‘বাবা, তুমি মাকে আংটি পড়িয়ে বিয়ের প্রস্তাব দাও’

০৪ আগস্ট ২০২৬, ০৯:৩১ AM
 রোনালদো ও তার পরিবার

রোনালদো ও তার পরিবার © সংগৃহীত

প্রায় ১০ বছর প্রেমের পর অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা ক্রিশ্চিয়ানো রোনালদো ও আর্জেন্টাইন মডেল জর্জিনা রদ্রিগেজ। তবে তাদের বাগদানের সবচেয়ে আলোচিত মুহূর্ত ছিল সন্তানদের একটি আবেগঘন অনুরোধ। 'বাবা, তুমি মাকে আংটি পড়িয়ে বিয়ের প্রস্তাব দাও'—সন্তানদের এমন কথাতেই জর্জিনাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন রোনালদো। এবার সেই সম্পর্কই আনুষ্ঠানিক রূপ পেতে যাচ্ছে বলে জোর গুঞ্জন চলছে।

ব্রিটিশ সংবাদপত্র দ্য সান জানিয়েছে, আগামী সপ্তাহান্তে পর্তুগালের মাদেইরা দ্বীপে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারেন রোনালদো ও জর্জিনা। মাদেইরাই রোনালদোর জন্ম ও বেড়ে ওঠার স্থান।

প্রতিবেদনে বলা হয়েছে, আগামী শনিবার বিকেল ৩টায় ফুনশালের ঐতিহাসিক ক্যাথেড্রালে তাদের বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। পাঁচ শতাধিক বছরের পুরোনো এই গির্জাটি ফুনশাল শহরের কেন্দ্রস্থলে অবস্থিত।

ধর্মীয় আনুষ্ঠানিকতার পর অতিথিদের আপ্যায়নের জন্য দ্বীপের অন্যতম বিলাসবহুল হোটেল সাভয় প্যালেসও বুক করা হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি। ক্যাথেড্রাল থেকে অল্প দূরত্বে অবস্থিত এই হোটেলেই আয়োজন করা হবে সংবর্ধনা অনুষ্ঠান।

বড় এই আয়োজনকে ঘিরে হোটেল কর্তৃপক্ষও বিশেষ প্রস্তুতি নিয়েছে। দ্য সানের এক সূত্রের বরাতে বলা হয়েছে, হোটেলের অতিথিদের জানিয়ে দেওয়া হয়েছে যে শুক্রবার ও শনিবার দুটি পুরো ফ্লোর এবং বারের কয়েকটি অংশ সাধারণ অতিথিদের জন্য বন্ধ থাকবে।

মাদেইরাকে বিয়ের স্থান হিসেবে বেছে নেওয়ার পেছনেও রয়েছে আবেগের গল্প। রোনালদো ফুনশাল শহরেই জন্মগ্রহণ করেন এবং শৈশবের পুরো সময় সেখানে কাটান। পরে তিনি লিসবনে গিয়ে স্পোর্টিং ক্লাবের যুব দলে যোগ দেন। সেখান থেকেই শুরু হয় তার পেশাদার ফুটবল ক্যারিয়ার।

বিয়ের গুঞ্জনের আগে সম্প্রতি রোনালদো ও জর্জিনা সন্তানদের নিয়ে স্পেনের মায়োর্কায় ছুটি কাটিয়েছেন। বিশ্বকাপে পর্তুগালের হয়ে খেলার পর তারা পরিবারের সঙ্গে সময় উপভোগ করেন। ছুটির সময় বিলাসবহুল ইয়টে ঘুরতে দেখা যায় তাদের। একই সঙ্গে দুজনের হাতেই ছিল হীরার আংটি। পরিবারের সঙ্গে বিভিন্ন আনন্দঘন মুহূর্তও কাটান তারা।

এদিকে আল-নাসরের হয়ে খেলা রোনালদো এখনো দলের অনুশীলনে যোগ দেননি। তার সূচি অনুযায়ী, আগামী ১৫ আগস্ট সৌদি লিগের প্রথম ম্যাচে আল-ফাতেহর বিপক্ষে মাঠে ফেরার কথা রয়েছে।

প্রায় এক বছর আগে, ২০২৫ সালের ১১ আগস্ট রোনালদো ও জর্জিনার বাগদান সম্পন্ন হয়। সেদিন জর্জিনা তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বাগদানের আংটির ছবি প্রকাশ করেন। তার অনুসারীর সংখ্যা ৭ কোটি ৬০ লাখেরও বেশি। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, হীরার সেই আংটির মূল্য আনুমানিক ৬০ লাখ থেকে ১ কোটি ২০ লাখ মার্কিন ডলারের মধ্যে।

