মেসির পর ১০ নম্বর জার্সি তুলে রাখার দাবি, মারাডোনার সময় কেন বাধা দিয়েছিল ফিফা

০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২১ AM
ম্যারাডোনা ও মেসি

ম্যারাডোনা ও মেসি © সংগৃহীত

লিওনেল মেসি আর্জেন্টিনা জাতীয় দল থেকে বিদায় নেওয়ার পর সমর্থকদের অনেকেই চান, তাঁর স্মৃতির সঙ্গে জড়িয়ে থাকা ১০ নম্বর জার্সিটিও অবসরে পাঠানো হোক। সামাজিক যোগাযোগমাধ্যমে এমন দাবি জোরালো হলেও এই উদ্যোগ আর্জেন্টিনার জন্য নতুন নয়। প্রায় আড়াই দশক আগে দিয়েগো মারাডোনার সম্মানে একই সিদ্ধান্ত নিয়েছিল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। তবে বিশ্বকাপের ঠিক আগে ফিফার আপত্তিতে শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করা যায়নি।

তখন এএফএর সভাপতি ছিলেন হুলিও গ্রন্দোনা। ২০০০ সালের ২৫ সেপ্টেম্বর এএফএর নির্বাহী কমিটির সভায় তিনি মারাদোনার সম্মানে জাতীয় দলের ১০ নম্বর জার্সি তুলে রাখার সিদ্ধান্ত নেন। সিদ্ধান্তটি নিয়ে তখন আর্জেন্টিনার ফুটবল অঙ্গনে পক্ষে-বিপক্ষে আলোচনা শুরু হয়। বিশেষ করে অতীতে জাতীয় দলের হয়ে ১০ নম্বর জার্সি পরা কয়েকজন খেলোয়াড় এতে আপত্তি জানান।

মারা্ডোনা অবশ্য এ উদ্যোগে বেশ গর্বিত হয়েছিলেন। খবরটি জানার পর তিনি বলেছিলেন, ‘আমি এই জার্সির মালিক—এটা আমার জন্য অনেক বড় ব্যাপার। আর্জেন্টিনার হয়ে যে বড় খেলোয়াড়েরা খেলেছেন, খেলছেন এবং ভবিষ্যতে খেলবেন, তাঁদের সবার কথা বিবেচনায় নিলে ১০ নম্বর জার্সি আমার সম্মানে তুলে রাখা সত্যিই অসাধারণ। কারণ আকাশি-সাদা জার্সিই সবচেয়ে বড় ব্যাপার। এটা আমার কাছে মায়ের মতো।’

তবে মারাডোনা এই বক্তব্যের সঙ্গে একমত ছিলেন না সবাই। ১৯৭৮ বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে ১০ নম্বর জার্সি পরা মারিও কেম্পেসও এ সিদ্ধান্তের বিরোধিতা করেন। ৮ অক্টোবর ‘ওলে’ পত্রিকায় প্রকাশিত এক কলামে তিনি বলেন, ‘আমার কাছে জার্সিটি তুলে রাখা উচিত নয়। কারণ এটি কোনো একজন ব্যক্তির জার্সি নয়, এটি আর্জেন্টিনার ফুটবলের জার্সি।’

বিতর্ক থাকলেও গ্রন্দোনার সিদ্ধান্ত প্রীতি ম্যাচ ও বিশ্বকাপ বাছাইপর্বে কার্যকর ছিল। ২০০২ বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনার হয়ে সর্বশেষ ১০ নম্বর জার্সি পরেন আরিয়েল ওর্তেগা। ৮ নভেম্বর বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে পেরুর বিপক্ষে ২-০ গোলে জেতা ম্যাচে ১০ নম্বর জার্সি ছিল তাঁর গায়ে।

এর ছয় দিন পর উরুগুয়ের মন্টেভিডিওতে স্বাগতিকদের বিপক্ষে ১-১ গোলে ড্র করে আর্জেন্টিনা। ওই ম্যাচে ওর্তেগা ২৩ নম্বর জার্সি পরেন।

