লিওনেল মেসি © টিডিসি ছবি
লিওনেল মেসিকে ছাড়াই নতুন মিশন শুরু করতে যাচ্ছে তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরে ফিফা আন্তর্জাতিক বিরতিতে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে লিওনেল স্কালোনির দল। এ সময় আর্জেন্টিনার সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে রয়েছে উরুগুয়ে ও কোস্টারিয়া। এর মধ্যে উরুগুয়ের বিপক্ষে ম্যাচটি আয়োজনের পরিকল্পনা করছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। তবে ম্যাচের তারিখ ও ভেন্যু এখনো চূড়ান্ত হয়নি।
আর্জেন্টিনার স্থানীয় সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, রিও দে লা প্লাতার ঐতিহ্যবাহী দ্বৈরথের নতুন সংস্করণে মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা ও উরুগুয়ে। ম্যাচটি বোকা জুনিয়র্সের মাঠ লা বোম্বোনেরায় আয়োজনের পরিকল্পনা রয়েছে। সবকিছু ঠিক থাকলে নভেম্বরে ফিফা আন্তর্জাতিক বিরতিতে মাঠে গড়াতে পারে দুই দলের লড়াই।
এএফএর পরিকল্পনা অনুযায়ী, নভেম্বরে নিজেদের মাঠে আরও একটি ম্যাচ খেলতে পারে আর্জেন্টিনা। সে ক্ষেত্রে কোস্টারিকা জাতীয় দল হতে পারে তাদের প্রতিপক্ষ। আগামী ৯ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত চলবে পরবর্তী ফিফা আন্তর্জাতিক বিরতি। এ সময়ের ম্যাচগুলোকে মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখা হচ্ছে।
আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ ম্যাচটি ছিল গত ৭ অক্টোবর বেনিনের বিপক্ষে। মনুমেন্তাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ওই ম্যাচে ৩-০ গোলে জয় পায় আর্জেন্টিনা। ম্যাচটিতে দলের তিনটি গোলেই অবদান রাখেন মেসি। নিজে একটি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করান আরও দুটি গোল।
আন্তর্জাতিক ফুটবলে দীর্ঘ ২১ বছরের ক্যারিয়ার শেষে বিদায়ী বক্তব্য দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন আর্জেন্টাইন অধিনায়ক। কান্নায় ভেঙে পড়েন তিনি। মেসির বিদায়ের মধ্য দিয়ে আর্জেন্টিনার ফুটবলে একটি দীর্ঘ ও সফল অধ্যায়ের সমাপ্তি ঘটে।