ব্রাজিল ও জাপান দল © সংগৃহীত
২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের কাছে হারের ক্ষত মুছে ফেলার সুযোগ পাচ্ছে জাপান। আগামী নভেম্বরে নতুন এক আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি হবে দুই দল। সিঙ্গাপুরে চার দেশের অংশগ্রহণে আয়োজিত হবে এই টুর্নামেন্ট।
ব্রাজিল ও জাপানের সঙ্গে টুর্নামেন্টে খেলবে প্যারাগুয়ে ও স্বাগতিক সিঙ্গাপুর। ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ নামের এই টুর্নামেন্টের আয়োজন করবে সিঙ্গাপুর। আয়োজকেরা আজ বার্তা সংস্থা এএফপিকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ফিফার আন্তর্জাতিক বিরতিতে আগামী ১৩ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত টুর্নামেন্টটি চলবে। সিঙ্গাপুর জাতীয় স্টেডিয়ামে ১৩ নভেম্বর উদ্বোধনী ম্যাচে স্বাগতিক সিঙ্গাপুরের মুখোমুখি হবে প্যারাগুয়ে।
পরদিন ১৪ নভেম্বর মাঠে নামবে ব্রাজিল ও জাপান। বিশ্বকাপের শেষ ৩২ দলের রাউন্ডে ব্রাজিলের কাছে ২-১ গোলে হেরে বিদায় নিয়েছিল জাপান। এবার সেই হারের জবাব দেওয়ার সুযোগ পাচ্ছে এশিয়ার দলটি।
১৭ নভেম্বর দুটি ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শেষ হবে। সেদিন পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে খেলবে স্বাগতিক সিঙ্গাপুর। দিনের অন্য ম্যাচে মুখোমুখি হবে জাপান ও প্যারাগুয়ে।
সর্বশেষ বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের কাছে হেরে বিদায় নেয় ব্রাজিল। সেই হারের পর প্রথম ফিফা আন্তর্জাতিক বিরতিতে তিনটি প্রীতি ম্যাচ খেলবে কার্লো আনচেলত্তির দল।
আগামী ২৫ সেপ্টেম্বর কুইন্সল্যান্ডে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। ২৯ সেপ্টেম্বর ব্রিসবেনে দ্বিতীয় ম্যাচেও তাদের প্রতিপক্ষ থাকবে স্বাগতিক অস্ট্রেলিয়া।
এরপর ৩ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে প্রথমবারের মতো ভারতের মুখোমুখি হবে ব্রাজিল। ম্যাচটি সামনে রেখে ভারতীয় কোচ খালিদ জামিল ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন। আগামী ১৪ সেপ্টেম্বর থেকে ভারতের দল অনুশীলন শুরু করবে।