তত দিনে মার্সেলো বিয়েলসার কোচিংয়ে আর্জেন্টিনা ২০০২ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে ফেলেছিল। বুয়েনস আইরেসের লা বোম্বোনেরায় ম্যারাডোনার বিদায়ী ম্যাচও হয়ে গিয়েছিল। এবার এএফএ চেয়েছিল, বিশ্বকাপের মূল পর্বেও যেন ১০ নম্বর জার্সি আর কাউকে পরতে না হয়।

তখন ফিফার নিয়ম অনুযায়ী বিশ্বকাপে অংশ নেওয়া দলগুলোর জার্সির নম্বর ১ থেকে ২৩-এর মধ্যে রাখতে হতো। বর্তমানে এই সংখ্যা ২৬ পর্যন্ত। এএফএ তাই একটি বিকল্প প্রস্তাব দেয়। গ্রন্দোনা ফিফার তৎকালীন সভাপতি জোসেফ ব্লাটারের কাছে ১০ নম্বর জার্সি বাদ দিয়ে ২৪ নম্বর জার্সি ব্যবহারের অনুমতি চান।

প্রথমে বিশ্বকাপের আয়োজক কমিটির অনুমোদন নিতে হয় এএফএকে। গ্রন্দোনা সেই অনুমোদন আদায় করেন। এরপর ফিফার অনুমোদনের প্রয়োজন ছিল। ২০০২ সালের ৩১ মে বিশ্বকাপ শুরু হওয়ার কথা ছিল। টুর্নামেন্ট শুরুর ছয় দিন আগে ব্লাটারও আর্জেন্টিনার প্রস্তাবে সম্মতির ইঙ্গিত দেন।

তখন ফিফা জানায়, মারাডোনার প্রতি সম্মান জানাতে এই সিদ্ধান্তকে ‘একটি বিশেষ ব্যতিক্রম’ হিসেবে দেখা হচ্ছে। ভবিষ্যতে বর্তমান বা আগামী দিনের অন্য কোনো তারকার জন্য এমন সুযোগ দেওয়া হবে না বলেও জানানো হয়।

পরিকল্পনা অনুযায়ী, বিয়েলসার দলের তৃতীয় গোলরক্ষক রবার্তো বোনানোর ২৪ নম্বর জার্সি পরার কথা ছিল। কিন্তু এক দিন পরই পরিস্থিতি পাল্টে যায়।

২৬ মে সিউলে পাঁচ ঘণ্টার বৈঠক শেষে ফিফার নির্বাহী কমিটি আর্জেন্টিনাকে দেওয়া অনুমোদন আর বহাল রাখেনি। বিশ্বকাপ শুরুর মাত্র কয়েক দিন আগে জার্সির নম্বর পরিবর্তন করাকে তারা সময়োপযোগী মনে করেনি।

ব্লাটার তখন সাংবাদিকদের বলেন, ‘পরের বিশ্বকাপগুলোতে হয়তো আরও নমনীয়তা থাকবে। কিন্তু বিশ্বকাপ শুরুর ঠিক আগে এমন সিদ্ধান্ত নেওয়ার জন্য এটি উপযুক্ত সময় বলে মনে হচ্ছে না।’

তিনি আরও বলেন, ‘আমাদের একটি নিয়ম আছে। সেই নিয়ম অনুযায়ী ওই নম্বরটি বাদ দেওয়া ন্যায্য হবে না। বেকেনবাওয়ার ছিলেন ৬ নম্বর, জেন্টো ছিলেন ৭ নম্বর, দি স্তেফানো ছিলেন ৯ নম্বর...।’

বোনানোকে নিয়ে রসিকতাও করেছিলেন ব্লাটার। তিনি বলেন, ‘আর্জেন্টিনা জাতীয় দলের ১০ নম্বর খেলোয়াড় যদি হাত দিয়ে বল ধরতে পারে, তাহলে বিষয়টি বেশ মজার হবে।’

এটাই ছিল ফিফার আনুষ্ঠানিক ব্যাখ্যা। তবে ঘটনাটির পেছনে অন্য কারণও ছিল বলে পরে প্রতিবেদন প্রকাশিত হয়। স্পেনের সংবাদপত্র ‘এল মুন্দো’র এক প্রতিবেদনে বলা হয়, ক্যামেরুনের প্রতিনিধিরা জার্সির নম্বর পরিবর্তনের অনুমতি বাতিলের উদ্যোগ নিয়েছিলেন। তাঁদের মধ্যে ছিলেন ইসা হায়াতু, যিনি সে সময় ফিফা সভাপতি নির্বাচনের প্রার্থীও ছিলেন। ওই নির্বাচনে তিনি ব্লাটারের কাছে হেরে যান।

