জায়গার নাম ঝগড়ার চর, ঝগড়া তো হবেই: স্পিকার

০৭ জুন ২০২৬, ০৬:০৭ PM
শেরপুর-৩ আসনের সাংসদ মাহমুদুল হক রুবেল ও স্পিকার মেজর হাফিজ উদ্দিন

শেরপুর-৩ আসনের সাংসদ মাহমুদুল হক রুবেল ও স্পিকার মেজর হাফিজ উদ্দিন © সংগৃহীত ও সম্পাদিত

শেরপুরের শ্রীবরদী উপজেলার ঝগড়ার চর বাজারে একটি পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবি জাতীয় সংসদে উত্থাপন করেছেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল। এ সময় তার বক্তব্যের পর স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ একটি রসিক মন্তব্য সংসদ কক্ষে হাস্যরসের পরিবেশ সৃষ্টি করে।

রবিবার (৭ জুন) বিকেল ৩টায় স্পিকারের সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। এ বিষয়ে বক্তব্য দিতে গিয়ে মাহমুদুল হক রুবেল বলেন, তার নির্বাচনি এলাকা শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলা গারো পাহাড়ের পাদদেশে এবং সীমান্তবর্তী অঞ্চলে অবস্থিত। শ্রীবরদী উপজেলার ঝগড়ার চর বাজার চরাঞ্চলে হওয়ায় এটি থানা থেকে প্রায় ১০ থেকে ১৫ কিলোমিটার দূরে।

তিনি বলেন, ঝগড়ার চর বাজারে শ্রীবরদী, বকশীগঞ্জ ও ইসলামপুর— এই তিন উপজেলার মানুষ ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন প্রয়োজনে সমবেত হন। তিন উপজেলার সংযোগস্থলে অবস্থিত হওয়ায় বাজারটির গুরুত্ব অনেক বেশি। কিন্তু এলাকায় প্রায়ই চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি এমনকি হত্যাকাণ্ডের ঘটনাও ঘটে। থানা থেকে দূরে হওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ঘটনাস্থলে পৌঁছাতে সময় লাগে, ফলে ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। এ অবস্থায় ঝগড়ার চর বাজারে একটি পুলিশ ফাঁড়ি স্থাপনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

এমপি রুবেলের বক্তব্য শেষে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ রসিকতা করে বলেন, ‘মাননীয় সংসদ সদস্য, জায়গার নামই ঝগড়ার চর। এখানে তো ঝগড়া হবেই। পুলিশ গিয়ে কি ঝগড়া থামাতে পারবে?’

স্পিকারের এ মন্তব্যে সংসদ কক্ষে উপস্থিত সদস্যদের মধ্যে হাসির রোল পড়ে। তবে রসিকতার মধ্যেও সীমান্তবর্তী ও চরাঞ্চলের জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ঝগড়ার চর বাজারে একটি পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবি গুরুত্বের সঙ্গে উপস্থাপন করেন সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল।

কনস্টেবলের মতোও লাগে না—ওসিকে যুবদল আহ্বায়ক
  • ০৭ আগস্ট ২০২৬
সাকিবের সব রেকর্ড মুছে ফেলুন, বিসিবিকে শফিকুল
  • ০৭ আগস্ট ২০২৬
‘এইরকম এতিম দশায় ওপেন করা হইলো কেনো’—জুলাই জাদুঘর নিয়ে ফারু…
  • ০৭ আগস্ট ২০২৬
বিএম কলেজে ছাত্রদল-ছাত্রশিবিরের সমঝোতা বৈঠক, শান্ত হলো ক্যা…
  • ০৭ আগস্ট ২০২৬
ঢামেকে ছাত্রশিবিরের ৩.৬ কিলোমিটার ‘জুলাই লিগ্যাসি রান’
  • ০৭ আগস্ট ২০২৬
জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুলের ১২ অনুসারী বিএনপিতে…
  • ০৭ আগস্ট ২০২৬