জাতীয় দল থেকে অবসরের পর মেসির ৩ লক্ষ্য

০৯ অক্টোবর ২০২৬, ০৬:৫১ PM
 লিওনেল মেসি

লিওনেল মেসি © সংগৃহীত

আর্জেন্টিনা জাতীয় দল থেকে বিদায়ের পর এবার ইন্টার মায়ামিকে ঘিরেই নতুন তিনটি লক্ষ্য ঠিক করেছেন লিওনেল মেসি। ২০২৬ সালের মৌসুমে ক্লাবটির হয়ে এমএলএস কাপ জয়, প্রথমবারের মতো লিগের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার অর্জন এবং টানা তৃতীয়বারের মতো মৌসুমের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়ে ইতিহাস গড়তে চান আটবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা। আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আর্জেন্টিনার জার্সিতে ২১ বছরের বর্ণাঢ্য অধ্যায়ের ইতি টানার পর এখন মেসির পুরো মনোযোগ ইন্টার মায়ামিতে। বেনিনের বিপক্ষে ৩-০ গোলের জয়ে জাতীয় দলকে বিদায় জানানোর পর ক্লাবের হয়ে মৌসুমের বাকি সময়টাকে স্মরণীয় করে রাখতে চান তিনি।

ইন্টার মায়ামির হয়ে এরই মধ্যে লিগস কাপ, সাপোর্টার্স শিল্ড ও ক্যাম্পেওনেস কাপ জিতেছেন মেসি। এবার তার চোখ এমএলএস কাপের দিকে। গত মৌসুমের সাফল্যের পুনরাবৃত্তি ঘটিয়ে টানা দ্বিতীয়বারের মতো এই শিরোপা জিততে চান আর্জেন্টাইন তারকা।

মৌসুমের শেষ দিকে গুরুত্বপূর্ণ সময় পার করছে মায়ামি। প্লে-অফ নিশ্চিত করা দলটি পূর্বাঞ্চলীয় কনফারেন্সে ৪৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। জাতীয় দলের ব্যস্ততা শেষে মায়ামিতে ফিরে সতীর্থদের সঙ্গে অনুশীলনেও যোগ দিয়েছেন মেসি। আগামী শনিবার ডিসি ইউনাইটেডের বিপক্ষে ম্যাচ দিয়ে ক্লাবের হয়ে আবার মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন তিনি।

দলীয় সাফল্যের পাশাপাশি ব্যক্তিগত অর্জনেও নজর রয়েছে মেসির। চলতি এমএলএস মৌসুমে এখন পর্যন্ত ২১ গোল করে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে রয়েছেন তিনি। ১৮ গোল নিয়ে তার পেছনে আছেন ডিসি ইউনাইটেডের পেতার মুসা। মৌসুমে এখনো সাতটি ম্যাচ বাকি থাকায় গোলের ব্যবধান আরও বাড়ানোর সুযোগ রয়েছে মেসির সামনে।

গোলের এই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে প্রথমবারের মতো এমএলএসের গোল্ডেন বুট জিততে পারেন তিনি। তাতে দলকে শিরোপা জেতানোর পাশাপাশি ব্যক্তিগতভাবেও সেরার স্বীকৃতি পাওয়ার সুযোগ তৈরি হবে তার সামনে।

মেসির তৃতীয় লক্ষ্যটি আরও বড় রেকর্ড গড়ার সঙ্গে জড়িত। এমএলএসে আগের দুই মৌসুমেই সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন তিনি। এবারও মৌসুমের সেরা খেলোয়াড় বা এমভিপি নির্বাচিত হলে লিগটির ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে টানা তিন মৌসুম এই পুরস্কার জয়ের কীর্তি গড়বেন আর্জেন্টাইন অধিনায়ক।

৩৯ বছর বয়সেও নতুন অর্জনের সম্ভাবনা জিইয়ে রেখেছেন মেসি। জাতীয় দলের হয়ে বিশ্বকাপ ও কোপা আমেরিকা জয়ের পর এবার যুক্তরাষ্ট্রের ক্লাব ফুটবলেও নিজের শ্রেষ্ঠত্ব আরও প্রতিষ্ঠিত করার সুযোগ রয়েছে তার সামনে। এমএলএস কাপ, গোল্ডেন বুট ও টানা তৃতীয় এমভিপি—এই তিন লক্ষ্য পূরণ করতে পারলে ইন্টার মায়ামির হয়ে ২০২৬ সালের মৌসুমটি স্মরণীয় করে রাখতে পারবেন ফুটবল বিশ্বের এই মহাতারকা।

অতিরিক্ত সাইকেল চালালে পুরুষের শুক্রাণু কমে যায়? যা বলছে গব…
  • ০৯ অক্টোবর ২০২৬
জাপানের এহিমে বিশ্ববিদ্যালয়ের সিম্পোজিয়ামে অংশ নিলেন ঢাবির …
  • ০৯ অক্টোবর ২০২৬
চবির এক হলে ধূমপান নিষিদ্ধ, অমান্য করলে পেতে হবে শাস্তি
  • ০৯ অক্টোবর ২০২৬
ডিগ্রিতে ভর্তি আবেদনের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ০৯ অক্টোবর ২০২৬
প্রথম মেসেজ রবিনের, ‘১৭’র আবরার ফাহাদ, মেরে বের করে দিবি দ্…
  • ০৯ অক্টোবর ২০২৬
দেশে এক বছরে শিক্ষার্থী কমেছে সাড়ে ৯ লাখ
  • ০৯ অক্টোবর ২০২৬