বিশ্বকাপের পর এবার চেলসিতে বার্কোর নতুন অধ্যায়

০৩ আগস্ট ২০২৬, ০৯:৪১ AM
তরুণ মিডফিল্ডার ভ্যালেন্তিন বার্কো

তরুণ মিডফিল্ডার ভ্যালেন্তিন বার্কো © সংগৃহীত

বিশ্বকাপে আর্জেন্টিনার জার্সিতে নজর কাড়ার পর এবার ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসিতে যোগ দিলেন তরুণ মিডফিল্ডার ভ্যালেন্তিন বার্কো। নতুন মৌসুমকে সামনে রেখে দল পুনর্গঠনের অংশ হিসেবে রোববার ফরাসি ক্লাব স্ট্রাসবুর্গ থেকে ২২ বছর বয়সী এই ফুটবলারকে দলে ভেড়ানোর ঘোষণা দিয়েছে চেলসি। স্টামফোর্ড ব্রিজের ক্লাবটির সঙ্গে সাত বছরের চুক্তি করেছেন তিনি।

বার্কোকে দলে নেওয়ার মাধ্যমে চলতি দলবদলে চেলসির নতুন খেলোয়াড়ের সংখ্যা দাঁড়িয়েছে সাতজনে। স্ট্রাসবুর্গ ও চেলসি একই মালিকানাধীন ব্লুকো গোষ্ঠীর অধীনে পরিচালিত হওয়ায় দুই ক্লাবের মধ্যে খেলোয়াড় লেনদেন নিয়মিতই হচ্ছে। এর আগে একই দলবদলে স্ট্রাসবুর্গ থেকে চেলসিতে যোগ দিয়েছেন স্ট্রাইকার এমানুয়েল এমেগাও। গত মৌসুমের শুরু থেকে দুই ক্লাবের মধ্যে এটি ১৩তম খেলোয়াড় স্থানান্তর।

সম্প্রতি শেষ হওয়া বিশ্বকাপে আর্জেন্টিনার ফাইনালে ওঠার যাত্রায় স্কোয়াডের সদস্য ছিলেন বার্কো। সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পরও তিনি আলোচনায় আসেন। ম্যাচ শেষে উদযাপনের সময় ইংল্যান্ডের মিডফিল্ডার জুড বেলিংহামের ধাক্কায় পড়ে যাওয়ার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি করেছিল।

বার্কোর সবচেয়ে বড় শক্তি তার বহুমুখিতা। তিনি বাঁ প্রান্তের রক্ষণভাগে যেমন খেলতে পারেন, তেমনি মিডফিল্ডেও সমান স্বাচ্ছন্দ্য। ফলে নতুন কোচ জাবি আলোনসোর কৌশলগত পরিকল্পনায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন বলে মনে করা হচ্ছে।

ইংলিশ ফুটবলে অবশ্য এটি বার্কোর প্রথম অভিজ্ঞতা নয়। তিন মৌসুম আগে ব্রাইটনের হয়ে সংক্ষিপ্ত সময়ের জন্য প্রিমিয়ার লিগে খেলেছিলেন তিনি। পরে ২০২৪ সালে ধারে স্ট্রাসবুর্গে যোগ দেন। সেখানে ধারাবাহিক পারফরম্যান্সের পর এক বছর পর স্থায়ীভাবে ফরাসি ক্লাবটিতে নাম লেখান।

স্ট্রাসবুর্গের হয়ে দুই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৮টি ম্যাচ খেলেছেন বার্কো। এই সময়ে তিনি তিনটি গোল করার পাশাপাশি ১১টি অ্যাসিস্ট করেছেন। তার অবদানেই ইউরোপা কনফারেন্স লিগে জায়গা নিশ্চিত করতে সক্ষম হয় স্ট্রাসবুর্গ।

বার্কোকে দলে নেওয়ার মধ্য দিয়ে চেলসির ব্যস্ত দলবদল কার্যক্রমে আরেকটি গুরুত্বপূর্ণ সংযোজন হলো। নতুন কোচ জাবি আলোনসোর অধীনে দলকে নতুনভাবে সাজাতে একের পর এক ফুটবলার দলে ভেড়াচ্ছে লন্ডনের ক্লাবটি। শনিবার তারা অভিজ্ঞ স্ট্রাইকার ড্যানি ওয়েলবেককে ব্রাইটন থেকে দলে নেওয়ার ঘোষণা দেয়।

এর আগে ক্রিস্টাল প্যালেস থেকে ম্যাক্সেন্স লাক্রোয়া, অ্যাস্টন ভিলা থেকে মরগান রজার্স, পাশাপাশি মার্কো পালেস্ত্রা, এমানুয়েল এমেগা ও জিওভানি কুয়েন্দাকেও দলে নিয়েছে চেলসি।

গত মৌসুমে প্রিমিয়ার লিগে হতাশাজনকভাবে ১০ম স্থানে থেকে মৌসুম শেষ করেছিল চেলসি। তাই জাবি আলোনসোর অধীনে নতুন মৌসুমে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়েই দল সাজাচ্ছে ক্লাবটি। আগামী ২৪ আগস্ট ফুলহামের বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন প্রিমিয়ার লিগ অভিযান শুরু করবে ব্লুজ।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপে স্নাতকোত্তর ও এমবিএ পড়া…
  • ০৩ আগস্ট ২০২৬
বিশ্ববাজারে তেলের দামে বড় ধস
  • ০৩ আগস্ট ২০২৬
সুদানে আদালতে সেনাবাহিনীর ড্রোন হামলায় নিহত ৩৫
  • ০৩ আগস্ট ২০২৬
ছাত্র-জনতা অংশগ্রহণে স্মরণকালের দীর্ঘ বিক্ষোভ মিছিল করেছিল …
  • ০৩ আগস্ট ২০২৬
বিশ্বকাপের পর এবার চেলসিতে বার্কোর নতুন অধ্যায়
  • ০৩ আগস্ট ২০২৬
এক দফা দাবি ও অসহযোগ আন্দোলনের ঘোষণা দেন বৈষম্যবিরোধী নেতারা
  • ০৩ আগস্ট ২০২৬