আবু মোহাম্মদ সালাহউদ্দিন (সুমন) © টিডিসি সম্পাদিত
বাংলাদেশের পর্যটন শিল্পে টেকসই উন্নয়ন, সেবার মানোন্নয়ন, উদ্ভাবন, ডিজিটাল রূপান্তর, স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ, নারী ও তরুণ উদ্যোক্তাদের উৎসাহিতকরণ এবং পরিবেশ ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ১৬টি ক্যাটাগরিতে ‘বাংলাদেশ পর্যটন পুরস্কার ২০২৬’ দেওয়ার জন্য ব্যক্তি, প্রতিষ্ঠান ও উদ্যোগ চূড়ান্তভাবে নির্বাচন করেছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড। প্রতিষ্ঠানটি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
দিবসটি নিয়ে পুরস্কার প্রদানের উদ্যোগ নেওয়া হয়। বিভিন্ন ক্যাটাগরিতে ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে মনোনয়ন পাওয়ার পর সরকারি-বেসরকারি অংশীজনের সমন্বয়ে গঠিত ক্যাটাগরিভিত্তিক জুরি বোর্ড মনোনয়নগুলো যাচাই-বাছাই করে চূড়ান্ত বিজয়ীদের নির্বাচন করে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ‘বর্ষসেরা টেকসই পর্যটন উদ্যোগ’ ক্যাটাগরিতে পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছে Shakawath's Six Control Point for Food Cost Optimization। বর্ষসেরা পাঁচ তারকা হোটেল’ ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছে ইন্টারকন্টিনেন্টাল ঢাকা। ‘বর্ষসেরা চার তারকা হোটেল’ ক্যাটাগরিতে হোটেল আগ্রাবাদ এবং ‘বর্ষসেরা তিন তারকা হোটেল’ ক্যাটাগরিতে হানসা-এ প্রিমিয়াম রেসিডেন্স বাই ইউএইচপিএলসি পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছে।
বর্ষসেরা ইনবাউন্ড ট্যুর অপারেটর হিসেবে নির্বাচিত হয়েছে দি বেঙ্গল ট্যুরস লিমিটেড। বর্ষসেরা ডোমেস্টিক ট্যুর অপারেটর ক্যাটাগরিতে পুরস্কার পাচ্ছে শেয়ারট্রিপ লি.। বর্ষসেরা বিনোদন পার্ক ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছে ফ্যান্টাসি কিংডম কমপ্লেক্স। বর্ষসেরা তরুণ পর্যটন উদ্যোক্তা হিসেবে নির্বাচিত হয়েছে বাংলাদেশ ইকো এডভেঞ্চার।
এ ছাড়া বর্ষসেরা হোমস্টে ক্যাটাগরিতে চারুবালা হোমস্টে অ্যান্ড ট্যুরস, বর্ষসেরা ট্যুরিজম কনটেন্ট ক্রিয়েটর হিসেবে আবু মোহাম্মদ সালাহউদ্দিন (সুমন) এবং বর্ষসেরা পর্যটন প্রযুক্তিবিষয়ক উদ্যোগ ক্যাটাগরিতে বিডি টিকেটস নির্বাচিত হয়েছে। বর্ষসেরা পর্যটন নারী উদ্যোক্তা হিসেবে নুরানী শারমিন আফরোজ, বর্ষসেরা ট্যুরিস্ট ভেসেল হিসেবে এম ডি মালঙ্গি এবং বর্ষসেরা ট্যুর গাইড হিসেবে মো. সারোয়ার জাহান (মিঠু) নির্বাচিত হয়েছেন।
বর্ষসেরা মাইস উদ্যোগ ক্যাটাগরিতে পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছে সেভর ইন্টারন্যাশনাল লিমিটেড এবং বর্ষসেরা পর্যটন সাংবাদিকতা ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছেন মো. নাঈম উল ইসলাম। বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পক্ষ থেকে পুরস্কারের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত ব্যক্তি, প্রতিষ্ঠান ও উদ্যোগগুলোকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নির্বাচিত ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের আগামী ৩ অক্টোবর বিকেল আড়াইটায় ঢাকার শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার প্রদান করা হবে বলেও জানানো হয়।