ফ্রান্সের সাবেক তারকা ফুটবলার ইউরি জর্কায়েফ © টিডিসি ফটো
২০২৬ বিশ্বকাপের শেষ ষোলো থেকে ব্রাজিলের বিদায়ের পর দলটির পারফরম্যান্স নিয়ে তীব্র সমালোচনা করেছেন ফ্রান্সের সাবেক তারকা ফুটবলার ইউরি জর্কায়েফ। তার মতে, বর্তমান ব্রাজিল দল আধুনিক ফুটবলের মান কতটা নিচে নেমে গেছে, তারই একটি উদাহরণ।
ফরাসি গণমাধ্যম আরএমসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ১৯৯৮ সালের বিশ্বকাপজয়ী ও ইউরো চ্যাম্পিয়ন এই সাবেক ফরোয়ার্ড বলেন, নরওয়ের বিপক্ষে ব্রাজিলের খেলা এতটাই হতাশাজনক ছিল যে, তা দেখে তার ‘বমি করতে ইচ্ছা করে’। পর্তুগিজ গণমাধ্যম ‘ও বলো’।
জর্কায়েফের মতে, বর্তমান ফুটবলে আগের মতো প্রযুক্তিগতভাবে দক্ষ খেলোয়াড়ের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। তরুণ ফুটবলারদের ক্লাব পর্যায়ে নিজেদের প্রতিভা প্রকাশের পর্যাপ্ত সুযোগ না দেওয়াও এর অন্যতম কারণ বলে মনে করেন তিনি। তার ভাষায়, এই সংকটের সবচেয়ে বড় উদাহরণ এখন ব্রাজিল।
তিনি বলেন, ‘আমার মনে হয় আমরা অনেক গুণগত মান হারিয়েছি। তরুণদের ক্লাবে নিজেদের প্রকাশ করার সুযোগ দিতে হবে, কারণ এখন আর প্রযুক্তিগতভাবে প্রতিভাবান খেলোয়াড় দেখা যায় না। আপনারা কি ব্রাজিল-নরওয়ে ম্যাচ দেখেছেন? ওই ব্রাজিল দলকে দেখে বমি করতে ইচ্ছা করে। ৩৪ বছর বয়সী নেইমার, যে প্রায় পাঁচ বছর ধরে নিয়মিত খেলেনি, শেষ দিকে এসে একমাত্র কিছু করার চেষ্টা করেছে। কিন্তু প্রযুক্তিগতভাবে দক্ষ ব্রাজিলিয়ান ফুটবলাররা কোথায়? আমাকে প্যাকেতা বা অন্য কাউকে দেখিয়ে বোঝানোর চেষ্টা করবেন না। এটা একেবারেই হাস্যকর।’
নরওয়ের দ্বিতীয় গোলের সময় ব্রাজিলের রক্ষণভাগের নিষ্ক্রিয় ভূমিকাও সমালোচনা করেন জর্কায়েফ। তার মতে, ব্রাজিলের ডিফেন্ডাররা আর্লিং হালান্ডকে অস্বাভাবিকভাবে বেশি সময় ও জায়গা দিয়েছেন, যা আন্তর্জাতিক পর্যায়ের ফুটবলে অগ্রহণযোগ্য।
তিনি বলেন, ‘হালান্ড বল নিয়ন্ত্রণ করার পর শট নেওয়ার আগে অনেক সময় এবং জায়গা পেয়েছে। আগে হলে ডিফেন্ডাররা স্ট্রাইকারের অনেক কাছাকাছি থাকত।’
শুধু রক্ষণভাগ নয়, আক্রমণভাগের ব্যর্থতাও তুলে ধরেন এই সাবেক ফরাসি তারকা। গোলশূন্য অবস্থায় ব্রাজিলের তরুণ ফরোয়ার্ড এন্দ্রিক যে সহজ সুযোগ নষ্ট করেছেন, সেটিকে তিনি তুলনা করেন কিংবদন্তি রোনালদো নাজারিওর খেলার ধাঁচের সঙ্গে।
তিনি বলেন, ‘এন্দ্রিক পুরোপুরি ফাঁকা অবস্থায় শুধু বলটাকে ঠেলে মারার চেষ্টা করেছে। যদি সেখানে রোনালদো থাকত, তাহলে সে গোলরক্ষককে কাটিয়ে বল জালে পাঠাত।’
জর্কায়েফের এই মন্তব্য ইতোমধ্যেই ব্রাজিলের ফুটবল মহলে ব্যাপক আলোচনা তৈরি করেছে। বিশ্বকাপ থেকে হতাশাজনক বিদায়ের পর দলটির পারফরম্যান্স, খেলোয়াড়দের মান এবং ভবিষ্যৎ নিয়ে যখন প্রশ্ন উঠছে, তখন একজন বিশ্বকাপজয়ী ফুটবলারের এমন কঠোর সমালোচনা সেই বিতর্ককে আরও উসকে দিয়েছে।