১৬ বছর বয়সেই যুক্তরাষ্ট্র জাতীয় ফুটবল দলে ডাক পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার

১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৬ AM , আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৮ AM
 যুক্তরাষ্ট্রের কোচ পচেত্তিনো

যুক্তরাষ্ট্রের কোচ পচেত্তিনো © সংগৃহীত

মাত্র ১৬ বছর বয়সেই যুক্তরাষ্ট্র জাতীয় ফুটবল দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার কাভান সুলিভান। সেপ্টেম্বর-অক্টোবরে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক উইন্ডোর জন্য কোচ মরিসিও পচেত্তিনোর ঘোষিত স্কোয়াডে জায়গা করে নিয়েছেন ফিলাডেলফিয়া ইউনিয়নের এই তরুণ অ্যাটাকিং মিডফিল্ডার। মাঠে নামার সুযোগ পেলে যুক্তরাষ্ট্রের ইতিহাসে চতুর্থ সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হবে তার।

চারটি প্রীতি ম্যাচের জন্য ঘোষিত স্কোয়াডে কাভানসহ অভিষেকের অপেক্ষায় থাকা ১৩ জন ফুটবলার রয়েছেন। আগামী ২৮ সেপ্টেম্বর ১৭ বছরে পা দিতে যাওয়া কাভানের জন্য জাতীয় দলে এই ডাক তার দ্রুত উত্থানের আরেকটি বড় মাইলফলক।

২০২৬ বিশ্বকাপ শেষে এমএলএসের (মেজর লিগ সকার) মৌসুম পুনরায় শুরুর পর থেকেই দুর্দান্ত ফর্মে রয়েছেন কাভান। ধারাবাহিক পারফরম্যান্সের কারণে তাকে আমেরিকান ফুটবলের অন্যতম সেরা প্রতিভা হিসেবে বিবেচনা করা হচ্ছে। মাত্র ১৪ বছর বয়সেই ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে পেশাদার ফুটবলে অভিষেক করেছিলেন তিনি।

কাভান সুলিমান

কাভানের সঙ্গে বাংলাদেশেরও রয়েছে বিশেষ যোগসূত্র। তার নানি সুলতানা আলম ঢাকার বাসিন্দা ছিলেন। এছাড়া কাভানের চেয়ে বয়সে বড় জমজ ভাই রোনান ও ডেকলান বাংলাদেশ অনূর্ধ্ব-২০ জাতীয় দলের হয়ে খেলেছেন।

আসন্ন আন্তর্জাতিক উইন্ডোকে একঝাঁক তরুণ প্রতিভাকে পরখ করার সুযোগ হিসেবে বেছে নিয়েছেন যুক্তরাষ্ট্রের কোচ মরিসিও পচেত্তিনো। স্কোয়াডে রাখা হয়নি ক্রিস্টিয়ান পুলিসিক, ওয়েস্টন ম্যাককিনি ও ফোলারিন বালোগানের মতো দলের কয়েকজন পরিচিত খেলোয়াড়কে।

কাভানের মতো জাতীয় দলে নতুন সুযোগ পাওয়া অন্য তরুণদের মধ্যে রয়েছেন জ্যাভিয়ার গোজো, পেইটন মিলার, জুলিয়ান হল ও আদ্রি মেহমেতি। ফিলাডেলফিয়ায় কাভানের সঙ্গে খেলা নিল পিয়েরে ও ফ্র্যাঙ্কি ওয়েস্টফিল্ডও প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র জাতীয় দলে ডাক পেয়েছেন। ফলে জাতীয় দলের প্রথম ক্যাম্পে ক্লাব সতীর্থদেরও পাশে পাচ্ছেন কাভান।

দীর্ঘ আন্তর্জাতিক উইন্ডোতে পেরু, চিলি, মেক্সিকো ও কানাডার বিপক্ষে চারটি প্রীতি ম্যাচ খেলবে যুক্তরাষ্ট্র। জুন-জুলাইয়ে অনুষ্ঠিত সবশেষ বিশ্বকাপে মেক্সিকো ও কানাডার সঙ্গে সহ-আয়োজক ছিল যুক্তরাষ্ট্র।

১৮ বছর পূর্ণ হলে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার কথা রয়েছে কাভানের। এর আগে জাতীয় দলের হয়ে মাঠে নামার সুযোগ পেলে মাত্র ১৬ বছর বয়সেই যুক্তরাষ্ট্রের ফুটবল ইতিহাসে নিজের নাম লিখিয়ে ফেলবেন এই তরুণ।

বায়োমেট্রিক হাজিরা, স্কুলে ঢোকা-বেরোনোর তথ্য যাচ্ছে অভিভাব…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
পথচারীকে বাঁচাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত, আহত ২
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
এলএলবি পরীক্ষার ফি কমাল জাতীয় বিশ্ববিদ্যালয়, ফরম পূরণের শেষ…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
দুই গ্রামে দুই বাল্যবিবাহের আয়োজন, একদিনেই বন্ধ করল প্রশাসন
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
আজ দেশের যেসব অঞ্চলে বৃষ্টি হতে পারে
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
১৬ বছর বয়সেই যুক্তরাষ্ট্র জাতীয় ফুটবল দলে ডাক পেলেন বাংলাদে…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