চার উপজেলায় ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগ ফল স্থগিত

১৩ আগস্ট ২০২৬, ০৬:২৫ PM
ফ্যামিলি কার্ড

ফ্যামিলি কার্ড © সংগৃহীত

নাটোরের চার উপজেলায় ফ্যামিলি কার্ড শুমারি ২০২৬ বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগের প্রকাশিত ফলাফল স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাজশাহী বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক সৈয়দ মোস্তাক হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের টেলিফোনিক নির্দেশনার পরিপ্রেক্ষিতে পূর্বে প্রকাশিত পরীক্ষার ফলাফল স্থগিত রাখা হয়েছে। ফলে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬ কার্যক্রমের আওতায় সংশ্লিষ্ট চার উপজেলায় তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার প্রকাশিত ফলাফল কার্যকর থাকবে না।

এ বিষয়ে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। উপজেলাগুলো হলো-  লালপুর, বাগাতিপাড়া, বড়াইগ্রাম ও গুরুদাসপুর। 

এদিকে নিয়োগের ফলাফল স্থগিতের খবরে পরীক্ষায় অংশ নেওয়া নিয়োগপ্রত্যাশীদের মধ্যে অনিশ্চয়তা ও উদ্বেগ দেখা দিয়েছে। তারা নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করে দ্রুত পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার দাবি জানিয়েছেন।

সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তারা চিঠি পাওয়ার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন। তবে পরবর্তী নিয়োগ প্রক্রিয়ায় নতুন করে আবেদন গ্রহণ কিংবা পুনরায় পরীক্ষা নেওয়া হবে কি না এ বিষয়ে এখনো কোনো নির্দেশনা পাওয়া যায়নি বলে জানিয়েছেন তারা।

উল্লেখ্য, গতকাল বুধবার ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগ বাতিলের দাবিতে নাটোরের লালপুর ও বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বিক্ষোভ, ভাঙচুর এবং সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটে। এ সময় কয়েকজন সাংবাদিকের ক্যামেরা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগও ওঠে। এসব ঘটনায় উভয় উপজেলায় ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের বিরুদ্ধে হামলা-ভাঙচুরের অভিযোগ রয়েছে।

তবে ওই হামলা-ভাঙচুরের ঘটনার পরিপ্রেক্ষিতেই নিয়োগের ফলাফল স্থগিত করা হয়েছে কি না, রাজশাহী বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের প্রকাশিত প্রজ্ঞাপনে তা উল্লেখ করা হয়নি।

পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত চার উপজেলায় ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে প্রকাশিত নিয়োগ ফলাফল কার্যকর হচ্ছে না।

জটিলতা কাটিয়ে রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম সরবরাহ শুর…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
ঘুরতে বের হয়ে সড়কে প্রাণ গেল তিন বন্ধুর
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
বিইউএফটির ট্রাস্টি বোর্ডের নতুন চেয়ারম্যান মেসবা উদ্দিন আলী
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
৫২ জনের মধ্যে নিয়োগ পেলেন ১ জন, বাকি ৫১ জনের ক্ষোভ
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১১৯, আব…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
ঘাটাইলের নতুন ইউএনও নূরী তাসমিন ঊর্মি
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