ফ্রান্স নাকি স্পেন, কে যাবে ফাইনালে—জানাল সুপারকম্পিউটার

১৪ জুলাই ২০২৬, ০১:৫৬ PM
লামিন ইয়ামাল ও এমবাপ্পে

লামিন ইয়ামাল ও এমবাপ্পে © টিডিসি ফটো

বিশ্বকাপ ২০২৬-এর প্রথম সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই পরাশক্তি ফ্রান্স ও স্পেন। মঙ্গলবার (১৪ জুলাই) দিবাগত রাতে ডালাস স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই লড়াই। দুই দলের শক্তি, সাম্প্রতিক পারফরম্যান্স ও তারকাদের উপস্থিতিতে ম্যাচটি নিয়ে উত্তেজনা তুঙ্গে। তবে মাঠে খেলা শুরুর আগেই পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষণ জানিয়ে দিয়েছে, ফাইনালে ওঠার দৌড়ে সামান্য এগিয়ে রয়েছে ফ্রান্স।

পরিসংখ্যান বিশ্লেষক প্রতিষ্ঠান অপটার সুপারকম্পিউটার ২৫ হাজার সিমুলেশন চালিয়ে এই ম্যাচের সম্ভাব্য ফলাফল বিশ্লেষণ করেছে। তাদের হিসাবে, নির্ধারিত ৯০ মিনিটে ফ্রান্সের জয়ের সম্ভাবনা ৪৩ দশমিক ৯ শতাংশ। স্পেনের জয়ের সম্ভাবনা ২৯ শতাংশ। আর ম্যাচটি অতিরিক্ত সময়ে গড়ানোর সম্ভাবনা ২৭ দশমিক ১ শতাংশ।

শুধু সেমিফাইনাল নয়, পুরো টুর্নামেন্টের হিসাবেও এগিয়ে রাখা হয়েছে ফ্রান্সকে। অপটার বিশ্লেষণ অনুযায়ী, ফ্রান্সের ফাইনালে ওঠার সম্ভাবনা ৫৭ দশমিক ১ শতাংশ। একই সঙ্গে বিশ্বকাপ জয়ের সম্ভাবনাও সবচেয়ে বেশি, ৩৪ দশমিক ৬ শতাংশ। অন্যদিকে স্পেনের শিরোপা জয়ের সম্ভাবনা ধরা হয়েছে ২৩ দশমিক ৮ শতাংশ।

এই ম্যাচে আরেকটি বড় রেকর্ড গড়ার অপেক্ষায় আছেন ফ্রান্সের প্রধান কোচ দিদিয়ের দেশম। বিশ্বকাপে এটি হবে তার কোচ হিসেবে ২৬তম ম্যাচ। এর মাধ্যমে তিনি জার্মানির কিংবদন্তি কোচ হেলমুট শ্যোনকে ছাড়িয়ে বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ পরিচালনার নতুন রেকর্ড গড়বেন।

অন্যদিকে স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তেও দুর্দান্ত ধারাবাহিকতা ধরে রেখেছেন। তার অধীনে বিশ্বকাপ ও ইউরো মিলিয়ে টানা ১৩ ম্যাচ অপরাজিত রয়েছে স্পেন।

কোয়ার্টার ফাইনালে মরক্কোকে ২-০ গোলে হারিয়ে টানা ষষ্ঠ জয় তুলে নিয়েছে ফ্রান্স। এবার তাদের সামনে টানা সপ্তম জয় পাওয়ার সুযোগ। এর আগে ইউরোপের দল হিসেবে এই কীর্তি গড়তে পেরেছিল শুধু ইতালি। পাশাপাশি টানা তৃতীয় বিশ্বকাপ ফাইনালে ওঠার হাতছানিও রয়েছে দেশমের দলের সামনে।

