সাফে গ্যালারি ভর্তি দর্শক ও আদিল নবী © সংগৃহীত
সাফ চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে স্বাগতিক দর্শকদের চুপ করিয়ে দেওয়ার প্রত্যয় জানিয়েছে পাকিস্তান। ঢাকার জাতীয় স্টেডিয়ামে গ্যালারিভর্তি দর্শকের সামনে খেলতে নামলেও সেটিকে বাড়তি চাপ হিসেবে নিতে চান না পাকিস্তানের মিডফিল্ডার আদিল নবী। বরং দর্শকদের সমর্থন বাংলাদেশের পক্ষে থাকলেও তাদের নীরব করে দেওয়ার চ্যালেঞ্জ নিতে প্রস্তুত তারা।
শনিবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ৮টায় ঢাকার জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। ম্যাচের আগের দিন শুক্রবার সকালে অনুশীলন করে পাকিস্তান দল। অনুশীলন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ৩২ বছর বয়সী মিডফিল্ডার আদিল নবী।
বাংলাদেশের বিপক্ষে তাদের ঘরের মাঠে খেলা কতটা চাপের—এমন প্রশ্নের জবাবে আদিল বলেন, ‘বাংলাদেশের সব সমর্থক ও ভক্তরা থাকবে। তবে দিনশেষে এটি একটি ফুটবল ম্যাচ। আমাদের অনেকেই বড় স্টেডিয়ামে এবং প্রচুর দর্শকের সামনে খেলে অভ্যস্ত। তাই আমাদের জন্য এটি কেবল আরেকটি ম্যাচ হবে।’
তিনি আরও বলেন, ‘হ্যাঁ, তারা (দর্শক) আমাদের বিপক্ষে থাকবে, তবে এটি দর্শকদের চুপ করিয়ে দেওয়ার জন্য আরও বেশি শক্তি ও সামর্থ্য জোগাবে আমাদের। আমরা সেটির জন্য মুখিয়ে আছি।’
এদিকে বাংলাদেশের তারকা ফুটবলার হামজা চৌধুরীকে নিয়ে ভাবছেন না বলে জানিয়েছেন পাকিস্তানের গোলরক্ষক ইউসুফ বাট। সেমিফাইনালের আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘আমি হামজাকে নিয়ে ভাবছি না। আমি ভাবছি, আমার ভালো বন্ধু জামাল ভূঁইয়ার সঙ্গে খেলার কথা।’
পাকিস্তানের দলেও ভালো মানের খেলোয়াড় রয়েছেন বলে মনে করিয়ে দিয়েছেন ইউসুফ। আবদুল্লাহ ইকবাল, সুনাইমান, আদিল নবী ও আবদুল আরশাদের নাম উল্লেখ করে তিনি বলেন, ‘হামজা চৌধুরীকে নিয়ে অনেক কথা হয়। কিন্তু আমাদের দলেও ভালো খেলোয়াড় আছে। আমি নিশ্চিত করে বলতে পারি, আমাদেরও ভালো খেলোয়াড় আছে।’
পাকিস্তান দলে নতুন করে পাঁচজন খেলোয়াড় যোগ দিচ্ছেন। তাদের নিয়েও আশাবাদী ইউসুফ। তবে ব্যক্তিগত নৈপুণ্যের চেয়ে দলীয় পারফরম্যান্সকেই বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি। ইউসুফ বলেন, ‘আশা করি, তারা মাঠে নেমে দলকে সাহায্য করতে পারবে। তবে ফুটবল কোনো একজনের খেলা নয়, এটি পুরো দলের খেলা। আমরা দল হিসেবে বাংলাদেশের বিপক্ষে নিজেদের সেরাটা দিতে চাই।’
দুই দলের মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানেও এগিয়ে বাংলাদেশ। এখন পর্যন্ত ১৭ ম্যাচে বাংলাদেশের জয় সাতটি, পাকিস্তানের জয় পাঁচটি। বাকি পাঁচটি ম্যাচ ড্র হয়েছে। ২০১৮ সালের সাফে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের কথাও মনে আছে ইউসুফের।
গ্যালারিতে বাংলাদেশের সমর্থকদের উপস্থিতি পাকিস্তানের জন্য বাড়তি চাপ তৈরি করতে পারে বলে স্বীকার করেছেন এই গোলরক্ষক। তবে সেমিফাইনালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রযুক্তি থাকায় স্বস্তি পাচ্ছেন তিনি। ইউসুফ বলেন, ‘স্বাগতিক দল যখন নিজেদের মাঠে খেলে, তখন দর্শকদের কারণে অনেক চাপ তৈরি হয়। ভিএআর থাকায় আমি খুশি। এটি আমাদের জন্য বড় সহায়তা হবে।’
পাকিস্তানের হয়ে সাফের শিরোপা জয়ের স্বপ্নও দেখছেন ইউসুফ। ভারতের বিপক্ষে আগের ম্যাচের হতাশা পেছনে ফেলে ফাইনালে উঠতে চান তিনি। তবে আপাতত তার সব মনোযোগ বাংলাদেশের বিপক্ষে সেমিফাইনালে। ইউসুফ বলেন, ‘আমি আবার ভারতের বিপক্ষে খেলতে চাই। ভারতের বিপক্ষে আগের ম্যাচটি আমাদের জন্য খুব খারাপ ছিল। তবে প্রতিবার একটি করে ম্যাচ, এখন আমাদের সামনে বাংলাদেশ।’
অন্যদিকে ২৩ বছর পর ঘরের মাঠে সাফের শিরোপা জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ। সর্বশেষ ২০০৩ সালে দেশের মাটিতে সাফ চ্যাম্পিয়ন হয়েছিল দলটি। এবার হামজা-জামালদের সামনে ফাইনালে ওঠার চ্যালেঞ্জ। তবে পাকিস্তানও শিরোপা জিততে চায়। ইউসুফের কথায়, ‘সাফ আমাদের জন্য বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট। এটি জেতা আমাদের বড় লক্ষ্য। আশা করি, এবার আমরা ইতিহাস গড়তে পারব এবং শেষ পর্যন্ত যেতে পারব।’
শনিবার রাত সাড়ে ৮টায় ঢাকার জাতীয় স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।