ক্লাউদিয়া পিনার চার গোল © সংগৃহীত
রিয়াল মাদ্রিদের জালে একে একে সাত গোল দিয়েছে বার্সেলোনা। প্রথমার্ধেই চার গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ার পর বিরতিতেও আরও তিনবার প্রতিপক্ষের জালে বল পাঠিয়েছে কাতালান ক্লাবটি। শেষ পর্যন্ত স্পেনের নারীদের শীর্ষ লিগ লিগা এফ-এ রিয়াল মাদ্রিদকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা।
রোববার রাতে কাম্প নউয়ে অনুষ্ঠিত ম্যাচে বার্সেলোনার হয়ে একাই চার গোল করেছেন ক্লাউদিয়া পিনা। ম্যাচের চতুর্থ মিনিটেই গোল করে দলকে এগিয়ে দেন ২৫ বছর বয়সি এই স্প্যানিশ স্ট্রাইকার। এরপর ২৮ ও ৩২তম মিনিটে আরও দুই গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি।
৩৩তম মিনিটে বার্সেলোনার হয়ে স্কোরশিটে নাম লেখান কারোলিন। প্রথমার্ধের নির্ধারিত সময়ের শেষ মিনিটে নিজের চতুর্থ গোলটি করেন পিনা। ফলে বিরতিতে ৫-০ গোলে এগিয়ে যায় স্বাগতিকরা।
দ্বিতীয়ার্ধেও রিয়াল মাদ্রিদকে কোনো সুযোগ দেয়নি বার্সেলোনা। ৫৫তম মিনিটে এওয়া পাহর গোল করে ব্যবধান ৬-০ করেন। ম্যাচের ৮৮তম মিনিটে শেরতেনলিবের গোলে বার্সেলোনার জয় নিশ্চিত হয় ৭-০ ব্যবধানে।
রিয়াল মাদ্রিদের বিপক্ষে এটি বার্সেলোনার মেয়েদের ২৮টি অফিসিয়াল ম্যাচে ২৭তম জয়। এই ম্যাচগুলোতে বার্সেলোনা প্রতিপক্ষের জালে ১১৪ গোল করেছে। বিপরীতে তারা হজম করেছে মাত্র ১৩টি গোল।
চলতি লিগেও দুর্দান্ত ছন্দে রয়েছে বার্সেলোনা। ছয় ম্যাচের সবকটিতে জিতে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে তারা। সমান ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ।