রোনালদোবিহীন পর্তুগাল প্রথম ম্যাচেই বিধ্বস্ত

১৫ নভেম্বর ২০২৬, ০৮:১৮ AM
রোনালদোবিহীন পর্তুগাল

রোনালদোবিহীন পর্তুগাল © টিডিসি ছবি

ক্রিশ্চিয়ানো রোনালদোর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণার পর নিজেদের প্রথম ম্যাচেই বড় পরাজয়ের মুখে পড়েছে পর্তুগাল। ঘরের মাঠে ডেনমার্কের কাছে ৪-১ গোলে হেরেছে দলটি। সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড স্ট্রাইকার রাসমুস হয়লুন্ডের জোড়া গোলে দুর্দান্ত জয় পেয়েছে ডেনমার্ক।

শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাতে ব্রাগায় অনুষ্ঠিত উয়েফা নেশনস লিগের ম্যাচে প্রথমার্ধের শেষ দিকে পেনাল্টি থেকে গোল করে ডেনমার্ককে এগিয়ে দেন পিয়েরে-এমিল হইবিয়ের্গ। দ্বিতীয়ার্ধে মাত্র আট মিনিটের ব্যবধানে জোড়া গোল করেন নাপোলিতে খেলা রাসমুস হয়লুন্ড। এরপর জোয়াকিম অ্যান্ডারসেনের গোলে ব্যবধান ৪-০ করে ডেনমার্ক। ম্যাচের অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটে বার্নার্দো সিলভা পর্তুগালের হয়ে একমাত্র গোলটি করেন।

ম্যাচে রোনালদোকে স্মরণ করে বিশেষ আয়োজন করেছিল পর্তুগাল। মাঠে প্রবেশের সময় খেলোয়াড় ও মাসকটদের গায়ে ছিল ‘রোনালদো ৭’ লেখা জার্সি। গ্যালারির ওপরের অংশে সমর্থকেরা প্রদর্শন করেন ‘রোনালদো’ এবং নিচের অংশে ‘গোট’ (গ্রেটেস্ট অব অল টাইম) লেখা। এ ছাড়া ‘ধন্যবাদ, অধিনায়ক’ লেখা ব্যানারও দেখা যায়। ম্যাচের সপ্তম মিনিটে স্কোরবোর্ডেও একই ধরনের শ্রদ্ধাবার্তা প্রদর্শন করা হয়।

তবে রোনালদোকে ঘিরে আবেগঘন আয়োজনের মধ্যেও মাঠের খেলায় আধিপত্য দেখায় ডেনমার্ক। প্রথমার্ধের শেষ দিকে রুবেন দিয়াসের হ্যান্ডবলের কারণে পেনাল্টি পায় তারা। স্পটকিক থেকে গোল করে দলকে এগিয়ে দেন সাবেক সাউদাম্পটন ও টটেনহাম মিডফিল্ডার পিয়েরে-এমিল হইবিয়ের্গ।

দ্বিতীয়ার্ধের শুরুতে ম্যাচের নিয়ন্ত্রণ আরও শক্তভাবে নিজেদের হাতে নেয় ডেনমার্ক। মাত্র আট মিনিটের ব্যবধানে দুইবার পর্তুগালের জালে বল পাঠান রাসমুস হয়লুন্ড। এরপর ৭৫ মিনিটে জোয়াকিম অ্যান্ডারসেন হেডে গোল করলে ৪-০ ব্যবধানে এগিয়ে যায় সফরকারীরা।

ম্যাচের অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটে জোয়াও নেভেসের ফিরতি বল থেকে কাছাকাছি দূরত্বে গোল করেন বার্নার্দো সিলভা। তবে তাঁর এই গোল পর্তুগালকে বড় পরাজয়ের হাত থেকে রক্ষা করতে পারেনি।

৪১ বছর বয়সী ক্রিশ্চিয়ানো রোনালদো ২০০৩ সালে আন্তর্জাতিক ফুটবলে অভিষেকের পর পর্তুগালের হয়ে ২৩৪টি ম্যাচ খেলেছেন এবং করেছেন ১৪৬ গোল। জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোল—দুই ক্ষেত্রেই বিশ্ব রেকর্ডের মালিক তিনি। পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই মহাতারকা গত সপ্তাহে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান।

যদিও পর্তুগালের কোচ হোর্হে জেসুস জানিয়েছিলেন, ডেনমার্ক ও ওয়েলসের বিপক্ষে উয়েফা নেশনস লিগের ম্যাচে রোনালদোকে দলে রাখার পরিকল্পনা ছিল তাঁর। এর আগে সেপ্টেম্বরে ডেনমার্কের বিপক্ষে প্রথম ম্যাচে শুরুর একাদশে জায়গা না পাওয়ার কথা জানার পর পর্তুগালের দলীয় ক্যাম্প ছেড়ে চলে গিয়েছিলেন রোনালদো। এ ঘটনায় তাঁকে ২১৫ পাউন্ড জরিমানা এবং ৩০ দিনের নিষেধাজ্ঞার মুখেও পড়তে হয়েছিল।

নেশনস লিগে নিজেদের প্রথম চার ম্যাচেই জয় পেয়েছিল পর্তুগাল। ফলে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলেও গ্রুপসেরা হওয়ার লড়াইয়ে এখন ওয়েলসের বিপক্ষে ম্যাচটি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আগামী ১৭ নভেম্বর কার্ডিফে ওয়েলসের মুখোমুখি হবে পর্তুগাল। গ্রুপসেরা হতে হলে ম্যাচটিতে হার এড়াতে হবে তাদের।

অন্যদিকে তিন পয়েন্টের ব্যবধানে গ্রুপের দ্বিতীয় স্থানে থাকা ডেনমার্ক আগামী মঙ্গলবার নরওয়ের আতিথ্য নেবে।

রোনালদোবিহীন পর্তুগাল প্রথম ম্যাচেই বিধ্বস্ত
  • ১৫ নভেম্বর ২০২৬
পরীক্ষার খাতা মূল্যায়নে কোডিং পদ্ধতি চালু করছে নওগাঁ বিশ্বব…
  • ১৫ নভেম্বর ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা প্রক্রিয়া আরও সহজ করল জার…
  • ১৫ নভেম্বর ২০২৬
বঙ্গোপসাগরে লঘুচাপ শক্তিশালী হচ্ছে, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ…
  • ১৫ নভেম্বর ২০২৬
শুধু ফুসফুস নয়, বায়ুদূষণে ক্ষতিগ্রস্ত হতে পারে হৃদযন্ত্র ও …
  • ১৫ নভেম্বর ২০২৬
আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ, একাদশে বাড়ত…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950