প্রতিবেদন অনুযায়ী, ব্লাটার ও তাঁর সহযোগীরা আফ্রিকান প্রতিনিধিদের আপত্তিকে গুরুত্ব দেওয়াকে নিরাপদ মনে করেছিলেন। এতে ফিফার নিয়মও অক্ষুণ্ন থাকত, সংস্থাটির ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হতো না। একই সঙ্গে ওই বছরের ফিফা সভাপতি নির্বাচনেও ব্লাটারের অবস্থান দুর্বল হওয়ার আশঙ্কা কমত।

তবে গ্রন্দোনা বিষয়টি সহজে ছেড়ে দেননি। ফিফার প্রভাবশালী সহসভাপতি হিসেবে তিনি নির্বাহী কমিটির বৈঠকের পর বলেন, ‘জার্সির এই বিষয়টি আপাতত স্থগিত আছে। তারা ব্যতিক্রম করতে চাইছে না। তবে বিষয়টি আবারও আলোচনা হবে। পরের বিশ্বকাপে জার্সির নম্বর ১ থেকে ২৫ পর্যন্ত হবে। আমরা দিয়েগোর জন্য ১০ নম্বর বাদ দেব, প্রয়োজনে আরও কোনো নম্বরও বাদ দিতে পারি।’

শেষ পর্যন্ত সেই পরিকল্পনা আর বাস্তবায়িত হয়নি। ২০০৬ সালের জার্মানি বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে ১০ নম্বর জার্সি পরেন হুয়ান রোমান রিকেলমে। ফলে মারাডোনার  সম্মানে জার্সিটি তুলে রাখার উদ্যোগও আর বাস্তবে রূপ নেয়নি।

এরপর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সির ইতিহাসে আসে আরেক কিংবদন্তির অধ্যায়। অনেকের কাছে মারাডোনার উত্তরসূরি হিসেবে বিবেচিত লিওনেল মেসি এই জার্সি নিজের করে নেন। দীর্ঘ ২১ বছর জাতীয় দলের হয়ে ১০ নম্বর জার্সি পরেছেন তিনি।

এখন মেসিও আর্জেন্টিনা জাতীয় দলকে বিদায় জানিয়েছেন। তাঁর বিদায়ের পর আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে ১০ নম্বর জার্সি তুলে রাখার দাবি উঠেছে। ফলে প্রায় ২৫ বছর আগে মারাদোনাকে ঘিরে যে প্রশ্ন উঠেছিল, মেসির বিদায়ের পর সেটিই আবার সামনে এসেছে।

তবে মারাডোনার সময়ের অভিজ্ঞতা বলছে, শুধু এএফএর সিদ্ধান্তই যথেষ্ট নয়। বিশ্বকাপের মতো আন্তর্জাতিক প্রতিযোগিতায় জার্সির নম্বর নিয়ে ফিফার নিয়মও গুরুত্বপূর্ণ। তাই মেসির ১০ নম্বর জার্সি ভবিষ্যতে অবসরে যাবে কি না, তা এখন দেখার বিষয়।

একসময় মারাডোনার পরিচয়ের সঙ্গে মিশে যাওয়া ১০ নম্বর জার্সিই পরে মেসির পরিচয়ের অংশ হয়ে ওঠে। সেই অর্থে একই জার্সিতে দুই কিংবদন্তির উত্তরাধিকার বহন করাই হয়তো আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে ১০ নম্বরের সবচেয়ে বড় পরিচয়।

চমক রেখে এশিয়ান গেমসের দল ঘোষণা বাংলাদেশের
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
স্কুলচলাকালে স্মার্টফোন পাওয়া গেলে টিসি দেওয়া হবে: ইউএনও
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
চেলসি থেকে সিটিতে এনজো ফার্নান্দেজ, বিপুল অর্থ পাচ্ছে রিভার…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের মরদেহ উদ্ধার
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্তি নিয়ে সভা আজ
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে আজ 
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