ভিনিসিয়ুস জুনিয়র © টিডিসি ফটো
ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচে লাল কার্ড দেখার পর শাস্তির মুখে পড়তে পারেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র। রেফারির প্রতিবেদনে তার আচরণকে ‘আক্রমণাত্মক’ হিসেবে উল্লেখ করা হয়েছে। ফলে দুই বা তিন ম্যাচের নিষেধাজ্ঞা পেতে পারেন তিনি। যদি দুই ম্যাচের নিষেধাজ্ঞাও তিনি পান তবে বার্সেলোনার বিপক্ষে গুরুত্বপূর্ণ এল ক্লাসিকো মিস করবেন তিনি।
ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো তার ফেসবুক পোস্টে এ বিষয়ে জানিয়েছেন। স্প্যানিশ সংবাদমাধ্যম কোপের প্রতিবেদন অনুযায়ী, ভিনিসিয়ুসকে তিন ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে বলে আশঙ্কা করছে রিয়াল মাদ্রিদ। শাস্তি কমিয়ে দুই ম্যাচ করা হলেও এল ক্লাসিকোতে তার খেলা অনিশ্চিত হয়ে পড়বে।
ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচে রিয়াল মাদ্রিদের হয়ে ২-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার গোলটি করার পরই লাল কার্ড দেখেন ভিনিসিয়ুস। ভিএআরের পর্যালোচনায় দেখা যায়, সুবিধা আদায়ের জন্য তিনি প্রতিপক্ষের খেলোয়াড় সালিবার চুল টেনেছেন। এ ঘটনার পর তাকে সরাসরি লাল কার্ড দেখানো হয়।
লা লিগার শৃঙ্খলাবিধি অনুযায়ী, সরাসরি লাল কার্ডের ঘটনায় অপরাধের ধরন ও গুরুত্ব বিবেচনায় বিভিন্ন মেয়াদে নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে। প্রতিপক্ষের স্পষ্ট গোলের সুযোগ নষ্ট করার মতো তুলনামূলক কম গুরুতর অপরাধে এক ম্যাচের নিষেধাজ্ঞা হতে পারে, যদি অতিরিক্ত শক্তি প্রয়োগ না করা হয় বা শৃঙ্খলাবিধিতে উল্লেখিত অন্য কোনো গুরুতর পরিস্থিতি না থাকে।
অন্যদিকে, সহিংস আচরণ, গুরুতর ফাউল বা রেফারিকে অপমান করার মতো ঘটনায় দুই থেকে তিন ম্যাচের নিষেধাজ্ঞা হতে পারে। বিশেষভাবে গুরুতর আক্রমণাত্মক আচরণের ক্ষেত্রে চার বা তার বেশি ম্যাচ নিষিদ্ধ হওয়ার বিধানও রয়েছে।
লাল কার্ড দেখানোর পর ভিনিসিয়ুসের আচরণ নিয়েও প্রতিবেদনে উল্লেখ করেছেন রেফারি। তিনি লিখেছেন, ‘লাল কার্ড দেখানোর পরও ভিনি আমার সিদ্ধান্তের প্রতিবাদ করে যাচ্ছিলেন। তিনি উচ্চস্বরে চিৎকার করছিলেন এবং তার আচরণও ছিল আক্রমণাত্মক।’
ভিনিসিয়ুসের শাস্তির বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। তবে রেফারির প্রতিবেদনে তার আচরণ সম্পর্কে এমন মন্তব্য থাকায় নিষেধাজ্ঞার আশঙ্কা বেড়েছে। শেষ পর্যন্ত দুই বা তিন ম্যাচের নিষেধাজ্ঞা হলে বার্সেলোনার বিপক্ষে এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদ এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে পাবে কি না, তা নির্ভর করছে চূড়ান্ত শাস্তির সিদ্ধান্তের ওপর।