জ্বালানি তেল ব্যবহারে সবাইকে সাশ্রয়ী হতে হবে: অর্থ ও পরিকল্পনা মন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী © টিডিসি ফটো

বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় জ্বালানি তেল ব্যবহারে সবাইকে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, জ্বালানি নিরাপত্তার বিষয়ে কোনো ধরনের আপসের সুযোগ নেই এবং সংকট মোকাবিলায় সরকার বিভিন্ন উদ্যোগ নিয়ে কাজ করছে।

শুক্রবার (৪ এপ্রিল) বিকেল পাঁচটার দিকে চট্টগ্রামের কোরিয়ান ইপিজেড (কেইপিজেড) ইয়ংওয়ান কর্পোরেশনের মিলনায়তনে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ) শিক্ষার্থীদের স্কলারশিপ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বৈশ্বিক সংকটের প্রভাব শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বকেই প্রভাবিত করেছে। বাংলাদেশের অধিকাংশ জ্বালানি তেল মধ্যপ্রাচ্য থেকে আমদানি করা হয়। এ পরিস্থিতি মোকাবিলায় আন্তর্জাতিক পর্যায়ে যোগাযোগ অব্যাহত রয়েছে। তিনি জানান, এখন পর্যন্ত দেশে জ্বালানি নিয়ে কোনো সংকট তৈরি হয়নি এবং শিল্পকারখানাসহ সার্বিক কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

তিনি আরও বলেন, ঈদ শেষে মানুষ কর্মস্থলে ফিরেছে, কারখানাগুলো চালু রয়েছে এবং সরবরাহব্যবস্থা স্বাভাবিক আছে। তবে উচ্চমূল্যে তেল ও গ্যাস আমদানি দীর্ঘদিন চালিয়ে যাওয়া সম্ভব কি না, তা বিবেচনার বিষয়। এ কারণে শিগগিরই জ্বালানি তেলের দাম নিয়ে সিদ্ধান্ত আসতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।

সংকট মোকাবিলায় সরকার সাশ্রয় কর্মসূচি হাতে নিয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, 'মন্ত্রী থেকে সাধারণ মানুষ, সবাইকে সাশ্রয় কর্মসূচিতে অংশ নিতে হবে। জ্বালানি তেল ব্যবহারে সচেতন ও সাশ্রয়ী হতে হবে।' 

পুঁজিবাজার প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, পুঁজিবাজারে ইতিবাচক পরিবর্তন আনা হবে এবং বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে কাজ চলছে। ব্যাংকঋণনির্ভর বিনিয়োগের পরিবর্তে পুঁজিনির্ভর বিনিয়োগে গুরুত্ব দেওয়ার ওপর তিনি জোর দেন।

নতুন সরকারের কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, বর্তমান সরকার এখন পর্যন্ত সফলভাবে দায়িত্ব পালন করছে এবং দেশের সরবরাহব্যবস্থা সচল রয়েছে। চলমান বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় সবার সহযোগিতা কামনা করেন তিনি।

অনুষ্ঠানে সিআইইউর উপাচার্য অধ্যাপক ড. এম এম নুরুল আবসারের সভাপতিত্বে ও সহকারী রেজিস্ট্রার রুমা দাশের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন কোরিয়ান ইপিজেডের ব্যবস্থাপনা পরিচালক কর্নেল (অব.) মোহাম্মদ শাহজাহান।

এ সময় বক্তব্য দেন ইয়ংওয়ান কর্পোরেশন ও কোরিয়ান ইপিজেডের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কিহাক সাং, সিআইইউ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান লুৎফি এম আইয়ুব এবং সদস্য সৈয়দ মাহমুদুল হকসহ অন্যরা।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, কর্মকর্তা এবং ইয়ংওয়ান কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক শেখ শাহিনুর রহমানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, দূষণে বিশ্বে চতুর্থ
  • ১৪ নভেম্বর ২০২৬
৭ আপের চমক দেখাল নেদারল্যান্ডস
  • ১৪ নভেম্বর ২০২৬
দুই দশক পরও কাটেনি আবাসন সংকট, হলের বাইরে থাকছে ৭১ শতাংশ শি…
  • ১৪ নভেম্বর ২০২৬
যোগাযোগব্যবস্থায় ত্রুটি, যুক্তরাষ্ট্রের সব বিমানবন্দরে ফ্লা…
  • ১৪ নভেম্বর ২০২৬
মেসিবিহীন আর্জেন্টিনা প্রথম ম্যাচেই হোঁচট খেল
  • ১৪ নভেম্বর ২০২৬
যেসব এলাকায় টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950