ছবির ক্যাপশনে জর্জিনা লিখেছিলেন, 'হ্যাঁ, আমি রাজি। এই জীবনেও, পরের সব জীবনেও।'

তবে বাগদানের সবচেয়ে হৃদয়ছোঁয়া ঘটনাটি ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত। রোনালদো সঠিক সময়ের অপেক্ষায় ছিলেন, কখন জর্জিনাকে আংটি পরিয়ে বিয়ের প্রস্তাব দেবেন। ঠিক তখনই তাদের সন্তানরা হঠাৎ ঘরে ঢুকে বলে, 'বাবা, তুমি মাকে আংটি পড়িয়ে বিয়ের প্রস্তাব দাও।'

সন্তানদের সেই কথাকেই জীবনের সবচেয়ে উপযুক্ত মুহূর্ত বলে মনে করেন রোনালদো। এরপর আর দেরি না করে জর্জিনাকে বিয়ের প্রস্তাব দেন তিনি।

তবে দ্য সানের এই প্রতিবেদনের পরও এখন পর্যন্ত রোনালদো, জর্জিনা কিংবা তাদের পরিবারের কেউ আনুষ্ঠানিকভাবে বিয়ের বিষয়টি নিশ্চিত করেননি।

এ বিষয়ে রোনালদোর একমাত্র প্রকাশ্য মন্তব্য ছিল সর্বশেষ বিশ্বকাপের আগে। তখন ৪১ বছর বয়সী এই ফুটবলার বলেছিলেন, 'বিশ্বকাপের পর বিয়ে হবে। আশা করি, তখন আমি চ্যাম্পিয়নের ট্রফি নিয়েই ফিরব।'

যদিও বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ হয়নি, বিভিন্ন সূত্রের দাবি, এবার বহুদিনের সঙ্গী জর্জিনার সঙ্গে নতুন জীবনের আনুষ্ঠানিক সূচনা করতে যাচ্ছেন রোনালদো।

রোনালদো ও জর্জিনার পরিচয় হয় ২০১৬ সালে স্পেনের মাদ্রিদের একটি গুচি স্টোরে। জর্জিনার মা স্প্যানিশ এবং বাবা আর্জেন্টাইন। ২০১৭ সালের জানুয়ারিতে সুইজারল্যান্ডের জুরিখে ফিফার 'দ্য বেস্ট' পুরস্কার অনুষ্ঠানের লাল গালিচায় একসঙ্গে উপস্থিত হয়ে তারা প্রথমবার প্রকাশ্যে নিজেদের সম্পর্কের কথা জানান।

এরপর থেকে প্রায় এক দশক ধরে একসঙ্গে রয়েছেন এই তারকা জুটি।

বর্তমানে তাদের পরিবারে পাঁচ সন্তান রয়েছে। রোনালদোর আগের সম্পর্কের ছেলে ক্রিশ্চিয়ানো রোনালদো জুনিয়র ছাড়াও ২০১৭ সালে সারোগেসির মাধ্যমে জন্ম নেওয়া যমজ সন্তান ইভা ও মাতেও রয়েছে। এছাড়া রোনালদো ও জর্জিনার ঘরে জন্ম নিয়েছে দুই কন্যাসন্তান আলানা মার্তিনা ও বেলা এসমেরালদা।

অ্যাসোসিয়েট অফিসার নিয়োগ দেবে আড়ং, আবেদন ১৫ আগস্ট পর্যন্ত
  • ০৪ আগস্ট ২০২৬
২০২৫ সালের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার ফরম পূরণের সময় বৃ…
  • ০৪ আগস্ট ২০২৬
ভাত খেলেই কী ভুঁড়ি বাড়ে? যা জানালেন পুষ্টিবিদ
  • ০৪ আগস্ট ২০২৬
মায়ের অসমাপ্ত স্বপ্ন, নীলার ছয় বছরের লড়াই আর একটি থিসিস ডিফ…
  • ০৪ আগস্ট ২০২৬
‘বাবা, তুমি মাকে আংটি পড়িয়ে বিয়ের প্রস্তাব দাও’
  • ০৪ আগস্ট ২০২৬
আলভারেজের দলবদলের স্বপ্নে ভাটা, ফিরলেন আতলেতিকোর অনুশীলনে
  • ০৪ আগস্ট ২০২৬