নতুন পে স্কেলে পদোন্নতি পেলেই কমবে বাড়ি ভাড়া, ওপরের গ্রেডের চেয়ে বেতন বেশি নিচের গ্রেডে

২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ AM
পে-স্কেল

পে-স্কেল © ফাইল ছবি

সরকারের নতুন বেতন কাঠামোয় গ্রেড যত ওপরে, মোট বেতন তত বেশি—এমন স্বাভাবিক চিত্র সব ক্ষেত্রে থাকছে না। বাড়ি ভাড়া ভাতার হারে বড় পার্থক্যের কারণে কিছু ক্ষেত্রে নিম্ন গ্রেডের কর্মচারীরা ঊর্ধ্বতন গ্রেডের চেয়ে বেশি মোট বেতন পাবেন। এতে সরকারি চাকরির নতুন বেতন কাঠামোয় সৃষ্টি হয়েছে এক ধরনের ‘উল্টো সিঁড়ি’। এ নিয়ে কর্মচারীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।

নতুন বেতন কাঠামোর গেজেট বিশ্লেষণে দেখা যায়, ১৫ গ্রেডের তুলনায় ১৬ গ্রেডের কর্মচারীর মোট বেতন ৯৭৫ টাকা বেশি। আবার ১৭ গ্রেডের কর্মচারীরা ১৫ গ্রেডের চেয়ে ২৫০ টাকা বেশি পাবেন। অথচ ১৫ গ্রেডের মৌলিক বেতন উভয় গ্রেডের চেয়ে বেশি। মূলত বাড়ি ভাড়া ভাতার হার পরিবর্তনের কারণেই এমন ব্যবধান তৈরি হয়েছে। একইভাবে ১৪ গ্রেডের তুলনায় ১৬ গ্রেডের কর্মচারীর মোট বেতন ৩০ টাকা বেশি।

শতকরা হারের পাশাপাশি ন্যূনতম বাড়ি ভাড়া নির্ধারণ না করায় এই জটিলতা তৈরি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। সচিব কমিটির চূড়ান্ত সুপারিশের পর অর্থ বিভাগের যাচাই-বাছাইয়ের দায়িত্বে থাকা কর্মকর্তারা নতুন পে স্কেল নিয়ে কাজ করার সময় একাধিক ভুল ধরা পড়েছে। এর মধ্যে সরকারের পক্ষ থেকে দ্রুত গেজেট প্রকাশের নির্দেশনা ছিল। ফলে অর্থ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা তাড়াহুড়ো করে গেজেট প্রকাশ করায় এমন ভুল হয়েছে বলে অভিযোগ উঠেছে।

অর্থ বিভাগের অতিরিক্ত সচিব (ব্যয় ব্যবস্থাপনা ও অভ্যন্তরীণ নিরীক্ষা) মো. নাজমুল হুদা সিদ্দিকী গণমাধ্যমকে বলেন, ‘এ বিষয়ে আমার ব্যক্তিগতভাবে বলার কিছু নেই। এ বিষয়ে আমি অবহিত নই।’

গেজেট প্রকাশের পর এ নিয়ে বিভিন্ন কর্মচারী সংগঠনের নেতারা অর্থ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে একাধিকবার সাক্ষাৎ করেছেন। সংগঠনগুলোর নেতারা জানান, কর্মকর্তারা তাঁদের বলেছেন, এই ভুলের জন্য কিছু করার নেই। তাঁরা সচিব কমিটির সুপারিশ অনুযায়ী কাজ করেছেন।

বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের মুখ্য সমন্বয়ক ওয়ারেছ আলী বলেন, ‘গতকাল ১২টি সংগঠনের জোট মিলে আমরা বৈঠক করেছি। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে—নতুন বেতন কাঠামোর অসংগতিগুলো সংশোধন করার জন্য প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও অর্থ সচিবের কাছে লিখিত আবেদন করব।’

গেজেট বিশ্লেষণে দেখা যায়, ১৫ গ্রেডে মৌলিক বেতন ২২ হাজার ৮০০ টাকা। এর সঙ্গে ৩৫ শতাংশ বাড়ি ভাড়া হিসেবে ৭ হাজার ৯৮০ টাকা, চিকিৎসা ভাতা ৩ হাজার, টিফিন ভাতা ৫০০ এবং মোবাইল ভাতা ১৫০ টাকা যোগ হয়ে মোট বেতন দাঁড়িয়েছে ৩৪ হাজার ৪৩০ টাকা।

অন্যদিকে, ১৬ গ্রেডে মৌলিক বেতন ২১ হাজার ৯০০ টাকা, যা ১৫ গ্রেডের চেয়ে ৯০০ টাকা কম। কিন্তু বাড়ি ভাড়া ৪৫ শতাংশ হওয়ায় এ খাতে পাওয়া যাচ্ছে ৯ হাজার ৮৫৫ টাকা। এর সঙ্গে চিকিৎসা ভাতা ৩ হাজার, টিফিন ভাতা ৫০০ এবং মোবাইল ভাতা ১৫০ টাকা যোগ করলে মোট বেতন দাঁড়ায় ৩৫ হাজার ৪০৫ টাকা। অর্থাৎ ১৫ গ্রেডের চেয়ে ১৬ গ্রেডে মোট বেতন বেশি ৯৭৫ টাকা।

