স্পেনকে অভিনন্দন জানিয়ে যা বললেন মেসি

২১ জুলাই ২০২৬, ১০:০৩ AM
মেসি

মেসি © সংগৃহীত

বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের পর দীর্ঘ নীরবতা ভেঙে আবেগঘন বার্তা দিয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া সেই বার্তায় তিনি ফাইনালে হারার কষ্টের কথা যেমন তুলে ধরেছেন, তেমনি দলের লড়াই, সমর্থকদের অকুণ্ঠ সমর্থনের প্রশংসা করেছেন এবং নতুন বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে অভিনন্দন জানিয়েছেন।

ফাইনালের কয়েক ঘণ্টা পর মেসি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি প্রকাশ করেন। ছবিতে তার গলায় রানার্সআপের রুপার পদক ঝুলছিল এবং তাকে বেশ আবেগাপ্লুত দেখাচ্ছিল। সেই ছবির সঙ্গে দেওয়া দীর্ঘ বার্তায় পুরো বিশ্বকাপ যাত্রার মূল্যায়ন করেন তিনি।

বার্তার শুরুতেই ৩৯ বছর বয়সী মেসি লেখেন, ‘কষ্টটা অনেক বড়, এই ক্ষত সারতে অনেক সময় লাগবে।’ এই কথার মধ্য দিয়ে বিশ্বকাপের এত কাছে গিয়েও শিরোপা হাতছাড়া হওয়ার বেদনা প্রকাশ করেন তিনি।

তবে হতাশার মাঝেও দলের অর্জনকে গুরুত্ব দিতে ভোলেননি আর্জেন্টাইন অধিনায়ক। তিনি লেখেন, ‘তবে আমি অনেক ভালো স্মৃতিও সঙ্গে রাখছি। আমরা যেভাবে লড়ে অনেক ম্যাচ ঘুরিয়ে জিতেছি, সেগুলো চিরদিন সবার মনে থাকবে। পুরো দেশের সমর্থন, আর এই দলের কঠোর পরিশ্রম ও আত্মত্যাগ আমাদের আবারও বিশ্বের সেরাদের কাতারে নিয়ে গেছে।’

মেসি মনে করেন, শুধু ফাইনালের ফল দিয়ে এই দলের মূল্যায়ন করা উচিত নয়। এ বিষয়ে তিনি লেখেন, ‘আজ হয়তো আমরা যা করেছি, তার মূল্যায়ন করা কঠিন। কিন্তু এই দল টানা দুটি বিশ্বকাপের ফাইনালে খেলেছে।’ ২০২২ সালে কাতারে বিশ্বকাপ জয়ের পর ২০২৬ সালেও ফাইনালে ওঠাকে তিনি এই দলের বড় অর্জন হিসেবে তুলে ধরেন।

বিশ্বকাপজুড়ে আর্জেন্টাইন সমর্থকদের অব্যাহত সমর্থনের জন্যও কৃতজ্ঞতা জানান মেসি। তিনি লেখেন, ‘প্রতিটি শুভেচ্ছা আর প্রতিটি বার্তার জন্য হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ। আমরা আবারও একটি জাতি হিসেবে একসঙ্গে দাঁড়াতে পেরেছি। সবাই মিলে আর্জেন্টাইন হওয়ার গর্ব ভাগ করে নিয়েছি।’

বার্তার শেষ অংশে নতুন বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের প্রশংসা করেন আর্জেন্টাইন অধিনায়ক। তিনি লেখেন, ‘স্পেনকে বিশ্বকাপ জয়ের জন্য অভিনন্দন জানাতে চাই।’

এই বার্তার মধ্য দিয়েই বিশ্বকাপে নিজের দীর্ঘ পথচলার ইতি টানলেন মেসি। টুর্নামেন্ট চলাকালেই তিনি জানিয়েছিলেন, এটিই হবে তার শেষ বিশ্বকাপ। ৩৯ বছর বয়সে শেষ হওয়া তার বিশ্বকাপ ক্যারিয়ারে রয়েছে ২০২২ সালে কাতারে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব, ২০১৪ সালে ব্রাজিলে রানার্সআপ হওয়ার স্মৃতি এবং ২০২৬ সালে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত বিশ্বকাপে আবারও ফাইনালে ওঠার সাফল্য।

এদিকে মেসির পোস্টের পর আবেগঘন বার্তা দিয়েছেন তার স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোও। ইনস্টাগ্রামে প্রকাশিত পোস্টে তিনি জাতীয় দলের জার্সি গায়ে শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে যাওয়া মেসির প্রতি নিজের গর্ব প্রকাশ করেন।

আন্তোনেলা লেখেন, ‘তুমি সবসময়ই সেরা থাকবে, @leomessi।

শুধু তোমার প্রতিভার জন্য নয়, বরং তুমি সবসময় নিজের মতো থেকেছ বলে। যা-ই ঘটুক না কেন, তুমি কখনো হাল ছাড়ো না। শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে যাও এবং নিজের সবটুকু উজাড় করে দাও। তোমার এই মানসিক শক্তি, এই দৃঢ়তা এবং বারবার ঘুরে দাঁড়ানোর ক্ষমতাই তোমাকে অনন্য করে তুলেছে।

প্রতিদিন আমাদের শেখানোর জন্য ধন্যবাদ যে প্রকৃত সাফল্য আসে কঠোর পরিশ্রম, ত্যাগ, অধ্যবসায় এবং নিজের স্বকীয়তা ধরে রাখার মাধ্যমে। তুমি আমাদের সন্তানদের জন্য সেরা উদাহরণ এবং কোটি কোটি মানুষের অনুপ্রেরণা।

শব্দ দিয়ে যতটা প্রকাশ করা সম্ভব, তার চেয়েও বেশি আমি তোমাকে শ্রদ্ধা করি। তোমার পাশে থেকে এই জীবন কাটাতে পেরে আমি ভীষণ গর্বিত।

আমি তোমাকে অনেক ভালোবাসি।’

শিক্ষকদের বদলি আবেদনের অনুমতি চেয়ে চিঠি কবে, জানালেন মাউশি …
  • ২১ জুলাই ২০২৬
আজ উদ্ধার হন নাহিদ ইসলাম
  • ২১ জুলাই ২০২৬
টেরিটরি অফিসার নিয়োগ দেবে উপায়, আবেদন ৩১ জুলাই পর্যন্ত
  • ২১ জুলাই ২০২৬
ককরোচ আন্দোলনে শিক্ষার্থীদের পাশে দাঁড়ালেন অরিজিৎ সিং 
  • ২১ জুলাই ২০২৬
জামায়াত এমপি গাজী নজরুল কি ‘হানি ট্র্যাপে’র শিকার
  • ২১ জুলাই ২০২৬
পুলিশের শীর্ষ পদে বড় রদবদল, চার ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ১…
  • ২১ জুলাই ২০২৬