ভোলায় ৪০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র, ব্লু-ইকোনমির ‘সেন্ট্রাল জোন’ হবে দ্বীপজেলা: সংসদে প্রধানমন্ত্রী

০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ PM
প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান © ফাইল ছবি

অপার সম্ভাবনাময় ও প্রাকৃতিক সম্পদে ভরপুর দেশের একমাত্র দ্বীপ জেলা ভোলার সার্বিক উন্নয়নে ব্যাপক উদ্যোগ নিয়েছে সরকার। এই জেলায় ৪০০ মেগাওয়াট ক্ষমতার নতুন গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের পাশাপাশি ভোলাকে ব্লু-ইকোনমি বা সুনীল অর্থনীতির 'সেন্ট্রাল জোন'-এর প্রধান কেন্দ্রবিন্দু হিসেবে ঘোষণা করা হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী তারেক রহমান এসব কথা জানান।

এদিন স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে ভোলা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নূরুল ইসলাম মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জানতে চান—ভোলার প্রাকৃতিক সম্পদ ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে দীর্ঘমেয়াদী সমন্বিত উন্নয়নের জন্য কোনো বিশেষ মহাপরিকল্পনা গ্রহণ করা হবে কি না।

এই প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী ভোলার উন্নয়ন নিয়ে সরকারের ফাইভ ইয়ার স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক (Five Year Strategic Framework) ও মহাপরিকল্পনার কথা তুলে ধরেন।

প্রধানমন্ত্রী বলেন, সরকারের নির্বাচনী ইশতেহার ২০২৬ বাস্তবায়নে পাঁচ বছরের (জুলাই ২০২৬-জুন ২০৩১) কৌশলগত সংস্কার ও উন্নয়ন কাঠামো হিসেবে ‘ফাইভ ইয়ার স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক’ শীর্ষক কৌশলপত্র প্রণয়ন করা হয়েছে। দেশের সুষম ও ভারসাম্যপূর্ণ আঞ্চলিক উন্নয়ন এই কৌশলপত্রের অন্যতম অগ্রাধিকার। অঞ্চলভিত্তিক বৈশিষ্ট্য, স্থানীয় অর্থনৈতিক সম্ভাবনা ও জলবায়ু ঝুঁকি বিবেচনা করেই এই পরিকল্পনা নেওয়া হয়েছে।

ভোলায় ৪০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র ও গ্যাস সরবরাহ:
জ্বালানি খাতের পরিকল্পনার কথা তুলে ধরে সংসদ নেতা বলেন, ভোলা প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ। এই দ্বীপের সার্বিক উন্নয়নের লক্ষ্যে সেখানে ৪০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি নতুন গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের পরিকল্পনা সরকারের রয়েছে।

তিনি আরও জানান, ভোলার ভেদুরিয়া ও ইলিশা গ্যাসক্ষেত্র থেকে দৈনিক ৬০ মিলিয়ন ঘনফুট গ্যাস এলএনজি-তে (LNG) রূপান্তর করে লাইটারেজ অপারেশনের মাধ্যমে খুলনার বিদ্যুৎ হাবে পরিবহনের উদ্যোগও নেওয়া হয়েছে। এসব পরিকল্পনা বাস্তবায়িত হলে ভোলার গ্যাস সম্পদের যথাযথ ব্যবহারের পাশাপাশি জাতীয় জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ব্লু-ইকোনমির ‘সেন্ট্রাল জোন’ ও অগ্রাধিকার খাত:
জাতীয় অর্থনীতিতে সমুদ্র ও উপকূলীয় সম্পদের অবদান বাড়াতে মেরিন স্পেশাল প্ল্যানিং জোন বিন্যাস করার কথা জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, এই পরিকল্পনার আওতায় ভোলা জেলা ও সংলগ্ন দ্বীপগুলোকে ব্লু-ইকোনমির 'সেন্ট্রাল জোন'-এর প্রধান কেন্দ্রবিন্দু হিসেবে ঘোষণা করা হয়েছে। এই জোনের মাধ্যমে ভোলার অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগাতে বেশ কিছু খাতে বিশেষ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে— ইলিশ ও মৎস্য সম্পদ সংরক্ষণ জোন তৈরি, চরাঞ্চলের সমন্বিত কৃষি উন্নয়ন, সুরক্ষিত উপকূলীয় অবকাঠামো নির্মাণ ও নৌ-নিরাপত্তা জোরদারকরণ।

প্রধানমন্ত্রী সংসদকে আশ্বস্ত করে বলেন, ভোলা জেলার বিশেষ ভৌগোলিক অবস্থান, গ্যাস সম্পদ, কৃষি উৎপাদনশীলতা এবং মৎস্যসম্পদ খাতের সম্ভাবনাকে সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। এসব সম্পদের কার্যকর ও টেকসই ব্যবহার নিশ্চিত করতেই দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা ও বিনিয়োগের ওপর জোর দেওয়া হয়েছে।

সালমান মুক্তাদিরের শ্বশুরের আরেক প্রতিষ্ঠানে এনবিআরের অভিযান
  • ০৩ অক্টোবর ২০২৬
র‌্যাংকিংয়ে ৫০০’র মধ্যে থাকা বিশ্ববিদ্যালয়কে বাংলাদেশে শাখা…
  • ০৩ অক্টোবর ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে অ্যাসোসিয়েট, আবেদন ৯ অক্…
  • ০৩ অক্টোবর ২০২৬
২০২৬ সালের এসএসসি বোর্ড বৃত্তির ফল প্রকাশ
  • ০৩ অক্টোবর ২০২৬
যবিপ্রবির হলে গোসলের সিরিয়াল নিয়ে সহপাঠীকে থাপ্পড়, ফাটল কান…
  • ০৩ অক্টোবর ২০২৬
আবাসিক হলে গোসলের ভিডিও ধারণের সময় বিউপি ছাত্র আটক
  • ০৩ অক্টোবর ২০২৬