সাদ উদ্দিন © সংগৃহীত
সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কাকে ৪-০ গোলে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। তবে বড় জয়ের আনন্দের মধ্যেই দুঃসংবাদ পেয়েছে দল। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে চোট পাওয়া তারকা ফুটবলার সাদ উদ্দীন এবারের সাফ থেকে ছিটকে গেছেন। গুরুতর চোটের কারণে অন্তত এক বছর মাঠের বাইরে থাকতে হতে পারে এই ডানপ্রান্তের ফুটবলারকে।
বুধবার শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের ৭৬তম মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়তে হয় সাদকে। প্রাথমিকভাবে পাওয়া তথ্যে জানা গেছে, তার গোড়ালির পেছনের অংশে থাকা অ্যাকিলিস টেন্ডনে (পায়ের পেছনের রগ) গুরুতর আঘাত লেগেছে। এই টেন্ডন পায়ের পেশির সঙ্গে গোড়ালির হাড়ের সংযোগ তৈরি করে। হাঁটা, দৌড়ানো ও লাফানোর মতো কাজে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সাদের চোটের বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। বৃহস্পতিবার অনুশীলনে এসে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। এ সময় সাদের চোটের বিষয়ে জানতে চাইলে জামাল বলেন, ‘আমি শুনলাম ওনার (সাদ) অ্যাকিলিস (পায়ের রগ) ছিঁড়ে গেছে। অন্তত এক বছর (মাঠের) বাইরে থাকতে হবে।’
সাদের ছিটকে যাওয়ায় সেমিফাইনালের আগে বড় ধাক্কা খেল বাংলাদেশ। গুরুত্বপূর্ণ এই ফুটবলারের বিকল্প খুঁজে বের করতে হবে কোচ টমাস ডুলিকে। তবে এ জন্য খুব বেশি সময় হাতে পাচ্ছেন না তিনি। আগামী ১৪ নভেম্বর ফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ।
ঢাকার জাতীয় স্টেডিয়ামে টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। ম্যাচটি শুরু হবে রাত সাড়ে ৮টায়। ফাইনালে ওঠার গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে সাদের অনুপস্থিতি দলের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।