ইসলামি ফাউন্ডেশন © সংগৃহীত
দেশে প্রথমবারের মতো আয়োজিত জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া মিলেছে। ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিতব্য এ প্রতিযোগিতায় অংশ নিতে ২ হাজার ৫৮০ জন নিবন্ধন করেছেন। প্রতিযোগিতায় জাতীয় ও বিভাগীয় পর্যায়ে বিজয়ীদের মোট ১৬ লাখ ২০ হাজার টাকা নগদ পুরস্কার, ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হবে।
নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে এ বছর প্রথমবারের মতো জাতীয় তাফসির প্রতিযোগিতার আয়োজন করেছে ইসলামিক ফাউন্ডেশন। নিবন্ধিত প্রতিযোগীদের নিয়ে প্রথমে বিভাগীয় পর্যায়ে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণরা মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।
আগামী ১০ অক্টোবর সকাল ১০টায় দেশের আটটি বিভাগীয় শহরে একযোগে অভিন্ন প্রশ্নপত্রে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার পূর্ণমান ৫০ এবং সময় ১ ঘণ্টা। প্রশ্নপত্রে এক কথায় উত্তর, সংক্ষিপ্ত উত্তর ও সংক্ষিপ্ত বিশ্লেষণধর্মী প্রশ্ন থাকবে।
ঢাকা বিভাগে ৯১০ জন, চট্টগ্রাম বিভাগে ৫৪৩ জন, রাজশাহী বিভাগে ১৯৬ জন, খুলনা বিভাগে ১৭৯ জন, সিলেট বিভাগে ২৫০ জন, বরিশাল বিভাগে ১৪৮ জন, রংপুর বিভাগে ১৬৭ জন এবং ময়মনসিংহ বিভাগে ১৮৭ জন প্রতিযোগী নিবন্ধন করেছেন।
পরীক্ষার কেন্দ্রগুলো হলো—ঢাকা বিভাগে মদিনাতুল উলুম মডেল ইনস্টিটিউট কামিল মাদরাসা (মিশন মাদরাসা), চট্টগ্রাম বিভাগে নেছারিয়া কামিল (এমএ) মাদরাসা (একে খান মোড়), খুলনা বিভাগে খুলনা মেট্রোপলিটন জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র, রাজশাহী বিভাগে মদিনাতুল উলুম কামিল মাদরাসা, সিলেট বিভাগে ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় কার্যালয় ও ইমাম প্রশিক্ষণ একাডেমি, বরিশাল বিভাগে কাশিপুর হাইস্কুল অ্যান্ড কলেজ, রংপুর বিভাগে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র এবং ময়মনসিংহ বিভাগে নাসিরাবাদ বিশ্ববিদ্যালয় কলেজ।
পরীক্ষার্থীদের সঙ্গে কলম নিয়ে আসতে হবে এবং পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত হতে হবে। লিখিত পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের পর ওই দিনই ইসলামিক ফাউন্ডেশনের ওয়েবসাইট, ফেসবুক পেজ ও সংশ্লিষ্ট বিভাগীয় অফিসের নোটিশ বোর্ডে ফল প্রকাশ করা হবে।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষার সময়সূচি সংশ্লিষ্ট বিভাগীয় অফিস থেকে জানানো হবে।
প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে দুটি গ্রুপে ছয়জন বিজয়ীকে মোট ৯ লাখ টাকা দেওয়া হবে। প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন পাবেন ২ লাখ টাকা, প্রথম রানার্সআপ দেড় লাখ টাকা এবং দ্বিতীয় রানার্সআপ ১ লাখ টাকা করে। প্রত্যেক বিজয়ীকে ক্রেস্ট ও সনদপত্রও দেওয়া হবে।
এ ছাড়া বিভাগীয় পর্যায়ে আটটি বিভাগে মোট ৪৮ জন বিজয়ীকে দেওয়া হবে ৭ লাখ ২০ হাজার টাকা। প্রতি বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী যথাক্রমে ২০ হাজার, ১৫ হাজার ও ১০ হাজার টাকা করে পাবেন। তাদের ক্রেস্ট ও সনদপত্রও দেওয়া হবে।
বিভাগীয় পর্যায়ের ৪৮ বিজয়ীকে নিয়ে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার আগে ঢাকায় সাত দিনের ইনহাউজ প্রশিক্ষণের আয়োজন করা হবে।