তারকা ফুটবলার ডেভিডকে পিটিয়ে হত্যা করল দুর্বৃত্তরা

০৭ আগস্ট ২০২৬, ০৯:০৯ AM
এসসি ভিলার অধিনায়ক ডেভিড ওওরি

এসসি ভিলার অধিনায়ক ডেভিড ওওরি © সংগৃহীত

উগান্ডার আন্তর্জাতিক ফুটবলার ও দেশটির শীর্ষ লিগের ক্লাব এসসি ভিলার অধিনায়ক ডেভিড ওওরি দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন। রাজধানী কাম্পালার একটি সড়কে বাড়ি ফেরার পথে একদল অপরাধী তাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে। ২৭ বছর বয়সী এই ফুটবলারের মৃত্যুতে দেশটির ফুটবল অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

গত বুধবার এক বিবৃতিতে ডেভিড ওওরির মৃত্যুর খবর নিশ্চিত করে এসসি ভিলা।

ক্লাবটি বিবৃতিতে জানায়, ‘আমরা শুধু একজন ফুটবলারকে হারাইনি; আমরা হারিয়েছি একজন আদর্শ মানুষ, একজন সতীর্থ এবং একজন বন্ধুকে।’

ক্লাবের মুখপাত্র আসান কাসিংয়ে স্থানীয় গণমাধ্যমকে জানান, সেদিন রাত প্রায় ৮টার দিকে ডেভিড ওওরি বাড়ি ফিরছিলেন। এ সময় রাজধানী কাম্পালার একটি সড়কে একদল অপরাধী তার পথরোধ করে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, দুর্বৃত্তরা তার মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে পাথর দিয়ে তাকে নির্মমভাবে আঘাত করে। পরে তাকে অচেতন অবস্থায় ফেলে পালিয়ে যায়।

স্থানীয়রা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

উগান্ডা ফুটবল ফেডারেশনের সভাপতি মোজেস হাসিম এক বিবৃতিতে বলেন, ‘ডেভিড শুধু একজন ফুটবলার ছিলেন না। তিনি ছিলেন একজন নেতা এবং পুরো একটি প্রজন্মের অনুপ্রেরণা। এসসি ভিলার অধিনায়ক হিসেবে তিনি সাহস, বিনয় ও আবেগ দিয়ে দলকে নেতৃত্ব দিয়েছেন। উগান্ডা ক্রেনসের জার্সি গায়ে তিনি একটি পুরো জাতির স্বপ্নের প্রতিনিধিত্ব করেছেন। আমরা আমাদের এক সন্তান, এক নেতা এবং এক উজ্জ্বল তারকাকে হারিয়েছি।’

উগান্ডা জাতীয় দলের হয়ে খেলা ডেভিড ওওরি মাঠে তার বহুমুখী দক্ষতার জন্য পরিচিত ছিলেন। তিনি রাইট উইং-ব্যাক ও মিডফিল্ড—দুই পজিশনেই সমান দক্ষতার সঙ্গে খেলতে পারতেন।

২০১৮ সালে প্রথমবার এসসি ভিলায় যোগ দেন ওওরি। ২০২১ সাল পর্যন্ত ক্লাবটিতে খেলার পর তিনি ইউরোপে পাড়ি জমান। সেখানে স্পেনের ভেলেজ এবং পরে সুইডেনের উতসিকটেন্স ক্লাবের হয়ে খেলেন।

২০২৩ সালে আবার এসসি ভিলায় ফিরে আসেন তিনি। ফেরার পর ক্লাবটির ১৭তম লিগ শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এটি উগান্ডার জাতীয় লিগে এসসি ভিলার রেকর্ডসংখ্যক শিরোপা।

ডেভিড ওওরির হত্যাকাণ্ড উগান্ডার অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও নতুন করে উদ্বেগ তৈরি করেছে। বিশেষ করে রাজধানী কাম্পালায় অপরাধী চক্রগুলো নিয়মিত পরিচিত ব্যক্তিদের লক্ষ্যবস্তু বানাচ্ছে।

এর মাত্র কয়েক সপ্তাহ আগে উগান্ডা জাতীয় রাগবি দলের ২৭ বছর বয়সী খেলোয়াড় সিডনি গংগোদিওও কাম্পালায় একই ধরনের হামলায় নিহত হন।

ডায়াবেটিস চিকিৎসায় নতুন সম্ভাবনা, ওজন কমাতে আসছে ‘জিএলপি-৩’
  • ০৭ আগস্ট ২০২৬
ব্যবহারের যেসব ভুলে প্রেসার কুকারে বিস্ফোরণ হয়
  • ০৭ আগস্ট ২০২৬
প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়ে সংসদ সদস্যকে আসিফ মাহমুদ…
  • ০৭ আগস্ট ২০২৬
তারকা ফুটবলার ডেভিডকে পিটিয়ে হত্যা করল দুর্বৃত্তরা
  • ০৭ আগস্ট ২০২৬
জুলাই দিবসে ‘মেসেজ’ পাঠানো নিয়ে ব্যাখ্যা দিলেন নাহিদ ইসলাম
  • ০৭ আগস্ট ২০২৬
বাগেরহাটে পুকুর থেকে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
  • ০৭ আগস্ট ২০২৬