যুবদল নেতা রবিউল হাসান সোহাগ © টিডিসি সম্পাদিত
জামালপুরে চোরাই মোটরসাইকেলসহ রবিউল হাসান সোহাগ নামে এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর ইসলাম তালুকদার।
গ্রেপ্তার রবিউল হাসান সোহাগ জামালপুর সদর উপজেলার ১৫ নম্বর রশিদপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক। বর্তমানে তিনি ওই ইউনিয়ন যুবদলের দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে।
গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, মোটরসাইকেল চুরি মামলায় রিমান্ডে থাকা চোরচক্রের সদস্য ফারুক, রাজ্জাক ও সাদ্দামের দেওয়া তথ্যের ভিত্তিতে শনিবার রাতে রশিদপুর ইউনিয়নের পাকুল্লা এলাকা থেকে রবিউল হাসান সোহাগকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, চোরচক্রের সদস্যদের জিজ্ঞাসাবাদে সোহাগের নাম উঠে আসে। চক্রটির সদস্যরা পুলিশকে জানিয়েছেন, চুরি করা মোটরসাইকেল বিক্রির দায়িত্বে ছিলেন সোহাগ।
গোয়েন্দা পুলিশের ভাষ্য, রবিউল হাসান সোহাগ দীর্ঘদিন ধরে চোরাই মোটরসাইকেল কেনাবেচার সঙ্গে জড়িত ছিলেন। তিনি একটি চোরচক্র পরিচালনার সঙ্গেও যুক্ত ছিলেন বলে প্রাথমিকভাবে তথ্য পেয়েছে পুলিশ।
শনিবার রাতেই সোহাগের মাধ্যমে বিক্রি করা হয়েছে এমন একটি চোরাই মোটরসাইকেল রশিদপুর বাজার এলাকা থেকে উদ্ধার করা হয় বলে জানিয়েছে ডিবি পুলিশ।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর ইসলাম তালুকদার বলেন, চোরচক্রের সদস্যদের দেওয়া তথ্যের ভিত্তিতে রবিউল হাসান সোহাগকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
তিনি আরও বলেন, গ্রেপ্তার সোহাগকে আজ দুপুরে আদালতে পাঠানো হয়েছে। মোটরসাইকেল চুরি বন্ধে জেলা গোয়েন্দা পুলিশের অভিযান ও কার্যক্রম চলমান থাকবে।