আরও পড়ুনঃ লামিন ইয়ামাল জ্বলে উঠবেন নাকি ফের এমবাপ্পের মাস্টারক্লাস

এবারের বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে রয়েছেন ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। ছয় ম্যাচে আট গোল করে তিনি গোল্ডেন বুটের দৌড়ে শীর্ষে আছেন। নকআউট পর্বে তার ১২ গোল ইতোমধ্যেই বিশ্বকাপ ইতিহাসে নতুন রেকর্ড। উইঙ্গার ওসমান দেম্বেলের সঙ্গে তার বোঝাপড়াও ফ্রান্সের আক্রমণভাগকে আরও ভয়ংকর করে তুলেছে।

অন্যদিকে এবারের বিশ্বকাপে অন্যতম সেরা রক্ষণভাগ গড়ে তুলেছে স্পেন। পুরো টুর্নামেন্টে তারা মাত্র একটি গোল হজম করেছে। কোয়ার্টার ফাইনালে বদলি হিসেবে নেমে মিকেল মেরিনোর জয়সূচক গোলে সেমিফাইনাল নিশ্চিত করে লা রোহা। টানা দুই নকআউট ম্যাচে বদলি হিসেবে নেমে জয়সূচক গোল করে বিশ্বকাপ ইতিহাসেও নতুন নজির গড়েছেন এই মিডফিল্ডার।

বড় টুর্নামেন্টে স্পেনের ধারাবাহিক পারফরম্যান্সও ঈর্ষণীয়। ২০১৮ সালের পর থেকে শেষ ২৭ ম্যাচে তাদের হার মাত্র একটি। ২০২২ বিশ্বকাপে জাপানের কাছে হারের পর থেকে বিশ্বকাপ ও ইউরো মিলিয়ে টানা ১৪ ম্যাচ অপরাজিত রয়েছে স্প্যানিশরা।

বিশ্বকাপে ফ্রান্স ও স্পেন এর আগে মাত্র একবার মুখোমুখি হয়েছে। ২০০৬ সালের বিশ্বকাপের শেষ ষোলোর সেই ম্যাচে ৩-১ গোলে জয় পেয়েছিল ফ্রান্স। তবে সাম্প্রতিক লড়াইয়ে এগিয়ে স্পেন। দুই দলের সর্বশেষ ১০ ম্যাচের মধ্যে সাতটিতে জয় পেয়েছে স্প্যানিশরা, একটি ম্যাচ ড্র হয়েছে এবং দুটি ম্যাচে জিতেছে ফ্রান্স। ইউরো ২০২৪-এর সেমিফাইনাল ও ২০২৫ সালের নেশন্স লিগেও ফ্রান্সকে হারিয়েছে স্পেন।

পরিসংখ্যান, সাম্প্রতিক ফর্ম, ইতিহাস এবং তারকাদের পারফরম্যান্স—সবকিছু মিলিয়ে বিশ্বকাপের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচগুলোর একটি হতে যাচ্ছে ডালাসের এই সেমিফাইনাল। সুপারকম্পিউটার কাগজে-কলমে ফ্রান্সকে এগিয়ে রাখলেও শেষ পর্যন্ত কে ফাইনালের টিকিট কাটবে, তার উত্তর মিলবে মাঠের ৯০ মিনিটের লড়াইয়েই।

ছাত্রলীগ সরকারের পক্ষে ছিল, ছাত্রদল শিক্ষার্থীদের পক্ষে: না…
  • ১৪ জুলাই ২০২৬
৪ বছর পর জাতীয় দলে ফিরেই বড় সুখবর পেলেন মোসাদ্দেক
  • ১৪ জুলাই ২০২৬
শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা স্থগিতের দাবিতে কুড়িগ্রাম…
  • ১৪ জুলাই ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজিবি মোতায়েন
  • ১৪ জুলাই ২০২৬
আন্দোলনের মধ্যেই এইচএসসির পরবর্তী পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত জা…
  • ১৪ জুলাই ২০২৬
শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ময়মনসিংহে শিক্ষার্থীদের বিক্ষ…
  • ১৪ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence