ফের মেসির হাতেই কি উঠছে গোল্ডেন বল

১৮ জুলাই ২০২৬, ১১:০৭ AM
লিওনেল মেসি

লিওনেল মেসি © সংগৃহীত

৮ গোল, ৪ অ্যাসিস্ট আর একের পর এক ম্যাচে দলের ভাগ্য বদলে দেওয়া পারফরম্যান্স। টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের স্বপ্নে এগিয়ে চলা লিওনেল মেসি কি এবারও নিজের করে নিতে যাচ্ছেন গোল্ডেন বল? আনুষ্ঠানিক ঘোষণা এখনো বাকি থাকলেও বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার জয়ের দৌড়ে আর্জেন্টিনার অধিনায়কই সবচেয়ে এগিয়ে রয়েছেন।

গোল্ডেন বল মেসির জন্য অবশ্য নতুন কোনো অর্জন নয়। বিশ্বকাপের ইতিহাসে একমাত্র ফুটবলার হিসেবে দুবার এই পুরস্কার জিতেছেন তিনি। এবার জিতলে প্রথম খেলোয়াড় হিসেবে তৃতীয়বারের মতো গোল্ডেন বল জয়ের অনন্য কীর্তি গড়বেন আর্জেন্টাইন মহাতারকা।

বিশ্বকাপ চলার সময়ই গোল্ডেন বলের জন্য সম্ভাব্য খেলোয়াড়দের বাছাইয়ের প্রক্রিয়া শুরু হয়। ফিফার টেকনিক্যাল স্টাডি গ্রুপ (টিএসজি) প্রথমে সম্ভাব্য দাবিদারদের একটি সংক্ষিপ্ত তালিকা তৈরি করে। পরে বিশ্বকাপ কাভার করা স্বীকৃত গণমাধ্যম প্রতিনিধিদের ভোটে নির্ধারণ করা হয় বিজয়ীর নাম। ভোটে দ্বিতীয় ও তৃতীয় হওয়া খেলোয়াড়রা পান যথাক্রমে সিলভার বল ও ব্রোঞ্জ বল।

১৯৭৮ সালে চালু হওয়া এই পুরস্কার অনেক সময় এমন খেলোয়াড়দের হাতেও উঠেছে, যাদের দল শেষ পর্যন্ত বিশ্বকাপ জিততে পারেনি। ২০০২ সালে অলিভার কান, ২০০৬ সালে জিনেদিন জিদান, ২০১০ সালে দিয়েগো ফোরলান, ২০১৪ সালে লিওনেল মেসি এবং ২০১৮ সালে লুকা মদরিচ ফাইনালে হেরেও গোল্ডেন বল জিতেছিলেন। এখন পর্যন্ত অলিভার কানই একমাত্র গোলরক্ষক, যিনি এই পুরস্কার পেয়েছেন। তবে কয়েকটি নির্বাচন নিয়ে অতীতে বিতর্কও তৈরি হয়েছিল।

২০২২ সালের কাতার বিশ্বকাপে মেসির গোল্ডেন বল জয় নিয়ে অবশ্য তেমন কোনো প্রশ্ন ওঠেনি। আর্জেন্টিনাকে ৩৬ বছর পর বিশ্বকাপ শিরোপা এনে দেওয়ার পাশাপাশি ব্যক্তিগত পারফরম্যান্সেও ছিলেন দুর্দান্ত। সেই আসরে ৭ গোল ও ৩ অ্যাসিস্ট করে দ্বিতীয়বারের মতো গোল্ডেন বল জিতেছিলেন তিনি।

২০২৬ বিশ্বকাপে মেসির পারফরম্যান্স যেন আরও উজ্জ্বল হয়ে উঠেছে। ফাইনালের আগে তার নামের পাশে রয়েছে ৮ গোল ও ৪ অ্যাসিস্ট। অর্থাৎ আর্জেন্টিনার ১২টি গোলে সরাসরি অবদান রেখেছেন তিনি। যে ম্যাচগুলোতে গোল পাননি, সেখানেও দলের আক্রমণের মূল চালিকাশক্তি ছিলেন এই তারকা।

এর বড় উদাহরণ ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল। ২-১ গোলে জয়ের সেই ম্যাচে আর্জেন্টিনার দুই গোলেই অ্যাসিস্ট করেছেন মেসি। শুধু গোল বা অ্যাসিস্ট নয়, মাঠে তার নেতৃত্ব, সৃজনশীলতা এবং গুরুত্বপূর্ণ মুহূর্তে পারফরম্যান্স তাকে এবারের বিশ্বকাপের অন্যতম সেরা খেলোয়াড়ে পরিণত করেছে।

সব মিলিয়ে গোল, অ্যাসিস্ট, নেতৃত্ব ও ম্যাচের নিয়ন্ত্রণ—সব দিক থেকেই মেসি এবার গোল্ডেন বল জয়ের সবচেয়ে বড় দাবিদার। তৃতীয়বার এই পুরস্কার জিতে ইতিহাস গড়ার সুযোগ এখন তার সামনে।

তবে মেসির সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে আসছেন স্পেনের মিডফিল্ডার রদ্রি। পুরো বিশ্বকাপে স্পেনের মাঝমাঠের প্রধান শক্তি ছিলেন তিনি। নেতৃত্ব, ধারাবাহিকতা ও ম্যাচ নিয়ন্ত্রণের দক্ষতায় অনেকেই তার পারফরম্যান্সের সঙ্গে ২০১৮ বিশ্বকাপে গোল্ডেন বলজয়ী লুকা মদরিচের মিল খুঁজে পাচ্ছেন।

গোল্ডেন বলের দৌড়ে এরপর রয়েছেন রদ্রির সতীর্থ লামিনে ইয়ামাল ও মিকেল ওইয়ারসাবাল, ইংল্যান্ডের মিডফিল্ডার জুড বেলিংহাম এবং ফ্রান্সের তারকা কিলিয়ান এমবাপে।

স্পেনকে ফাইনালে তুলতে রদ্রির অবদান গুরুত্বপূর্ণ হলেও ব্যক্তিগত পারফরম্যান্সে মেসি রয়েছেন এগিয়ে। বেশি গোল, বেশি অ্যাসিস্ট এবং নকআউট পর্বে একের পর এক ম্যাচে প্রভাব বিস্তার করা পারফরম্যান্স—সব মিলিয়ে এবারের গোল্ডেন বলের সবচেয়ে বড় দাবিদার এখন সেই লিওনেল মেসিই।

হাওরের পরিবেশ রক্ষায় করিমগঞ্জ উপজেলা প্রশাসনের ব্যতিক্রমী উ…
  • ০৯ আগস্ট ২০২৬
এসএসসি রেজাল্টের পর শিক্ষার্থীদের করণীয়
  • ০৯ আগস্ট ২০২৬
কমলাপুর স্টেডিয়ামের বেহাল দশা দেখে ক্ষুব্ধ প্রতিমন্ত্রী, ব…
  • ০৯ আগস্ট ২০২৬
৪২ ঋণখেলাপীর পাচারকৃত অর্থ উদ্ধারের কার্যক্রম শুরু
  • ০৯ আগস্ট ২০২৬
বিএনপির এমপিরাও আমাকে ভোট দেবেন: কর্নেল ওলি
  • ০৯ আগস্ট ২০২৬
হবিগঞ্জে লরি-ট্রাক-সিএনজির ত্রিমুখী সংঘর্ষে নিহত ২
  • ০৯ আগস্ট ২০২৬