ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত রাখতে হবে: স্পিকার হাফিজ উদ্দিন

২৩ মে ২০২৬, ০৮:৩১ PM
সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে স্পিকার

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে স্পিকার © টিডিসি ফটো

বিগত ২০ বছর ক্রীড়াঙ্গন রাজনীতির দখলে ছিলো উল্লেখ করে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত রাখতে হবে। আগে ক্রীড়াঙ্গনে কিছু দেওয়ার জন্য ক্রীড়ামোদিরা আসতেন; আর এখন আসেন নিতে। ক্রীড়ামোদিদের জায়গা এখন রাজনীতি ও ব্যবসায়ীরা দখল করেছে। এই ধারা থেকে বেরিয়ে আসা উচিত।

শনিবার (২৩ মে) দুপুরে যশোরের শামস-উল-হুদা ফুটবল একাডেমিতে ‘এএফসি গ্রাসরুটস ফুটবল ডে ও ওয়ার্ল্ড ফুটবল ডে ২০২৬’ উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে স্পিকার এসব কথা বলেন। দিনব্যাপী এই উৎসবকে কেন্দ্র করে খুলনা ও রাজশাহী বিভাগের ৮০০ ক্ষুদে ফুটবলারের পদচারণায় মুখর হয়ে ওঠে একাডেমি প্রাঙ্গণ।

স্মৃতিচারণ করে হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ছোট বাচ্চাদের দেখে আমি আমার তারুণ্যের দিনগুলিতে ফিরে গেলাম। যশোর আমার সবচেয়ে প্রিয় শহর। আমি যশোর সেনানিবাসে যুদ্ধ করেছি, এখানে আড়াই বছর চাকরিও করেছি। নাসের জাহেদীর মতো এমন ১০ জন ক্রীড়ামোদি থাকলে আমরা এতোদিনে বিশ্বকাপের কাছাকাছি থাকতাম। 

এ সময় তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশ এশিয়ার ফুটবল ম্যাপে আরও এগিয়ে যাবে এবং এশিয়ার মধ্যে অন্যতম সেরা দলে পরিণত হবে।

অনুষ্ঠানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল দেশের তৃণমূল ফুটবলের উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি বলেন, আমাদের আর্জেন্টিনা থেকে কোচ আনার পরিকল্পনা রয়েছে। যারা ভালো খেলবে, তাদের আর্জেন্টিনায় পাঠানোর বিষয়ও ভাবা হচ্ছে।

অনুষ্ঠানে উপস্থিত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস একাডেমির সুযোগ-সুবিধা দেখে সন্তোষ প্রকাশ করেন। তৃণমূল পর্যায় থেকে আগামী দিনের ফুটবল তারকাদের গড়ে তুলতেই এই ব্যতিক্রমধর্মী আয়োজন বলে জানিয়েছেন আয়োজকেরা।

বিকালে উৎসবের সমাপনী পর্বে ক্ষুদে খেলোয়াড়দের মাঝে সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে বাফুফের সহসভাপতি ও একাডেমির পরিচালক নাসের শাহরিয়ার জাহেদীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সাবেক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার
  • ০৭ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক নারী দিবসের স্পটলাইটে বাংলাদেশের শ্রেয়া ঘোষ
  • ০৭ আগস্ট ২০২৬
মেহেরপুর সীমান্তে ৫ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা
  • ০৭ আগস্ট ২০২৬
ধর্ষণ মামলায় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেপ্তার
  • ০৭ আগস্ট ২০২৬
মাদক সেবনের সময় ৩ যুবক আটক, গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ
  • ০৭ আগস্ট ২০২৬
আর্জেন্টিনা জাতীয় দলে কত দিন খেলবেন মেসি—জানালেন তাপিয়া
  • ০৭ আগস্ট ২০২৬