সরকারের লক্ষ্য বৈষম্যহীন ‘রংধনু জাতি’ গড়ে তোলা: পার্বত্য প্রতিমন্ত্রী

১৯ জুলাই ২০২৬, ০৮:৫৩ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৬, ১০:৪৮ PM
চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন

চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন © টিডিসি ছবি

বর্তমান সরকারের লক্ষ্য একটি বৈষম্যহীন ‘রংধনু জাতি’ গড়ে তোলা। ধর্ম, বর্ণ, গোত্র কিংবা জাতিগত পরিচয়ের ভিত্তিতে কোনো বৈষম্যের সুযোগ থাকবে না। পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি-বাঙালি, সব সম্প্রদায়ের মানুষ সমানভাবে উন্নয়নের সুফল ভোগ করবে। পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স, আর দীর্ঘদিনের ভূমি সমস্যার স্থায়ী সমাধানে ক্যাডাস্ট্রাল সার্ভের উদ্যোগ নেওয়া হয়েছে।

সরকারের পার্বত্য চট্টগ্রাম উন্নয়নের রূপরেখা তুলে ধরে এসব কথা বলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

রবিবার (১৯ জুলাই) দিনব্যাপী খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলার চৌংড়াছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ, মহালছড়ি সদর ও মাইসছড়ি ইউনিয়নে দুর্গত মানুষের হাতে ত্রাণ তুলে দেওয়া এবং সার্কিট হাউসে জেলা প্রশাসন, জেলা পরিষদ, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে বিষয়গুলো তুলে ধরেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, নির্বাচনের আগে ঘোষিত সরকারের ৩১ দফা কর্মসূচির অন্যতম অঙ্গীকার ছিল একটি অন্তর্ভুক্তিমূলক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করছে।
তিনি বলেন, আমাদের স্লোগান ছিল ‘সবার আগে বাংলাদেশ’। মাননীয় প্রধানমন্ত্রী এর সঙ্গে যুক্ত করেছেন ‘সবার জন্য বাংলাদেশ’। যখন আমরা বলি ‘সবার জন্য বাংলাদেশ’, তখন সেখানে কোনো বৈষম্যের সুযোগ থাকে না। আর বৈষম্য না থাকলে হিংসা, প্রতিহিংসা কিংবা বিভেদেরও জায়গা থাকে না।

দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়ে প্রতিমন্ত্রী বলেন, একটি গোষ্ঠী বিভিন্ন সময় দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করে। সাম্প্রতিক সময়েও নানা ইস্যুতে আন্দোলনের চেষ্টা হয়েছে। তবে দেশের মানুষ এখন অনেক বেশি সচেতন। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নষ্ট কিংবা দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে সরকার কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামের তিন জেলার জনপ্রতিনিধিরা সরকারের সঙ্গে সমন্বয় করে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করছেন। তাঁদের পরামর্শ ও স্থানীয় জনগণের চাহিদার ভিত্তিতেই উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। সরকারের লক্ষ্য তিন পার্বত্য জেলার সব ধর্ম, বর্ণ ও জাতিগোষ্ঠীর মানুষের সমান উন্নয়ন নিশ্চিত করে জীবনমান উন্নত করা।

প্রতিমন্ত্রী বলেন, আমাদের উদ্দেশ্য একটাই— পাহাড়ি, বাঙালি, সব সম্প্রদায়ের মানুষ যেন সমানভাবে উন্নয়নের সুফল ভোগ করেন। মানুষ যত সরকারের কার্যক্রম দেখবে, ততই তাদের আস্থা বাড়বে।

সাম্প্রতিক বন্যা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার বিষয়ে তিনি বলেন, সরকার, প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বিত তৎপরতার কারণে বড় ধরনের জানমালের ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। মন্ত্রী ও সংসদ সদস্যরা সরাসরি দুর্গত মানুষের পাশে গিয়ে তাদের সমস্যার কথা শুনেছেন, যা বর্তমান সরকারের জনমুখী কর্মধারার প্রতিফলন।

সরকারি ব্যয় সাশ্রয়ের বিষয়েও প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকারের মন্ত্রিপরিষদের সদস্যরা বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা ও ভাতার একটি অংশ রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিচ্ছেন। এর মাধ্যমে জনগণের কাছে সাশ্রয়, স্বচ্ছতা ও জবাবদিহিতার বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে।

