ভাইবা পরীক্ষা © সংগৃহীত
সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে মৌখিক পরীক্ষার (ভাইভা) নম্বর বাড়ানো এবং লিখিত পরীক্ষায় পাস নম্বর কমানোর প্রস্তাবিত বিধিমালা নিয়ে ধীরে চলার নীতি নিয়েছে সরকার। প্রশাসনিক উন্নয়ন-সংক্রান্ত সচিব কমিটি অনুমোদিত বিধিমালাটি গতকাল বুধবার আইন মন্ত্রণালয়ের ভেটিংয়ে পাঠানোর কথা থাকলেও তা এখনও পাঠায়নি জনপ্রশাসন মন্ত্রণালয়। চাকরিপ্রত্যাশীদের বিক্ষোভ ও বিরোধী দলগুলোর সমালোচনার কারণে সরকার এ বিষয়ে নতুন করে ভাবছে বলে জানা গেছে।
গত রোববার প্রশাসনিক উন্নয়ন-সংক্রান্ত সচিব কমিটি ১১ থেকে ২০ গ্রেডের সরকারি চাকরির পরীক্ষায় ভাইভার নম্বর ৪০০ শতাংশ বাড়ানো এবং লিখিত পরীক্ষায় পাস নম্বর সর্বোচ্চ ১৫ শতাংশ পর্যন্ত কমানোর প্রস্তাব অনুমোদন করে। এ জন্য ‘পরীক্ষার মানবণ্টন (বিশেষ বিধান) বিধিমালা, ২০২৬’-এর খসড়া অনুমোদন করা হয়।
খসড়াটি প্রকাশ্যে আসার পর থেকেই এটি নিয়ে চাকরিপ্রত্যাশীদের মধ্যে ব্যাপক সমালোচনা শুরু হয়। অভিযোগ ওঠে, পছন্দের কোনো প্রার্থী লিখিত পরীক্ষায় তুলনামূলক কম নম্বর পেয়েও পাস করলে ভাইভায় বেশি নম্বর দিয়ে তাকে চাকরি দেওয়ার সুযোগ তৈরি হতে পারে। এতে নিয়োগে দলীয়করণ ও দুর্নীতির সুযোগ বাড়বে বলেও অভিযোগ করছেন অনেকে।
বিরোধী দলগুলোর পক্ষ থেকেও সংসদে এ বিষয়ে আপত্তি জানানো হয়েছে। একই সঙ্গে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রস্তাবিত বিধিমালার প্রতিবাদে বিক্ষোভ করেছেন।
প্রস্তাবিত বিধিমালার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু)সহ জগন্নাথ বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয় এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারাও এর প্রতিবাদ জানিয়েছেন।
তবে ভাইভার নম্বর বাড়ানো নিয়ে ওঠা অভিযোগ নাকচ করেছে সরকার। জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী গতকাল বুধবার সাংবাদিকদের বলেছেন, এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। কাউকে সুবিধা দিতে সরকার কোনো সিদ্ধান্ত নেবে না। নিয়োগের সব ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে।
এদিকে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) পরিবর্তে আগের মতো ব্যবস্থাপনা কমিটির মাধ্যমে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিয়েও গত মাসে সমালোচনার মুখে পড়েছিল শিক্ষা মন্ত্রণালয়। তীব্র বিতর্কের পর শেষ পর্যন্ত ওই সিদ্ধান্ত থেকে সরে আসে সরকার।
এ কারণে সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ানো এবং লিখিত পরীক্ষায় পাস নম্বর কমানোর প্রস্তাব নিয়েও সরকারের অবস্থান পরিবর্তন হতে পারে বলে আলোচনা তৈরি হয়েছে। তবে খসড়াটি ভেটিংয়ে পাঠানোর প্রক্রিয়া ধীর করা হলেও শেষ পর্যন্ত বিধিমালাটি কীভাবে চূড়ান্ত হবে, সে বিষয়ে এখনও নিশ্চিত কোনো সিদ্ধান্ত জানা যায়নি।