সচিবালয়ে হজ প্যাকেজ ঘোষণা করছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ © সংগৃহীত
২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম মন্ত্রণালয়। এতে হজযাত্রীদের বিমানভাড়া প্রায় ৩৭ হাজার টাকা কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) সকালে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।
ধর্মমন্ত্রী জানান, এবার সরকারি ব্যবস্থাপনায় সর্বনিম্ন হজ প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা, যা ২০২৬ সালে ছিল ৪ লাখ ৬৭ হাজার ১৬৭ টাকা। এ ছাড়া বেসরকারি প্যাকেজ নির্ধারিত হয়েছে ৫ লাখ ১৩ হাজার টাকা, যা আগের বার ছিল ৫ লাখ ৯ হাজার ১৮৫ টাকা।
ধর্মমন্ত্রী আরও বলেন, ২০২৭ সালের হজযাত্রীদের জন্য বিমানভাড়া গত বছরের তুলনায় ৩৭ হাজার টাকা কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
তিনি আরও জানান, আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে হজ যাত্রীদের নিবন্ধন শেষ করতে হবে। পাশাপাশি ২০২৭ সালের ৮ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হবে।
হজ প্যাকেজ-১: এই প্যাকেজের হজযাত্রীদের মক্কায় হারাম শরিফের বহিঃচত্বর থেকে ১০০০ থেকে ১৪০০ মিটারের মধ্যে এবং মদিনায় মারকাজিয়া এলাকায় আবাসন-সুবিধা দেওয়া হবে। মিনায় জোন-২ এ তাঁবুর অবস্থান হবে এবং মিনা-আরাফায় ‘সার্ভিস প্যাকেজ-৩’ ক্যাটাগরির সার্ভিসসহ মোয়াল্লেম কর্তৃক খাবার সরবরাহ করা হবে। সাধারণত সৌদি আরবে অবস্থানকাল হবে ৩৫-৪০ দিন। অতিরিক্ত অর্থ পরিশোধ সাপেক্ষে রুম আপগ্রেডেশন ও শর্ট প্যাকেজ সুবিধা নেওয়া যাবে। এ প্যাকেজের খরচ ধরা হয়েছে ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা।
হজ প্যাকেজ-২ (সাশ্রয়ী) : এটি হজ প্যাকেজ-১ এর চেয়ে কিছুটা সুলভ। এই প্যাকেজের হজযাত্রীদের মক্কায় হোটেল হারাম শরিফের বহিঃচত্বর থেকে ২-৩ কিলোমিটারের মধ্যে হবে এবং মদিনায় মারকাজিয়া এলাকার বাইরে মসজিদে নববী হতে ৮০০ মিটারের মধ্যে আবাসনের ব্যবস্থা করা হবে। মিনায় জোন-৫ এ তাঁবুর অবস্থান হবে এবং মিনা-আরাফায় ‘সার্ভিস প্যাকেজ-৩’ ক্যাটাগরির সার্ভিসসহ মোয়াল্লেমের মাধ্যমে খাবার সরবরাহ করা হবে। হোটেলের অবস্থান দুই কিলোমিটারের বেশি দূরে হলে সৌদি সরকারের বিধান অনুসারে সালাওয়াত বাসের ব্যবস্থা থাকবে। এ প্যাকেজের খরচ ধরা হয়েছে ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা।
উল্লেখ, ২০২৬ সালের চারটি হজ প্যাকেজ ঘোষণা করেছিল অন্তর্বর্তীকালীন সরকার। এর মধ্যে সরকারি হজ প্যাকেজ-১ (বিশেষ)-এ মোট খরচ ছিল ৬ লাখ ৯০ হাজার ৫৯৭ টাকা। সরকারি প্যাকেজ-২-এ ৫ লাখ ৫৮ হাজার ৮৮১ টাকা, সরকারি হজ প্যাকেজ-৩-এ ৪ লাখ ৬৭ হাজার ১৬৭ টাকা। এ ছাড়া বেসরকারি প্যাকেজে ছিল ৫ লাখ ৯ হাজার ১৮৫ টাকা।