ফ্রান্সের বিপক্ষে ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেল মরক্কো

০৯ জুলাই ২০২৬, ০৯:১০ AM
সাইবারি

সাইবারি © টিডিসি ফটো

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের আগে বড় ধাক্কা খেল মরক্কো। দলের সবচেয়ে নির্ভরযোগ্য পারফরমারদের একজন ইসমাইল সাইবারিকে ছাড়াই ফ্রান্সের বিপক্ষে মাঠে নামতে হবে আফ্রিকার প্রতিনিধিদের। হ্যামস্ট্রিং চোটের কারণে এই গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারবেন না ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ড। তবে স্বস্তির খবর, তার চোট গুরুতর নয় এবং বিশ্বকাপের বাকি অংশ থেকেও তিনি ছিটকে যাচ্ছেন না।

মরক্কোর প্রধান কোচ মোহাম্মদ ওয়াহবি ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে সাইবারির না খেলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সাইবারি ছাড়া সবাইকে আমরা পাচ্ছি। এই ম্যাচটি তার জন্য খুব তাড়াতাড়ি চলে এসেছে। তবে আশা করছি, পুরো টুর্নামেন্ট থেকেই সে ছিটকে পড়বে না।’

এরপর তিনি আরও বলেন, ‘দলের সবাই প্রস্তুত রয়েছে। তবে আমরা শুধু শতভাগ ফিট খেলোয়াড়দেরই মাঠে নামাব।’

গত শনিবার হিউস্টনে অনুষ্ঠিত শেষ ষোলোর ম্যাচে কানাডাকে ৩-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে মরক্কো। তবে ম্যাচের ২২ মিনিটেই হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি অনুভব করলে সাইবারিকে মাঠ ছাড়তে হয়। এরপর কয়েক দিন ধরে তার চোটের মাত্রা নির্ণয়ে ধারাবাহিকভাবে চিকিৎসা পরীক্ষা ও পর্যবেক্ষণ করা হয়।

দল বোস্টনে পৌঁছানোর পর সোমবার তার এমআরআই করা হয়। পরীক্ষার ফলাফলে জানা যায়, চোটটি গুরুতর নয়। তাই ফ্রান্সের বিপক্ষে না খেললেও টুর্নামেন্টের পরবর্তী পর্যায়ে তাকে পাওয়ার আশা ছাড়ছে না মরক্কো।

এবারের বিশ্বকাপে মরক্কোর হয়ে এখন পর্যন্ত সবচেয়ে আলো ছড়ানো খেলোয়াড়দের একজন সাইবারি। গ্রুপ পর্বে তিনি ব্রাজিলের বিপক্ষে প্রথম গোল করেন, স্কটল্যান্ডের বিপক্ষে জয়সূচক গোল উপহার দেন এবং হাইতির বিপক্ষে সমতাসূচক গোল করেন।

শেষ বত্রিশের ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে টাইব্রেকারে জয়সূচক পেনাল্টিও নেন তিনি। গোলটি ছিল তার জন্য বিশেষ আবেগের, কারণ এখন পর্যন্ত পুরো ক্লাব ক্যারিয়ার তিনি নেদারল্যান্ডসের ক্লাব পিএসভি আইন্দহোভেনেই কাটিয়েছেন।

বিশ্বকাপ শুরুর ঠিক আগে, গত ১ জুলাই দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে ৫ কোটি ইউরো ট্রান্সফার ফিতে বায়ার্ন মিউনিখে যোগ দেন সাইবারি। এই দলবদলের মাধ্যমে তিনি আশরাফ হাকিমির পর মরক্কোর ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ দামী ফুটবলার হন।

কানাডার বিপক্ষে সাইবারির পরিবর্তে মাঠে নেমেছিলেন সুফিয়ান রহিমি। ফ্রান্সের বিপক্ষেও আক্রমণভাগে শুরুর একাদশে তাকেই দেখা যাওয়ার সম্ভাবনা বেশি। তবে ওয়াহবির বিশ্বাস, শুধু একজন খেলোয়াড়ের ওপর নির্ভর না করে পুরো স্কোয়াডের শক্তি দিয়েই শক্তিশালী ফ্রান্সকে চ্যালেঞ্জ জানাতে পারবে তার দল।

তিনি বলেন, ‘কোনো প্রতিযোগিতায় অনেক দূর যেতে চাইলে পুরো দলকে দরকার হয়। যারা শুরুর একাদশে থাকে না, তারাও জানে ম্যাচের শেষ দিকে নেমে পার্থক্য গড়ে দেওয়ার সুযোগ তাদের থাকবে।’

ওয়াহবি আরও বলেন, ‘আমাদের প্রথম একাদশ আছে, আবার বেঞ্চ থেকেও এমন খেলোয়াড়রা নামে, যারা মাঠে নেমে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। এটা পুরো দলের জন্য ইতিবাচক বিষয় এবং আমাদের অনেক আত্মবিশ্বাস দেয়।’

তবে সাইবারির অনুপস্থিতির মাঝেও মরক্কো কিছুটা স্বস্তি পাচ্ছে আরেকটি কারণে। সেন্টারব্যাক শাদি রিয়াদের ফ্রান্সের বিপক্ষে ফেরার সম্ভাবনা জোরালো হয়েছে। নায়েফ আগুয়ের্দ শেষ মুহূর্তে বিশ্বকাপ দল থেকে বাদ পড়ার পর রিয়াদই প্রথম পছন্দের সেন্টারব্যাক হিসেবে খেলছিলেন এবং ইসা দিয়পের সঙ্গে দারুণ বোঝাপড়াও গড়ে তুলেছিলেন।

কানাডার বিপক্ষে অজ্ঞাত একটি চোটের কারণে তিনি খেলতে পারেননি। তার বদলে খেলেন রেদুয়ান হালহাল, তবে প্রত্যাশা পূরণ করতে পারেননি। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ফ্রান্সের বিপক্ষে আবারও শুরুর একাদশে ফিরবেন রিয়াদ।

২০২২ কাতার বিশ্বকাপের সেমিফাইনালের পর এবারই প্রথমবারের মতো ফ্রান্সের মুখোমুখি হচ্ছে মরক্কো। চার বছর আগে ফরাসিদের কাছে হেরে বিদায় নিলেও আফ্রিকার প্রথম দল হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার ইতিহাস গড়েছিল মরক্কো। এবার সেই স্মৃতি পেছনে ফেলে প্রতিশোধ নেওয়ার লক্ষ্য নিয়েই মাঠে নামবে আটলাস লায়ন্সরা।

টানা বৃষ্টি-পাহাড়ি ঢলে চকরিয়া-মাতামুহুরীতে পানিবন্দি ২ লাখ…
  • ০৯ জুলাই ২০২৬
হাইকোর্টের রায় বহাল, সংবিধানে ফিরল গণভোট ও তত্ত্বাবধায়ক সরক…
  • ০৯ জুলাই ২০২৬
ঋণের বোঝা কাঁধে নিয়ে প্রথমবার সাগরে, আর বাড়ি ফেরা হলো না আক…
  • ০৯ জুলাই ২০২৬
মেসির সঙ্গেই কি বাগবিতণ্ডায় জড়ান মিসরের কোচ, যে দৃশ্য টিভিত…
  • ০৯ জুলাই ২০২৬
ভয়াবহ বন্যা-পাহাড়ধসে ৬ দিনে শিক্ষার্থীসহ প্রাণ গেল ১৯ জনের
  • ০৯ জুলাই ২০২৬
ফ্রান্সের বিপক্ষে ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেল মরক্কো
  • ০৯ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence