এমপি নজরুলের বিরুদ্ধে হত্যাচেষ্টাসহ বিস্ফোরক অভিযোগ সাবেক পিএসের, প্রধানমন্ত্রীর কাছে চাইলেন নিরাপত্তা

২১ জুলাই ২০২৬, ১১:৪১ PM
এমপি গাজী নজরুল ইসলাম

এমপি গাজী নজরুল ইসলাম © সংগৃহীত

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে হত্যাচেষ্টার নির্দেশ, দুর্নীতি ও বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের বিস্ফোরক অভিযোগ তুলেছেন তাঁর সাবেক গাড়িচালক ও ব্যক্তিগত সহকারী (পিএস) ওবায়দুর রহমান। নিজের প্রাণনাশের আশঙ্কা জানিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে লিখিত আবেদন করেছেন তিনি।

সোমবার দেওয়া ওই আবেদনে ওবায়দুর রহমান দাবি করেন, গত ১৪ জুলাই রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর পল্লবী থানার উত্তর কালশীর আলীনগরের ‘রোজ গার্ডেন টাওয়ার-২’-এর ডি-২ নম্বর ফ্ল্যাটে অবস্থানকালে তাঁর ওপর হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়। তাঁর অভিযোগ, দুর্নীতির দায়ে চাকরিচ্যুত পুলিশের সাবেক এসআই আমিন এবং ইউনুস সরদারের ছেলে মাসুম বিল্লাহ ও মোক্তাসিম বিল্লাহ লাঠিসোঁটা নিয়ে তাঁর ওপর হামলা করেন।

লিখিত আবেদনে তিনি উল্লেখ করেন, তাঁর চিৎকার শুনে পাশের কক্ষ থেকে মা ও ছোট বোন ছুটে এসে অনেক চেষ্টার পর তাঁকে উদ্ধার করেন। পরে তাঁদের সহায়তায় একটি সিএনজিচালিত অটোরিকশায় করে তাঁকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। বর্তমানে তিনি আত্মগোপনে রয়েছেন এবং হামলাকারীরা তাঁকে হত্যার হুমকি দিচ্ছে বলেও অভিযোগ করেন।

ওবায়দুর রহমানের দাবি, এই হামলার নির্দেশদাতা সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। তিনি দীর্ঘদিন গাজী নজরুলের গাড়িচালক ও ব্যক্তিগত সহকারী হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেই সুবাদে এমপির বিভিন্ন দুর্নীতি, জমি ও বালুমহাল দখল, ঘুষ গ্রহণ এবং নারীসংক্রান্ত অনৈতিক কর্মকাণ্ডের প্রত্যক্ষদর্শী বলে দাবি করেন তিনি।

আবেদনে আরও বলা হয়, এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন স্থানে অপ্রাপ্তবয়স্ক তরুণীদের নিয়ে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে এবং এসব ঘটনার সিসিটিভি ফুটেজও রয়েছে বলে দাবি করেন ওবায়দুর রহমান।

জীবনের চরম নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করে তিনি হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।

উল্লেখ্য, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে এমপি গাজী নজরুল ইসলামকে নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা তৈরি হয়। এ ঘটনায় রাজনৈতিক অঙ্গনেও প্রতিক্রিয়া দেখা যায়। এরই মধ্যে তাঁর সাবেক ব্যক্তিগত সহকারীর এই লিখিত অভিযোগ নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

তবে এ বিষয়ে সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের কয়েকজন খেলোয়াড়ের ছাত্রত্ব নিয়ে প্রশ্ন…
  • ১৭ অক্টোবর ২০২৬
কক্সবাজারের নতুন ট্রেনের টিকিট বিক্রি শুরু, অন্য দুটির চেয়ে…
  • ১৭ অক্টোবর ২০২৬
এবার আমরাও বিক্ষোভে বসব— বলল ভারতের সুপ্রিম কোর্ট
  • ১৭ অক্টোবর ২০২৬
রাজনীতিতে না জড়িয়েও গেজেট বঞ্চিত বগুড়ার ফাহিম, দিলেন আবেগঘন…
  • ১৭ অক্টোবর ২০২৬
৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান 
  • ১৭ অক্টোবর ২০২৬
একই বাসায় বিসিএস প্রস্তুতি, বুয়েটের চার বন্ধুই প্রশাসন ক্যা…
  • ১৭ অক্টোবর ২০২৬