একইভাবে ১৭ গ্রেডে মৌলিক বেতন ২১ হাজার ৪০০ টাকা। ৪৫ শতাংশ বাড়ি ভাড়া হিসেবে পাওয়া যাবে ৯ হাজার ৬৩০ টাকা। চিকিৎসা ভাতা ৩ হাজার, টিফিন ভাতা ৫০০ এবং মোবাইল ভাতা ১৫০ টাকা যোগ করলে মোট বেতন দাঁড়ায় ৩৪ হাজার ৬৮০ টাকা। মৌলিক বেতনে ১৫ গ্রেডের চেয়ে ১ হাজার ৪০০ টাকা কম হলেও মোট বেতন ২৫০ টাকা বেশি।

অন্যদিকে, ১৪ গ্রেডে মৌলিক বেতন ২৩ হাজার ৭০০ টাকা। এর সঙ্গে ৩৫ শতাংশ বাড়ি ভাড়া হিসেবে ৮ হাজার ২২৫ টাকা, চিকিৎসা ভাতা ৩ হাজার, টিফিন ভাতা ৫০০ এবং মোবাইল ভাতা ১৫০ টাকা যোগ করলে মোট বেতন দাঁড়ায় ৩৫ হাজার ৫৭৫ টাকা। ফলে ১৪ গ্রেডের তুলনায় ১৬ গ্রেডের মোট বেতন ৩০ টাকা কম।

সরকারি চাকরিতে পদোন্নতির সঙ্গে সাধারণত কর্মচারীর আর্থিক সুবিধা বাড়ার কথা। কিন্তু নতুন বেতন কাঠামোর হিসাব নিয়ে প্রশ্ন উঠেছে। উচ্চতর গ্রেডে পদোন্নতি পাওয়ার পর যদি বাড়ি ভাড়া ভাতার হার কমে যায়, তাহলে কোনো কোনো ক্ষেত্রে মোট মাসিক প্রাপ্যও কাঙ্ক্ষিত হারে বাড়বে না।

বিশেষ করে একই কর্মস্থলে কর্মরত দুই গ্রেডের কর্মচারীর ক্ষেত্রে নিম্ন গ্রেডের কর্মচারী যদি বাড়ি ভাড়া বাবদ তুলনামূলক বেশি পান, তাহলে বেতন কাঠামোর গ্রেডভিত্তিক যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তৈরি হবে।

বৈশাখী ভাতা নিয়েও বিদ্যমান সুবিধার সঙ্গে প্রস্তাবিত বেতন স্কেলের তুলনা করেছে কর্মচারী সংগঠনগুলো। এতে বিদ্যমান ২০ শতাংশের বিপরীতে জাতীয় বেতন স্কেল-২০২৬-এ ১৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

বর্তমানে ঢাকা সিটি করপোরেশন এলাকায় মূল বেতন ৯ হাজার ৭০০ টাকা পর্যন্ত হলে ৬৫ শতাংশ হারে, তবে ন্যূনতম ৫ হাজার ৬০০ টাকা বাড়ি ভাড়া পান চাকরিজীবীরা। ৯ হাজার ৭০১ টাকা থেকে ১৬ হাজার টাকা মূল বেতন হলে ৬০ শতাংশ হারে, তবে ন্যূনতম ৬ হাজার ৪০০ টাকা বাড়ি ভাড়া পাওয়া যায়।

মূল বেতন ১৬ হাজার ১ টাকা থেকে ৩৫ হাজার ৫০০ টাকা হলে ৫৫ শতাংশ হারে, তবে ন্যূনতম ৯ হাজার ৬০০ টাকা বাড়ি ভাড়া পাওয়া যায়। আর মূল বেতন ৩৫ হাজার ৫০১ টাকার বেশি হলে ঢাকা সিটি করপোরেশন এলাকায় ৫০ শতাংশ হারে, তবে ন্যূনতম ১৯ হাজার ৫০০ টাকা বাড়ি ভাড়া পাওয়া যায়।

দেশে শিক্ষিত ১০০ তরুণের ৩৬ জনই বেকার, কমবে দক্ষদের চাকরির স…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
তিন মাসের মধ্যে পেপারলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
পাকিস্তানের সঙ্গে হেরে ব্রোঞ্জ জেতাও হলো না বাংলাদেশের
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
৩৯ পদে জনবল নিয়োগ দেবে ঢাকার কর অঞ্চল-১৬, আবেদন এসএসসি থেকে
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
শেরপুরে জাবিয়ানদের মিলনমেলা, স্মৃতিচারণে মুখর সাবেক শিক্ষার…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
স্মার্টফোন কিনে না দেওয়ায় থানায় বাবা-মায়ের বিরুদ্ধে অভিযোগ …
  • ২২ সেপ্টেম্বর ২০২৬