৩০ সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দিলে কারা করছাড় পাবেন, কারা পাবেন না

২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১০ AM
 এনবিআর লোগো

এনবিআর লোগো © সংগৃহীত

৩০ সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন জমা দিলে ব্যক্তিশ্রেণির করদাতারা পরিশোধযোগ্য করের ওপর ৫ শতাংশ বা সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত কর প্রণোদনা পাবেন। তবে সারা বছরজুড়ে অগ্রিম কর, উৎসে কর বা অন্যভাবে আগাম আয়কর পরিশোধ করা করদাতারা সেই পরিশোধ করা অর্থের ওপর এই সুবিধা পাবেন না।

চলতি ২০২৬-২৭ করবর্ষ থেকে রিটার্ন জমার সময়ের ভিত্তিতে কর প্রণোদনা ও অতিরিক্ত করের নতুন কাঠামো চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন জমা দিলে পরিশোধযোগ্য করের ৫ শতাংশ বা ২৫ হাজার টাকা—যেটি কম, সেই পরিমাণ প্রণোদনা পাওয়া যাবে।

ধরুন, রিটার্ন জমা দেওয়ার সময় আপনার পরিশোধযোগ্য কর ৩০ হাজার টাকা। ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন জমা দিলে এর ৫ শতাংশ হিসেবে ১ হাজার ৫০০ টাকা কর প্রণোদনা পাবেন। ফলে আপনাকে পরিশোধ করতে হবে ২৮ হাজার ৫০০ টাকা।

তবে এই হিসাব হবে রিটার্ন জমা দেওয়ার সময় পরিশোধযোগ্য করের ওপর। অর্থাৎ আগে পরিশোধ করা কর বাদ দেওয়ার পর যে কর বাকি থাকবে, প্রণোদনা হিসাবের ক্ষেত্রে সেটিই বিবেচনায় আসবে।

নতুন নিয়মে রিটার্ন জমা দেওয়ার সময় যে কর পরিশোধযোগ্য থাকে, মূলত তার ওপরই প্রণোদনা দেওয়া হবে। ফলে সঞ্চয়পত্রের মুনাফা পাওয়ার সময় কেটে রাখা উৎসে কর, ব্যাংকের এফডিআরের মুনাফা থেকে কেটে রাখা কর কিংবা বেতন-ভাতার ওপর মাসে মাসে পরিশোধ করা অগ্রিম করের অর্থের ওপর আলাদা করে ৫ শতাংশ প্রণোদনা পাওয়া যাবে না। এ কারণে আগে থেকেই কর পরিশোধ করা অনেক করদাতা পুরো করদায়ের ওপর ৫ শতাংশ সুবিধা পাচ্ছেন না।

এনবিআরের তথ্য অনুযায়ী, চলতি করবর্ষে ব্যক্তি করদাতাদের জন্য ২২ জুলাই থেকে অনলাইন রিটার্ন দাখিলের ব্যবস্থা চালু হয়েছে। জুলাই ও আগস্টে প্রায় ৪ লাখ ৫০ হাজার রিটার্ন জমা পড়েছে। সেপ্টেম্বরের হিসাব এখনো চূড়ান্ত হয়নি। গত অর্থবছরে মোট ৪৯ লাখ ৫৫ হাজার রিটার্ন জমা হয়েছিল।

চলতি করবর্ষে ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে পরিশোধযোগ্য করের ৫ শতাংশ বা ২৫ হাজার টাকা—যেটি কম, সেই পরিমাণ কর প্রণোদনা পাওয়া যাবে। ১ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে রিটার্ন দিলে কোনো প্রণোদনা বা অতিরিক্ত কর দিতে হবে না।

১ জানুয়ারি থেকে ৩১ মার্চের মধ্যে রিটার্ন দিলে পরিশোধযোগ্য করের ২ শতাংশ বা ৩ হাজার টাকা—যেটি বেশি, সেই পরিমাণ অতিরিক্ত কর দিতে হবে। আর ১ এপ্রিল থেকে ৩০ জুনের মধ্যে রিটার্ন দিলে পরিশোধযোগ্য করের ৫ শতাংশ বা ৫ হাজার টাকা—যেটি বেশি, সেই পরিমাণ অতিরিক্ত কর দিতে হবে।

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য নতুন এই কাঠামোতে নির্ধারিত সময়ের আগে রিটার্ন দিলে কর প্রণোদনা এবং নির্ধারিত সময়ের পরে রিটার্ন দিলে অতিরিক্ত কর দেওয়ার বিধান রাখা হয়েছে।

ফাহাম আবদুস সালাম বললেন, ‘প্যাথেটিক অবস্থা’
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
নাটকীয় ম্যাচে ইংল্যান্ডকে হারাল স্পেন
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
এমন স্টুডিও বাংলাদেশের কোথাও নেই, এফডিসিতেও না— সেটাই ভাংচু…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
হলে হঠাৎ অসুস্থ হয়ে না ফেরার দেশে ঢাবি শিক্ষার্থী মুরাদ
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
৩০ সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দিলে কারা করছাড় পাবেন, ক…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
দিস ইজ নরমাল ইন বাংলাদেশ, আপনি টেনশন নেবেন না—স্বরাষ্ট্রমন্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