সরকারি চাকরি নিয়ে যে সতর্কবার্তা দিল জনপ্রশাসন মন্ত্রণালয় 

১৮ আগস্ট ২০২৬, ১২:২০ PM
জনপ্রশাসন মন্ত্রণালয়ের লোগো

জনপ্রশাসন মন্ত্রণালয়ের লোগো © সংগৃহীত

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিবের স্বাক্ষর জাল করে ভুয়া নিয়োগপত্র তৈরি করে চাকরিপ্রার্থীদের প্রতারণার ফাঁদে ফেলার চেষ্টা করছে একটি চক্র। চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে গতকাল সোমবার (১৭ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে চাকরিপ্রার্থীদের সতর্ক করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায়, প্রশাসন-১ শাখার উপসচিব শরিফুল ইসলামের স্বাক্ষর নকল করে তৈরি একটি ভুয়া অফিস আদেশ সম্প্রতি তাদের নজরে এসেছে। এতে মো. রেদুয়ান আহমেদ নামে এক ব্যক্তিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অফিস সহায়ক পদে নিয়োগ দেওয়ার দাবি করা হয়েছে।

১০ আগস্ট তারিখে তৈরি ওই ভুয়া আদেশে বলা হয়েছে, জনবল সংকট মোকাবিলায় বিভাগীয় নির্বাচন কমিটির সিদ্ধান্ত অনুযায়ী শূন্য পদে সরকারি বিধি অনুসরণ করে ২০১৫ সালের বেতন স্কেল অনুযায়ী ৮ হাজার ২৫০ থেকে ২০ হাজার ১০ টাকা বেতন স্কেলে নিয়োগ দেওয়া হয়েছে। সেখানে আরও উল্লেখ করা হয়, নিয়োগটি ১১ আগস্ট ২০২৬ থেকে কার্যকর হবে।

তবে প্রশাসন-১ শাখা থেকে এ ধরনের কোনো নিয়োগপত্র বা অফিস আদেশ জারি করা হয়নি বলে নিশ্চিত করেছেন উপসচিব শরিফুল ইসলাম।

জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, সংবাদমাধ্যমে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ও নির্ধারিত নিয়োগ পরীক্ষা ছাড়া সরাসরি জনবল নিয়োগের কোনো সুযোগ নেই। তাই চাকরির আশ্বাসে কোনো ব্যক্তি বা চক্রের সঙ্গে আর্থিক লেনদেন কিংবা কোনো ধরনের চুক্তি না করতে চাকরিপ্রার্থীদের সতর্ক করা হয়েছে।

মন্ত্রণালয়ের সব নিয়োগ বিজ্ঞপ্তি নিয়মিতভাবে সরকারি ওয়েবসাইটে প্রকাশ করা হয়। প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ দেওয়া হয়। নিয়োগ প্রক্রিয়ার বিভিন্ন ধাপে অনলাইনে আবেদন গ্রহণ এবং প্রার্থীদের মোবাইলে এসএমএসের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য জানানো হয়।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, নিয়োগসংক্রান্ত তথ্য ওয়েবসাইটেও প্রকাশ করা হয়। এরপরও চাকরিপ্রার্থীদের সরলতার সুযোগ নিয়ে অসাধু চক্র ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি ও অফিস আদেশ তৈরি করে প্রতারণা চালিয়ে যাচ্ছে।

চাকরি সংক্রান্ত যেকোনো তথ্য যাচাইয়ের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের সরকারি ওয়েবসাইট নিয়মিত অনুসরণ করতে চাকরিপ্রার্থীদের প্রতি আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।

কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুনে ৫ পর্যটক নিহত
  • ১৭ অক্টোবর ২০২৬
ভোরে প্রশ্নপত্রের অস্পষ্ট ছবি পান এনবিআর কর্মচারী, এআই দিয়ে…
  • ১৭ অক্টোবর ২০২৬
কুয়াশার চাদরে ভোরের স্নিগ্ধতা, নীরবেই দুয়ারে হেমন্ত
  • ১৭ অক্টোবর ২০২৬
দেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশই বেকার, শিক্ষাগত যোগ্যতার…
  • ১৭ অক্টোবর ২০২৬
রাজনীতি নিষিদ্ধ রাবিপ্রবিতে ছাত্রদলের পর এবার কমিটি দিল পিস…
  • ১৭ অক্টোবর ২০২৬
পছন্দের খাবার বাদ না দিয়েও ওজন কমানো সম্ভব, মানতে হবে ৫ কৌশল
  • ১৭ অক্টোবর ২০২৬