পার্বত্য অঞ্চলের উন্নয়নের প্রসঙ্গ তুলে তিনি বলেন, এখানকার জনপ্রতিনিধিরা পাহাড়ি-বাঙালি নির্বিশেষে সবার ভোটে নির্বাচিত হয়েছেন। ফলে উন্নয়নও হবে সব মানুষের জন্য সমানভাবে। অতীতের বিভেদ ও বৈষম্যের পুনরাবৃত্তি আর হবে না। পার্বত্য চট্টগ্রাম একটি অত্যন্ত সম্ভাবনাময় অঞ্চল। এ অঞ্চলের প্রাকৃতিক সম্পদ, পর্যটন, কৃষি এবং মানবসম্পদকে যথাযথভাবে কাজে লাগাতে পারলে শুধু পার্বত্য অঞ্চল নয়, সমগ্র বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব।

পাহাড় কাটা, অবৈধভাবে গাছ নিধন, বন উজাড় এবং পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে সরকারের অবস্থান অত্যন্ত কঠোর। যে-ই হোক না কেন, পাহাড় কাটা, বন ধ্বংস, পরিবেশের ক্ষতি কিংবা বন্যপ্রাণী নিধনের সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। প্রধানমন্ত্রী এ বিষয়ে স্পষ্ট নির্দেশনা দিয়েছেন।

তিনি জানান, অতীতে ধ্বংস হওয়া বনভূমি পুনরুদ্ধারে সরকার ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করছে। বিশেষ করে পার্বত্য অঞ্চলে স্থানীয় ও পরিবেশবান্ধব প্রজাতির গাছ লাগানোর পাশাপাশি সেগুলোর যথাযথ পরিচর্যার ব্যবস্থাও নেওয়া হচ্ছে।

পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন কার্যক্রম আরও সমন্বিতভাবে বাস্তবায়নের লক্ষ্যে নিয়মিত সমন্বয় সভা আয়োজনের বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। সংশ্লিষ্ট সংসদ সদস্যদের সঙ্গে বৈঠকের পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

পার্বত্য অঞ্চলের দীর্ঘদিনের ভূমি-সংক্রান্ত বিরোধ নিরসনে সরকার ক্যাডাস্ট্রাল সার্ভে (সি.এস. জরিপ) সম্পন্ন করার উদ্যোগ নিয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, পার্বত্য অঞ্চলের অন্যতম বড় সমস্যা হলো ভূমির পূর্ণাঙ্গ রেকর্ড না থাকা। এ কারণে প্রয়োজনীয় আইন ও বিধিমালা প্রণয়নের কাজ চলছে। জরিপ সম্পন্ন হলে সঠিক ভূমি রেকর্ড তৈরি হবে এবং জমি-সংক্রান্ত বিরোধ ও সংঘাত অনেকাংশে কমে আসবে।

প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, অতীতে পার্বত্য অঞ্চলের উন্নয়নের নামে বিপুল অর্থ ব্যয় হলেও তার দৃশ্যমান সুফল সাধারণ মানুষ খুব বেশি পায়নি। বর্তমান সরকার পরিকল্পিত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করছে। আমরা যে পরিকল্পনা নিয়ে এগোচ্ছি, ইনশাআল্লাহ সফল হতে পারলে আগামী দুই থেকে তিন বছরের মধ্যেই পার্বত্য চট্টগ্রামে দৃশ্যমান পরিবর্তন দেখতে পাবেন। উন্নয়নের সুফল প্রত্যন্ত অঞ্চলের প্রতিটি মানুষের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

এর আগে প্রতিমন্ত্রী মহালছড়ির চৌংড়াছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। পরে মহালছড়ি সদর ও মাইসছড়ি ইউনিয়নেও দুর্গত মানুষের হাতে ত্রাণ সহায়তা তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভূঁইয়া, খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত,পুলিশ সুপার মো. মোরতোজা আলী খাঁন-সহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা এবং রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

যোগদান করেই দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা গোবিপ্রব…
  • ২০ জুলাই ২০২৬
ব্যবসায়ী ও বালুখেকোদের টাকায় নির্বাচিতরা জনগণের কথা বলেন না…
  • ২০ জুলাই ২০২৬
লোগো-রিলস-মাসকট বানিয়ে প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কার নেও…
  • ২০ জুলাই ২০২৬
আগামীকাল ৮ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায় 
  • ২০ জুলাই ২০২৬
জমিতে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে দুই কৃষকের মৃত্যু
  • ২০ জুলাই ২০২৬
ফুলেল শুভেচ্ছা নিলেন না গোবিপ্রবির নবনিযুক্ত উপাচার্য অধ্যা…
  • ২০ জুলাই ২০২৬