বিগত সরকারের অনিয়ম-দুর্নীতিতে স্বাস্থ্যসেবা ব্যবস্থা ভেঙে পড়েছিল: স্বাস্থ্যমন্ত্রী

২৫ জুলাই ২০২৬, ০৩:৩৪ PM
মোরেলগঞ্জ ৫০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী

মোরেলগঞ্জ ৫০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী © টিডিসি

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বিগত সরকারের সময় স্বাস্থ্য খাতে সীমাহীন অনিয়ম, দুর্নীতি ও অর্থ লুটপাটের কারণে দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থা ভেঙে পড়েছিল। সে অবস্থা থেকে উত্তরণে বর্তমান সরকার চিকিৎসাসেবার মানোন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কাজ করছে।

শনিবার (২৫ জুলাই) বেলা ১১টার দিকে বাগেরহাটের মোরেলগঞ্জ ৫০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, জনগণের দোরগোড়ায় আধুনিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে দেশের ৫০ শয্যার হাসপাতালগুলোকে পর্যায়ক্রমে ১০১ শয্যায় উন্নীত করা হচ্ছে। চিকিৎসাসেবার মান বাড়াতে এবং স্বাস্থ্য প্রতিষ্ঠানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পরিদর্শনের সময় হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় হাসপাতালের নানা অনিয়ম ও অব্যবস্থাপনা দেখে তিনি ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, ‘আমার দেশের দরিদ্র মানুষ প্রয়োজনীয় ওষুধ পায় না, অথচ এখানে লাখ লাখ টাকার মেয়াদোত্তীর্ণ ওষুধ পড়ে আছে। এমনকি হাসপাতালের বাথরুমেও ছড়িয়ে-ছিটিয়ে সরকারি ওষুধ পাওয়া গেছে। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

ঘটনাস্থলেই তিনি সিভিল সার্জন, ডিডিসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পরে তিনি হাসপাতালের পাশের একটি বেসরকারি ক্লিনিকও পরিদর্শন করেন।

মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্পর্কে মন্ত্রী বলেন, অল্প সময়ের মধ্যেই হাসপাতালটিকে ১০১ শয্যায় উন্নীত করার টেন্ডার প্রক্রিয়া শুরু হবে এবং দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

পরিদর্শনকালে বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, পুলিশ সুপার হাসান মো. নাসের রিকাবদার, মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহসহ স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নবম শ্রেনির বাদ পড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন নিয়ে নতুন নি…
  • ১৭ অক্টোবর ২০২৬
রাজধানীর বিভিন্ন হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান আকস্মিক পরিদর্…
  • ১৭ অক্টোবর ২০২৬
হোয়াইট হাউসে প্রবেশের ৫ দিন পরই বরখাস্ত কেট জাকারিয়া
  • ১৭ অক্টোবর ২০২৬
সকালে ঘুম থেকে ওঠার পর কি ক্লান্ত লাগে, জেনে নিন কারণ ও সমা…
  • ১৭ অক্টোবর ২০২৬
ঝড় তুলেছে ‘আরেকটু’, টেইলর সুইফট থেকে অনুপ্রাণিত কে এই ঢাবি …
  • ১৭ অক্টোবর ২০২৬
কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুনে ৫ পর্যটক নিহত
  • ১৭ অক্টোবর ২০২৬