আলভারেজের দলবদলের স্বপ্নে ভাটা, ফিরলেন আতলেতিকোর অনুশীলনে

০৪ আগস্ট ২০২৬, ০৯:১২ AM
 আলভারেজ

আলভারেজ © সংগৃহীত

আতলেতিকো মাদ্রিদ ছাড়ার গুঞ্জন এখনও থামেনি। তবে দলবদলের আলোচনা চললেও আপাতত ক্লাবের অনুশীলন পরিকল্পনাতেই মনোযোগ দিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড জুলিয়ান আলভারেজ। এদিকে তাকে দলে ভেড়ানোর দৌড়ে আর্সেনালও অনেকটা পিছিয়ে পড়ায় তার দলবদলের সম্ভাবনা আগের তুলনায় কমে গেছে।

ইউরোপের দলবদলের বাজারে আলভারেজকে ঘিরে কয়েক সপ্তাহ ধরেই জোর আলোচনা চলছে। বিশ্বকাপ চলাকালে আতলেতিকো মাদ্রিদ ছাড়ার ইচ্ছার কথা জানালেও এখন পর্যন্ত নিজের ভবিষ্যৎ নিয়ে তিনি নতুন করে কোনো মন্তব্য করেননি। বরং ছুটিতে থেকেও ক্লাবের দেওয়া অনুশীলন পরিকল্পনা মেনেই নিজেকে প্রস্তুত রাখছেন।

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, ছুটিতে থাকলেও আলভারেজ নিয়মিত আতলেতিকো মাদ্রিদের সঙ্গে যোগাযোগ রাখছেন। কোচিং স্টাফ যে শারীরিক অনুশীলনের সূচি তৈরি করেছে, সেটি তিনি নিয়মিত অনুসরণ করছেন। বিশ্বকাপে অংশ নেওয়ার কারণে যারা এখনো দলে যোগ দেননি, তাদের জন্যই এই বিশেষ অনুশীলন পরিকল্পনা করা হয়েছে।

আতলেতিকো মাদ্রিদ চায়, আগামী ১০ আগস্ট নির্ধারিত সময়েই আলভারেজ প্রাক-মৌসুম প্রস্তুতিতে দলের সঙ্গে যোগ দিন। তার ভবিষ্যৎ নিয়ে বাজারে যত গুঞ্জনই থাকুক, ক্লাব এখনো তাকে নিজেদের পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ হিসেবেই বিবেচনা করছে।

এরই মধ্যে আলভারেজকে দলে নেওয়ার দৌড়ে থাকা অন্যতম ক্লাব আর্সেনাল অনেকটাই পিছিয়ে পড়েছে। আতলেতিকোর সঙ্গে সমঝোতায় পৌঁছানোর কোনো কার্যকর পথ না পাওয়ায় ইংলিশ ক্লাবটি তাদের আগ্রহ উল্লেখযোগ্যভাবে কমিয়ে দিয়েছে বলে জানা গেছে।

আলোচনার সময় সুইডিশ স্ট্রাইকার ভিক্টর জিওকেরেসকে বিনিময় চুক্তির অংশ করার একটি সম্ভাবনাও বিবেচনা করা হয়েছিল। তবে সেই পরিকল্পনা শেষ পর্যন্ত এগোয়নি। আর্সেনালের কোচ মিকেল আর্তেতা নিজেও জানিয়েছেন, জিওকেরেস লন্ডনেই থাকবেন।

আর্সেনাল প্রায় দৌড় থেকে ছিটকে পড়ায়, আলভারেজ যদি শেষ পর্যন্ত আতলেতিকো ছাড়েন, তাহলে তার সম্ভাব্য গন্তব্য হিসেবে এখন সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে বার্সেলোনা।

তবে বার্সেলোনার পক্ষ থেকে আগ্রহ থাকলেও এখনো তাদের প্রস্তাবে সম্মতি দেয়নি আতলেতিকো মাদ্রিদ। ফলে বর্তমান পরিস্থিতিতে স্পেনের রাজধানী মাদ্রিদেই আলভারেজের থেকে যাওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি বলে মনে করা হচ্ছে।

এখন দলবদলের বাজারে কী সিদ্ধান্ত হয়, সেটিই দেখার অপেক্ষা। তবে আপাতত ভবিষ্যতের সব জল্পনা পাশে রেখে আতলেতিকোর অনুশীলন পরিকল্পনা মেনেই নিজেকে নতুন মৌসুমের জন্য প্রস্তুত করছেন আর্জেন্টিনার এই তারকা ফরোয়ার্ড।

রাতে সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
মঞ্জুরুল–জোবায়েরের নেতৃত্বে ইউআইটিএস সেন্ট্রাল ডিবেট ক্লাবে…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
আটকের আগে অপ্রীতমকে নিয়ে যে পোস্ট দিয়েছিল আনাস
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
‘অপ্রতিমের বয়স তেরো, এই সংখ্যাকে সরকারি ভবনের কপালে লিখে দি…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিমের আইফোন উদ্ধার, আটক ৩
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আহমাদুল্ল…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