয়া হবে, তা এখনো নিশ্চিত নয়। অর্থ বিভাগের কর্মকর্তারা বলছেন, নতুন বেতনকাঠামো অনুযায়ী তাদের বেতন পেতে নভেম্বর কিংবা ডিসেম্বর পর্যন্ত সময় লাগতে পারে। তবে নির্ধারিত সময়ের মধ্যে তা বাস্তবায়ন সম্ভব হবে কি না, সে বিষয়েও নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।
সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতনকাঠামো চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর করে পরিপত্র জারি করেছে অর্থ মন্ত্রণালয়। অক্টোবর মাসের বেতনের সঙ্গে তিন মাসের বকেয়া বেতনও পেতে পারেন সরকারি চাকরিজীবীরা। অন্যদিকে, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন বেতনকাঠামোর আওতায় আনতে অর্থ বিভাগের আদেশ ও প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন করতে হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এ বিষয়ে আদেশ জারি করবে অর্থ বিভাগ। পরে অর্থ বিভাগের এক অতিরিক্ত সচিব গণমাধ্যমকে বলেন, কবে আদেশ জারি হবে, তা এখনই বলা যাচ্ছে না। কারণ, এটি একটি প্রক্রিয়ার বিষয়।
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন পে-স্কেলে বেতন পেতে দেরি হওয়ার অন্যতম কারণ মাদ্রাসায় কর্মরত শিক্ষক-কর্মচারীদের বেতন হিসাবের পদ্ধতি। মাদ্রাসায় কর্মরত জনবলের বেতনের হিসাব হাতে-কলমে করতে হয়। অন্যদিকে, স্কুল-কলেজ ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতার হিসাব কম্পিউটারের মাধ্যমে করা হয়। হাতে-কলমে হিসাব সম্পন্ন করতে সময় লাগায় নতুন বেতনকাঠামো বাস্তবায়নেও বিলম্ব হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে অর্থ বিভাগের এক কর্মকর্তা বলেন, ‘এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন পে-স্কেল অনুযায়ী বেতন পেতে কিছুটা সময় লাগবে। আমরা চেষ্টা করছি আগামী নভেম্বর অথবা ডিসেম্বর মাসের মধ্যে শিক্ষক-কর্মচারীদের নতুন স্কেলে বেতন দেওয়ার। তবে সেটি সম্ভব নাও হতে পারে।’
মাদ্রাসায় কর্মরত জনবলকে বাদ দিয়ে শুধু স্কুল-কলেজ ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীদের নতুন পে-স্কেলে বেতন দেওয়া সম্ভব কি না, এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা বলেন, ‘এটি আসলে সম্ভব নয়। দুটি আলাদা বিভাগ হলেও মন্ত্রণালয় একই। এজন্য সবাই একসঙ্গেই নতুন পে-স্কেল অনুযায়ী বেতন-ভাতা পাবেন।’
এদিকে, গত ১ সেপ্টেম্বর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছিলেন, ‘এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদেরও নতুন বেতন কাঠামোতে বেতন দেওয়া হবে।’