আর্জেন্টিনার অনুশীলনে চিন্তামগ্ন স্কালোনি © সংগৃহীত
মিশরের বিপক্ষে নাটকীয় প্রত্যাবর্তনের পর ম্যাচের উত্তেজনা, হতাশা ও আবেগ এখন অতীত। আর্জেন্টিনা জাতীয় দলে ফিরেছে শান্ত ও স্বস্তির পরিবেশ। সম্প্রতি উন্মুক্ত অনুশীলনেও এরই প্রতিফলন দেখা গেছে। হাসি-ঠাট্টা আর প্রাণবন্ত পরিবেশে মূল একাদশের খেলোয়াড়দের বেশ স্বচ্ছন্দ দেখা গেছে। তবে মাঠের বাইরের এই স্বস্তির মধ্যেই সুইজারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের পরিকল্পনা সাজাতে শুরু করেছেন কোচ লিওনেল স্কালোনি।
কানসাস সিটি স্টেডিয়ামে আবারও মাঠে নামবে আলবিসেলেস্তেরা, লক্ষ্য থাকবে শক্তিশালী পারফরম্যান্সের মাধ্যমে ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নেওয়া। সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ নিয়ে এখনো কিছু প্রশ্ন রয়ে গেছে। তবে বর্তমান পরিস্থিতি অনুযায়ী, মিশরের বিপক্ষে খেলা মূল খেলোয়াড়দের নিয়েই মাঠে নামার পরিকল্পনা করছেন স্কালোনি।
মিশরের বিপক্ষে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে স্কালোনি বলেছিলেন, প্রায় ৮০ মিনিট পর্যন্ত ০-২ গোলে পিছিয়ে থাকার পরও দল বলের নিয়ন্ত্রণ ধরে রেখেছিল এবং গোল করার মতো পরিষ্কার সুযোগ তৈরি করেছিল। কোচিং স্টাফের মতে, সমস্যাটা ছিল সুযোগ কাজে লাগানো এবং রক্ষণভাগের কিছু ভুলে।
সে কারণেই বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা কম। তবে ম্যাচভিত্তিক কৌশলের অংশ হিসেবে এক-দুটি পরিবর্তন আসতে পারে। এর মধ্যে সবচেয়ে বড় প্রশ্ন রাইট-ব্যাকে নাহুয়েল মলিনা খেলবেন, নাকি গঞ্জালো মন্তিয়েল; আর আক্রমণভাগে হুলিয়ান আলভারেজ থাকবেন, নাকি লাউতারো মার্তিনেজ।
শেষ ষোলোতে মলিনা ও আলভারেজ কেউই নিজেদের সেরা ছন্দে ছিলেন না। অন্যদিকে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নেমে মন্তিয়েল ও মার্তিনেজ গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেন। বিশেষ করে লাউতারো মার্তিনেজ ছিলেন আলোচনায়। তিনি দ্বিতীয় গোলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি তৃতীয় গোলের জন্য দুর্দান্ত অ্যাসিস্ট করেন।
এ কারণে শুরুর একাদশে পরিবর্তনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে প্রতিযোগিতার কঠিন পরিস্থিতি বিবেচনায় বড় ধরনের রদবদল করতে চান না স্কালোনি।
সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে বৃহস্পতিবার ও শুক্রবারের শেষ দুই অনুশীলনে খেলোয়াড়দের নিয়ে পরীক্ষা চালাবেন আর্জেন্টিনা কোচ। এসব অনুশীলনের ফল এবং মিশরের বিপক্ষে পারফরম্যান্স বিবেচনা করেই তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।
স্কালোনির অতীত কৌশল অনুযায়ী, আগের ম্যাচে যে বিষয়গুলোতে ঘাটতি দেখা গেছে সেগুলো বিবেচনায় এক বা দুটি পরিবর্তন আসতে পারে। তবে আর্জেন্টিনার মূল কাঠামো অপরিবর্তিত থাকার সম্ভাবনাই বেশি।
সম্ভাব্য শুরুর একাদশ- এমিলিয়ানো মার্টিনেজ; নাহুয়েল মোলিনা বা গঞ্জালো মন্টিয়েল , ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো; রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, লিয়েন্দ্রো পেরেদেস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার; লিওনেল মেসি এবং জুলিয়ান আলভারেজ বা লাউতারো মার্টিনেজ।