৪৫তম বিসিএস
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। © সংগৃহীত
৪৫তম বিসিএসের নন-ক্যাডার পদে বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোতে (ব্যানবেইস) নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত ৩৮ জনের নিয়োগপ্রক্রিয়া প্রায় চার বছর ধরে আটকে রয়েছে। সব দাপ্তরিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরও নিয়োগ প্রজ্ঞাপন জারি না হওয়ায় অনিশ্চয়তা ও আর্থিক সংকটে পড়েছেন সুপারিশপ্রাপ্ত ব্যক্তিদের কেউ কেউ। দ্রুত নিয়োগ প্রজ্ঞাপন জারির দাবি জানিয়েছেন তাঁরা।
আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ২০২৫ সালের ২৭ নভেম্বর ৪৫তম বিসিএসের নন-ক্যাডার পদের চূড়ান্ত ফল প্রকাশ করে। 'নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা, ২০২৩'-এর বিধি ৬ অনুযায়ী প্রকাশিত ওই ফলে ৫৫৬টি সংশোধিত শূন্য পদের বিপরীতে ৫৪৫ জনকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়। তাঁদের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন ব্যানবেইসের বিভিন্ন পদে সুপারিশ পান ৩৮ জন।
সুপারিশপ্রাপ্ত ব্যক্তিরা জানান, নিয়োগপ্রক্রিয়ার অংশ হিসেবে তাঁদের মধ্যে ১৭ জন গত ১১ জুন স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করেন। এরপর দ্রুত নিয়োগ প্রজ্ঞাপন জারি হবে বলে তাঁরা আশা করেছিলেন। এ প্রত্যাশায় এবং আগের চাকরির জটিলতা এড়াতে তাঁদের মধ্যে তিন থেকে চারজন চাকরি থেকেও অব্যাহতি নেন।
বিজ্ঞপ্তিতে এক সুপারিশপ্রাপ্ত ব্যক্তির বরাত দিয়ে বলা হয়, আগের প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী, নিয়োগ প্রজ্ঞাপন প্রকাশের পর তাৎক্ষণিকভাবে চাকরি ছাড়লে মূল বেতনের তিন মাসের সমপরিমাণ অর্থ জরিমানা দিতে হতো। কয়েক লাখ টাকা জরিমানা এড়াতে এবং স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হওয়ায় দ্রুত নিয়োগের আশায় তাঁরা আগেই চাকরি ছাড়েন। কিন্তু পাঁচ মাস পেরিয়ে গেলেও নিয়োগ প্রজ্ঞাপন না হওয়ায় তাঁরা বেকার ও আর্থিক সংকটে পড়েছেন।
ওই সুপারিশপ্রাপ্ত ব্যক্তি বলেন, মধ্যবিত্ত পরিবারের সন্তান হিসেবে কয়েক লাখ টাকা জরিমানা দেওয়া তাঁদের পক্ষে কঠিন ছিল। দ্রুত নিয়োগের আশায় চাকরি ছাড়লেও এখন তাঁরা অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হয় ২০২২ সালের ৩০ নভেম্বর। ২০২৩ সালের ১৯ মে প্রিলিমিনারি পরীক্ষা এবং ২০২৪ সালের ২৩ থেকে ৩১ জানুয়ারি লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। দীর্ঘ প্রক্রিয়া শেষে ২০২৫ সালের ২৬ নভেম্বর চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি প্রকাশ থেকে চূড়ান্ত ফল প্রকাশ পর্যন্ত প্রায় তিন বছর সময় লাগে।
সুপারিশপ্রাপ্ত ৩৮ জন শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট উপদেষ্টা বা মন্ত্রী এবং সচিবের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তাঁদের দাবি, দীর্ঘসূত্রতা কাটিয়ে দ্রুত নিয়োগ প্রজ্ঞাপন জারি করা হোক, যাতে তাঁরা কর্মস্থলে যোগ দিয়ে দেশের শিক্ষা খাতের তথ্য ও পরিসংখ্যান উন্নয়নে ভূমিকা রাখতে পারেন।